খাগড়াছড়ি সদর উপজেলার শালবন এলাকায় মাটির নিচ থেকে উদ্ধার করা ৮২ মিমি মর্টারশেলটি নিয়ন্ত্রিত বিস্ফোরণের মাধ্যমে ধ্বংস করেছে সেনাবাহিনীর বোমা ডিসপোজাল ইউনিট।
শনিবার (২১ নভেম্বর) সকালে খাগড়াছড়ি সদর জোনের ১৮ বেঙ্গলের বোমা ডিসপোজাল ইউনিট মর্টারশেলটি সদর উপজেলার খবংপুড়িয়া এলাকায় চেঙ্গী নদীর তীরে নির্জন স্থানে নিয়ে যায়। সেখানে নিয়ন্ত্রিত বিস্ফোরণের মাধ্যমে এটি ধ্বংস করা হয়।
এর আগে, গত শুক্রবার বিকেলে খাগড়াছড়ি সদর উপজেলার শালবন পল্লীটিলা এলাকায় সেপটিক ট্যাংক নির্মাণের জন্য মাটি খননের সময় মর্টারশেলটি দেখতে পান স্থানীয়রা। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সেটি উদ্ধার করেন।
খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কায় কিসলু জানান, মাটির নিচ থেকে পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা মর্টারশেলটির ব্যাস ৮২ মিমি। তবে এটি কোন সময়ের এবং কারা ব্যবহার করত, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।