বাঙালির চিরায়ত ঐতিহ্য নবান্ন উৎসবকে ঘিরে বগুড়ার শিবগঞ্জ উপজেলার উথলী বাজারে বসেছে প্রায় দুই শতাব্দীর ঐতিহ্যবাহী দিনব্যাপী মাছের মেলা। প্রতি বছরের মতো এবারও পহেলা অগ্রহায়ণ উপলক্ষে আয়োজিত এ মেলাকে ঘিরে পুরো এলাকায় সৃষ্টি হয়েছে উৎসবমুখর পরিবেশ। বুধবার ভোর থেকেই মেলাপ্রাঙ্গণে ক্রেতা-বিক্রেতাদের উপচেপড়া ভিড় দেখা যায়।
স্থানীয়দের ভাষ্যমতে, বাংলা পঞ্জিকার পহেলা অগ্রহায়ণ তথা নবান্ন উৎসবকে কেন্দ্র করে প্রায় ২০০ বছরেরও বেশি সময় ধরে এ মেলার আয়োজন হয়ে আসছে। মেলা উপলক্ষে উথলী, রথবাড়ি, ছোট ও বড় নারায়ণপুর, ধোন্দাকোলা, সাদুল্যাপুর, বেড়াবালা, আকন্দপাড়া, গরীবপুর, দেবীপুর, গুজিয়া, মেদনীপাড়া, বাকশন, রহবল, মোকামতলা ও লক্ষ্মীকোলাসহ আশপাশের অন্তত ২৫ গ্রামের মানুষের ঘরে ঘরে চলে উৎসবের প্রস্তুতি। এ উপলক্ষে প্রতিটি বাড়িতে মেয়ে-জামাইসহ আত্মীয়স্বজনদের আগাম নিমন্ত্রণ জানানো হয়। আত্মীয়-স্বজনের আগমন ও আপ্যায়নকে ঘিরে উৎসবের আমেজ ছড়িয়ে পড়ে গ্রামজুড়ে।
মেলাকে কেন্দ্র করে আগের রাত থেকেই দেশের বিভিন্ন জেলা থেকে বড় বড় মাছ নিয়ে ব্যবসায়ীরা উথলী বাজারে আসতে শুরু করেন। নদী, হাওর ও বিল থেকে ধরা বিভিন্ন প্রজাতির বিশাল আকৃতির মাছ মেলায় সাজিয়ে বসেন বিক্রেতারা। মাছ বিক্রেতাদের কাছে বছরের অন্যতম আকর্ষণীয় দিন এই মেলা। মাছের পাশাপাশি মেলায় উঠেছে শীতকালীন নানা ধরনের নতুন সবজি, আলুসহ বিভিন্ন কৃষিপণ্য।
মাছ ব্যবসায়ী আনোয়ার হোসেন বলেন, মেলায় এবার বেচাকেনা ভালো হচ্ছে। ক্রেতাদের উপস্থিতিও বেশ। সকাল থেকেই ভালো বিক্রি হয়েছে।
মেলায় আকারভেদে প্রতি কেজি রুই মাছ ৪০০ থেকে ৭০০ টাকা, কাতলা ৪০০ থেকে ৬০০ টাকা, চিতল ৬০০ থেকে ৭০০ টাকা, ব্রিগেট ৩৫০ থেকে ৫০০ টাকা এবং সিলভার কার্প ২৫০ থেকে ৫০০ টাকায় বিক্রি হচ্ছে। নবান্ন উৎসবের অন্যতম আকর্ষণ নতুন আলুও। প্রতি কেজি নতুন আলু বিক্রি হচ্ছে ৩০০ টাকায়।
মাছের পাশাপাশি মেলায় বসেছে মিষ্টি, দই, জিলাপি, মুড়ি-মুড়কি, খই, মাটির তৈজসপত্র, খেলনা এবং বাঁশ-বেতের সামগ্রীর দোকান। সব মিলিয়ে মেলাটি পরিণত হয়েছে গ্রামীণ ঐতিহ্য ও লোকজ সংস্কৃতির এক মিলনমেলায়।
মেলায় আসা স্থানীয় সনাতন সম্প্রদায়ের বাসিন্দা স্বপন কুমার বলেন, ‘এই মেলা আমাদের এলাকার ঐতিহ্য। আমাদের বাবা-দাদারাও এখানে আসতেন। ছোটবেলা থেকেই আমরা মেলায় আসছি। এখন সন্তানদেরও নিয়ে আসি, যাতে তারাও এই ঐতিহ্যের সঙ্গে পরিচিত হয়ে বড় হতে পারে।’
মেলা পরিচালনাকারী ফরমান আলী বলেন, নবান্ন উৎসবকে কেন্দ্র করে প্রতিবছরই এ মেলার আয়োজন করা হয়। দীর্ঘদিনের এ ঐতিহ্য ধরে রাখতে স্থানীয়দের সহযোগিতায় মেলার আয়োজন অব্যাহত রয়েছে।