লালমনিরহাটে জাতীয় অ্যারো-জিনিয়াস প্রতিযোগিতার উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

সারাদেশ

অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয়, বাংলাদেশের (এএইউবি) লালমনিরহাট ক্যাম্পাসে দুই দিনব্যাপী প্রথম জাতীয় অ্যারো-জিনিয়াস প্রতিযোগিতা-২০২৬ (এনএজিসি-২০২৬) শুরু হয়েছে। বৃহস্পতিবার প্রতিযোগিতার উদ্বোধনী

2026-11-20T12:28:31+00:00
2026-11-20T12:28:31+00:00
  শনিবার, ২১ নভেম্বর ২০২৬,
৭ অগ্রহায়ণ ১৪৩৩
 
শনিবার, ২১ নভেম্বর ২০২৬
সারাদেশ
লালমনিরহাটে জাতীয় অ্যারো-জিনিয়াস প্রতিযোগিতার উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক
শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬, ১২:২৮ পিএম 
লালমনিরহাটে জাতীয় অ্যারো-জিনিয়াস প্রতিযোগিতার উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয়, বাংলাদেশের (এএইউবি) লালমনিরহাট ক্যাম্পাসে দুই দিনব্যাপী প্রথম জাতীয় অ্যারো-জিনিয়াস প্রতিযোগিতা-২০২৬ (এনএজিসি-২০২৬) শুরু হয়েছে। বৃহস্পতিবার প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে এর আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন প্রধানমন্ত্রী তারেক রহমান, এমপি।

উদ্বোধনী অনুষ্ঠানে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী, শিক্ষামন্ত্রী, ধর্মবিষয়ক প্রতিমন্ত্রী, প্রতিরক্ষা উপদেষ্টা, বাংলাদেশ বিমানবাহিনীর প্রধান, লালমনিরহাট-১ ও লালমনিরহাট-২ আসনের সংসদ সদস্য, এএইউবির উপাচার্য, বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসনের কর্মকর্তা, সামরিক ও বেসামরিক ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধি এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

অ্যাভিয়েশন, অ্যারোস্পেস, ড্রোন, রোবটিকস ও মহাকাশপ্রযুক্তির প্রতি তরুণ প্রজন্মের আগ্রহ সৃষ্টি, উদ্ভাবনী চিন্তা ও প্রযুক্তিগত দক্ষতার বিকাশ এবং দেশের বিভিন্ন প্রান্তের শিক্ষার্থী ও তরুণ উদ্ভাবকদের একটি জাতীয় প্ল্যাটফর্মে যুক্ত করাই এ প্রতিযোগিতা আয়োজনের মূল লক্ষ্য। দুই দিনব্যাপী এ আয়োজনে তরুণেরা তাঁদের সৃজনশীল ধারণা, প্রযুক্তিনির্ভর উদ্ভাবন ও বাস্তবসম্মত সমাধান তুলে ধরার সুযোগ পাচ্ছেন।

উদ্বোধনী অনুষ্ঠানে শিক্ষার্থীদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, বিশ্ব এখন চতুর্থ শিল্পবিপ্লবের যুগে প্রবেশ করছে। আগামী দিনে বিজ্ঞান ও প্রযুক্তি হবে অগ্রগতির অন্যতম প্রধান চালিকাশক্তি। এ ক্ষেত্রে পিছিয়ে থাকা মানে নিজেকে ও দেশকে পিছিয়ে রাখা। বৈশ্বিক প্রতিযোগিতায় টিকে থাকতে হলে নতুন প্রজন্মকে বিজ্ঞানমনস্ক, প্রযুক্তিদক্ষ ও উদ্ভাবনী হিসেবে গড়ে তুলতে হবে।

প্রধানমন্ত্রী আরও বলেন, শুধু বিমান চালনা বা পরিচালনাই নয়, উপযুক্ত পরিবেশ, সুযোগ ও সহযোগিতা পেলে দেশের তরুণেরা একদিন আকাশ ও মহাকাশ প্রযুক্তিতেও গুরুত্বপূর্ণ সাফল্য অর্জন করতে সক্ষম হবে। আগামী তিন বছরের মধ্যে বাংলাদেশে তৈরি স্যাটেলাইট মহাকাশে উৎক্ষেপণের বিষয়ে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

অনুষ্ঠানে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু, এমপি বলেন, দেশের একমাত্র বিশেষায়িত অ্যাভিয়েশন ও অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয় এএইউবি লালমনিরহাটে প্রতিষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়টির শিক্ষা, গবেষণা ও প্রযুক্তিগত কার্যক্রম আরও সম্প্রসারণে প্রয়োজনীয় উদ্যোগ ও বিশেষ সহযোগিতার জন্য তিনি প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন। তাঁর মতে, বিশ্ববিদ্যালয়টির সক্ষমতা বাড়ানো গেলে ভবিষ্যৎ প্রজন্মকে বিশেষায়িত জ্ঞান ও প্রযুক্তিতে দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তোলার পথ আরও সুগম হবে।

শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন জানান, প্রধানমন্ত্রীর নির্দেশনা এবং এএইউবির উপাচার্যের অনুরোধের পরিপ্রেক্ষিতে ২০২৬-২৭ শিক্ষাবর্ষ থেকে ফ্যাকাল্টি অব অ্যাভিয়েশন ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজির অধীনে ‘ডিপার্টমেন্ট অব জেনারেল অ্যাভিয়েশন’ চালুর অনুমোদন দেওয়া হয়েছে। একই সঙ্গে এ বিভাগের অধীনে ‘বি.এসসি. ইন অ্যারোনটিকস’ প্রোগ্রাম চালুরও অনুমোদন দেওয়া হয়েছে বলে তিনি ঘোষণা করেন। এ ঘোষণায় উপস্থিত শিক্ষার্থী, শিক্ষক ও বিশ্ববিদ্যালয়ের সদস্যদের মধ্যে আনন্দ-উচ্ছ্বাস দেখা যায়।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বলেন, এ আয়োজনের তিনটি প্রধান উদ্দেশ্য রয়েছে। এগুলো হলো—অ্যাভিয়েশন, অ্যারোস্পেস, ড্রোন ও রোবটিকস প্রযুক্তিতে আগ্রহী তরুণদের জন্য প্রতিযোগিতামূলক প্ল্যাটফর্ম তৈরি; শিক্ষার্থী, গবেষক ও উদ্ভাবকদের মধ্যে জ্ঞান বিনিময় ও সহযোগিতার নেটওয়ার্ক গড়ে তোলা; এবং সম্ভাবনাময় তরুণ উদ্ভাবকদের এএইউবির আধুনিক গবেষণাগার ও প্রযুক্তিগত সুবিধা ব্যবহারের সুযোগ দেওয়া। এর মাধ্যমে তাঁদের ধারণাগুলোকে বাস্তব প্রযুক্তি ও কার্যকর সমাধানে রূপ দেওয়ার সুযোগ তৈরি হবে। ভবিষ্যতে স্কুল পর্যায়ের শিক্ষার্থীদেরও এ প্রতিযোগিতায় সম্পৃক্ত করার পরিকল্পনা রয়েছে বলে জানান তিনি।

এবারের প্রতিযোগিতায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে মোট ৭৪টি দল ও ২৯৬ জন প্রতিযোগী অংশ নিচ্ছেন। এর মধ্যে রোটরক্রাফট বিভাগে ১৬টি দলের ৬৯ জন, ফিক্সড উইং বিভাগে ১৭টি দলের ৮০ জন, সকার বট বিভাগে ৩৭টি দলের ১১৭ জন এবং স্পেস রোবটিকস বিভাগে ৪টি দলের ৩০ জন প্রতিযোগী রয়েছেন।

জাতীয় অ্যারো-জিনিয়াস প্রতিযোগিতা-২০২৬-এর লক্ষ্য শুধু বিজয়ী নির্বাচন নয়; বরং তরুণ মেধা অন্বেষণ, তাঁদের মধ্যে যোগাযোগ ও সহযোগিতা তৈরি এবং উদ্ভাবনী ধারণাকে গবেষণা, বাস্তব প্রযুক্তি ও ভবিষ্যৎ শিল্পের সঙ্গে যুক্ত করা। এএইউবি আশা করছে, এ আয়োজন দেশের অ্যাভিয়েশন, অ্যারোস্পেস, ড্রোন, রোবটিকস ও মহাকাশপ্রযুক্তি খাতে নিজস্ব সক্ষমতা ও প্রযুক্তিগত আত্মনির্ভরতা বাড়ানোর পাশাপাশি ভবিষ্যৎ শিল্প ও কর্মসংস্থান সৃষ্টিতে ভূমিকা রাখবে।


Loading...
Loading...

সারাদেশ- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: