ময়মনসিংহের গৌরীপুর-কলতাপাড়া সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা খেয়ে এক ট্রাকচালকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় ট্রাকের হেলপারসহ আরও তিনজন আহত হয়েছেন।
রোববার (২২ নভেম্বর) ভোর আনুমানিক ৩টার দিকে গৌরীপুর পৌরসভা পার হয়ে গুজিখাঁ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বিসমিল্লাহ ব্রিকস ফিল্ডের সামনে পৌঁছালে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা একটি বড় রেন্ট্রি গাছের সঙ্গে সজোরে ধাক্কা খায়।
নিহত ট্রাকচালকের নাম মো. ইউনুছ (৪৫)। তিনি পঞ্চগড় সদর উপজেলার জগধর গ্রামের আব্দুর রউফের ছেলে। দুর্ঘটনায় তার মাথায় গুরুতর আঘাত লাগে।
আহতদের মধ্যে হেলপার আরিফের (২৫) পায়ে গুরুতর কাটা জখম হয়েছে। ট্রাকে থাকা অপর দুই শ্রমিক সামান্য আহত হয়েছেন। দুর্ঘটনাকবলিত ট্রাকের নম্বর চুয়াডাঙ্গা-ট-১১-০৪০৭।
প্রত্যক্ষদর্শীরা জানান, বালুবাহী ট্রাকটি পঞ্চগড় থেকে গৌরীপুরে এসেছিল। বালু নামিয়ে খালি অবস্থায় ফেরার পথে এ দুর্ঘটনা ঘটে। ধাক্কায় ট্রাকের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়।
খবর পেয়ে ভোর পৌনে ৪টার দিকে গৌরীপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে হতাহতদের উদ্ধার করে গৌরীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক চালক ইউনুছকে মৃত ঘোষণা করেন।
গৌরীপুর থানার সেকেন্ড অফিসার এসআই মোস্তাফিজ জানান, লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি শেষে স্বজনদের আবেদনের প্রেক্ষিতে বিনা ময়নাতদন্তে মরদেহ হস্তান্তর করা হয়েছে। দুর্ঘটনাকবলিত ট্রাকটি পুলিশের হেফাজতে রয়েছে। সড়কে যান চলাচল বর্তমানে স্বাভাবিক রয়েছে।
গৌরীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান জানান, চালক নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনায় পড়েন। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় মালিকপক্ষ বা সংশ্লিষ্ট কেউ মামলা করতে চাইলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।