চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) প্রশাসক ডা. শাহাদাত হোসেন বলেছেন, জনগণের অর্থে পরিচালিত প্রতিটি উন্নয়ন প্রকল্প হতে হবে টেকসই ও মানসম্মত। উন্নয়নকাজের গুণগত মানের সঙ্গে কোনো ধরনের আপস করা যাবে না। নগরবাসী যেন এসব কাজের সুফল দীর্ঘদিন ভোগ করতে পারেন, তা নিশ্চিত করতে হবে। শুক্রবার (২০ নভেম্বর) নগরের ২৭ নম্বর দক্ষিণ আগ্রাবাদ ওয়ার্ডের ছোটপুল এলাকায় চলমান উন্নয়নকাজ পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।
পরিদর্শনকালে প্রশাসক এলাকার উন্নয়নকাজের অগ্রগতি, নির্মাণসামগ্রীর মান ও বাস্তবায়ন পরিস্থিতি সরেজমিনে দেখেন। এ সময় সংশ্লিষ্ট প্রকৌশলী ও কর্মকর্তাদের নির্ধারিত সময়ের মধ্যে মানসম্মত কাজ শেষ করার নির্দেশ দেন।
ডা. শাহাদাত হোসেন বলেন, চট্টগ্রাম নগরের প্রতিটি ওয়ার্ডের সুষম উন্নয়ন নিশ্চিত করতে সিটি করপোরেশন কাজ করছে। কোনো এলাকাকে উন্নয়নের বাইরে রাখা হবে না। নগরবাসীর দীর্ঘদিনের সমস্যা চিহ্নিত করে পর্যায়ক্রমে রাস্তাঘাট, ড্রেনেজ ব্যবস্থা ও প্রয়োজনীয় নাগরিক অবকাঠামোর উন্নয়ন করা হচ্ছে।
প্রশাসক আরও বলেন, শুধু উন্নয়ন প্রকল্প গ্রহণ করলেই হবে না, সেগুলোর যথাযথ বাস্তবায়ন ও কাজের মান নিশ্চিত করাও জরুরি। এ ক্ষেত্রে প্রকৌশলী ও ঠিকাদারি প্রতিষ্ঠানকে সর্বোচ্চ দায়িত্বশীলতার পরিচয় দিতে হবে।
পরিদর্শনকালে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলেন প্রশাসক। এলাকার বিভিন্ন সমস্যা ও নাগরিক প্রত্যাশার বিষয়ে খোঁজখবর নিয়ে নগরের টেকসই উন্নয়ন এবং নাগরিক সেবার মানোন্নয়নে এলাকাবাসীর সহযোগিতা কামনা করেন তিনি।এ সময় চসিকের সংশ্লিষ্ট প্রকৌশলী, কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।