ফেনীর ছাগলনাইয়া পৌর শহরে ভেজালবিরোধী অভিযান চালিয়ে নকল মেলামাইন প্লেট বিক্রি, মূল্যতালিকা না রাখা, অতিরিক্ত দামে পণ্য বিক্রি ও সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে কাওড়া জল বিক্রিসহ বিভিন্ন অনিয়মের অভিযোগে চার ব্যবসায়ীকে মোট ১৯ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
আজ ২২ নভেম্বর দুপুরে ছাগলনাইয়া পৌর শহরের বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠানে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন ফেনী জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. আছাদুল ইসলাম।
অভিযান সূত্রে জানা যায়, বিভিন্ন দোকানে পণ্যের মান, মূল্য ও বিক্রয় কার্যক্রম তদারকি করা হয়। এ সময় নকল মেলামাইন প্লেট বিক্রি, দোকানে পণ্যের মূল্যতালিকা প্রদর্শন না করা, নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে পণ্য বিক্রি এবং সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে কাওড়া জল বিক্রির অনিয়ম পাওয়া যায়।
এসব অপরাধে মহি উদ্দিনকে ৫ হাজার টাকা, একে খালেদ সুপার শপকে ৮ হাজার টাকা, শহীদ উদ্দিনকে ৪ হাজার টাকা এবং মো. মোশাররফ হোসেনকে ২ হাজার টাকা জরিমানা করা হয়। চার প্রতিষ্ঠানকে সর্বমোট ১৯ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
অভিযান চলাকালে ব্যাটালিয়ন আনসার সদস্যরা উপস্থিত থেকে সার্বিক সহযোগিতা করেন।
ফেনী জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. আছাদুল ইসলাম বলেন, ভোক্তাদের স্বার্থ রক্ষা, নকল ও ভেজাল পণ্যের বিস্তার রোধ এবং বাজারে পণ্যের সঠিক মূল্য নিশ্চিত করতে এ ধরনের অভিযান পরিচালনা করা হচ্ছে। ভেজাল ও অনিয়মের বিরুদ্ধে ফেনী জেলাব্যাপী এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের এ ধরনের তদারকিমূলক অভিযানকে স্বাগত জানিয়েছেন সচেতন মহল। তাঁদের মতে, বাজারে নকল ও নিম্নমানের পণ্য বিক্রি বন্ধ, পণ্যের সঠিক মূল্য নিশ্চিত এবং ভোক্তাদের প্রতারণার হাত থেকে রক্ষা করতে নিয়মিত অভিযান ও নজরদারি আরও জোরদার করা প্রয়োজন।