বগুড়ার সোনাতলা উপজেলার যমুনা ও বাঙালি নদীর বিস্তীর্ণ চরাঞ্চলে এবার আগাম জাতের কাঁচামরিচের আশাব্যঞ্জক ফলন হয়েছে। সবুজে ভরে উঠেছে মাঠ। তবে বাজারে মরিচের সরবরাহ বেশি থাকায় এবং পর্যাপ্ত পাইকারের অভাবে দামে বড় ধরনের ধস নেমেছে। কাঙ্ক্ষিত দাম না পাওয়ায় উৎপাদন খরচ তোলা নিয়ে চরম দুশ্চিন্তায় পড়েছেন স্থানীয় চাষিরা।
দেশজুড়ে বগুড়ার ঝাল মরিচের আলাদা কদর রয়েছে। বর্তমানে উপজেলার পূর্বাঞ্চলের চরাঞ্চলগুলোতে আগাম মরিচ তোলা এবং রবি মৌসুমের গাছের পরিচর্যায় ব্যস্ত সময় পার করছেন কৃষকরা। সরেজমিনে সোনাতলার তেকানী ও পাকুল্লা হাট ঘুরে দেখা যায়, বাজারে মরিচের আমদানি প্রচুর হলেও ক্রেতা বা পাইকার তুলনামূলক কম। ফলে প্রতি মণ কাঁচামরিচ মাত্র ৫০০ থেকে ৬০০ টাকা দরে বিক্রি হচ্ছে।
চাষিরা জানান, বর্তমান বাজারদরে মরিচ বিক্রি করে শ্রমিকের মজুরি ও পরিবহন খরচই উঠছে না। তবুও গাছের নতুন ফুল রক্ষা এবং পরবর্তী ফলন ঠিক রাখতে লোকসান জেনেও জমি থেকে মরিচ তুলে ফেলতে হচ্ছে।
উপজেলা কৃষি অফিসের তথ্যমতে, চলতি মৌসুমে সোনাতলায় ৯১০ হেক্টর জমিতে মরিচ চাষের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। কৃষকরা স্থানীয় ঐতিহ্যবাহী ‘বগুড়া মরিচ’-এর পাশাপাশি অধিক ফলনশীল বিজলী প্লাস, নবীন ও ১৭০১ জাতের হাইব্রিড মরিচ আবাদ করেছেন। দেশি জাতের মরিচে ঝাল বেশি হলেও হাইব্রিড জাতের ফলন তুলনামূলক অনেক বেশি।
পূর্ব তেকানী গ্রামের কৃষক শাহিন জানান, অনুকূল আবহাওয়ার কারণে এবার মৌসুমের শুরুতেই ভালো ফলন হয়েছে। গত বছরের লাভের আশায় এবার তিনি প্রায় ৪ বিঘা জমিতে মরিচ চাষ করেছেন। কিন্তু সার, বীজ ও কীটনাশকের বর্তমান দাম অনুযায়ী প্রতি মণ মরিচ ১ হাজার ৫০০ থেকে ২ হাজার টাকায় বিক্রি করতে না পারলে তাকে বড় ধরনের লোকসান গুনতে হবে।
অন্যদিকে, ৬৫ বছর বয়সী কৃষাণী মাহফুজা বেগম আক্ষেপ করে বলেন, গত মৌসুমে ভালো দাম পাওয়ায় এবার ধারদেনা করে মরিচ চাষ করেছিলেন। কিন্তু এখন বাজারে যে দাম চলছে, তাতে শ্রমিক নেওয়ার সামর্থ্য না থাকায় নিজেই মরিচ তুলছেন। এই অবস্থা চলতে থাকলে পরিবার নিয়ে পথে বসতে হবে বলে তিনি আশঙ্কা করছেন।
এ বিষয়ে সোনাতলা উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সোহরাব হোসেন বলেন, "চলতি মৌসুমে মরিচের ফলন বেশ ভালো হয়েছে। সাধারণত বাড়তি লাভের আশায় কৃষকরা আগাম মরিচ চাষ করেন। তবে বর্তমানে বাজারদর কম হওয়ায় কৃষকরা কিছুটা হতাশ। আশা করছি, দ্রুতই বাজার পরিস্থিতির উন্নতি হবে এবং কৃষকরা ন্যায্যমূল্য পাবেন।"