নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি আবাসিক ফ্ল্যাটে জমে থাকা গ্যাস থেকে বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনায় একই বাসার চার পোশাকশ্রমিক দগ্ধ হয়েছেন। তাঁদের মধ্যে দুজন স্বামী-স্ত্রী। দগ্ধ চারজনের অবস্থাই গুরুতর বলে জানা গেছে।
শনিবার (২১ নভেম্বর) ভোর ৪টার দিকে ফতুল্লা থানাধীন পশ্চিম মাসদাইর এলাকার সরদারবাড়ি মসজিদসংলগ্ন আসলাম মিয়ার চারতলা ভবনের নিচতলার একটি ফ্ল্যাটে এ দুর্ঘটনা ঘটে। দগ্ধদের উদ্ধার করে প্রথমে নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালে নেওয়া হয়। পরে তাঁদের উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়।
দগ্ধ ব্যক্তিরা হলেন রংপুরের বদরগঞ্জ থানার কুমারপাড়া এলাকার আমজাদ হোসেনের দুই ছেলে শাহীন আলম (৩০) ও সাহেদ আলী (২৫) এবং নীলফামারীর সৈয়দপুর থানার বাঙালিপুর নিচপাড়া এলাকার মৃত তৌসির উদ্দিনের ছেলে মো. হোসেন (২৪) ও মেয়ে লীমা আক্তার (২৬)। তাঁদের মধ্যে শাহীন আলম ও লীমা আক্তার স্বামী-স্ত্রী। তাঁরা সবাই স্থানীয় একটি পোশাক কারখানায় কাজ করতেন এবং ওই ফ্ল্যাটে একসঙ্গে বসবাস করতেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, দুর্ঘটনার সময় ফ্ল্যাটের দরজা-জানালা বন্ধ ছিল। ধারণা করা হচ্ছে, রাতে গ্যাসের লাইনে লিকেজ অথবা চুলার চাবি খোলা থাকায় ঘরের ভেতরে গ্যাস জমে যায়। ভোর ৪টার দিকে রান্নার জন্য লীমা আক্তার দিয়াশলাই দিয়ে চুলা জ্বালাতে গেলে জমে থাকা গ্যাসে বিস্ফোরণ ঘটে। এরপর মুহূর্তেই ঘরে আগুন ছড়িয়ে পড়ে। এতে ফ্ল্যাটে থাকা চারজন দগ্ধ হন। আগুনে দরজা-জানালাসহ ঘরের আসবাবপত্রও পুড়ে যায়।
বিস্ফোরণের শব্দ ও চিৎকার শুনে প্রতিবেশীরা ছুটে এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। পরে স্থানীয় বাসিন্দা ও দগ্ধদের স্বজনেরা তাঁদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। প্রথমে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। অবস্থার অবনতি হওয়ায় পরে তাঁদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে পাঠানো হয়। বর্তমানে তাঁরা সেখানে চিকিৎসাধীন।
এ বিষয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী উপপরিচালক আব্দুল্লাহ আল আরিফিন বলেন, “ঘটনাস্থলে আমাদের একটি টিম কাজ করছে। লিকেজ থেকে গ্যাস জমে এ বিস্ফোরণ ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ক্ষয়ক্ষতির পরিমাণ ও বিস্ফোরণের প্রকৃত কারণ তদন্ত সাপেক্ষে বিস্তারিত জানানো যাবে।”