রাজধানীর মিরপুরের পল্লবীতে সাত বছরের শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যার মামলায় আসামি সোহেল রানার মৃত্যুদণ্ড বহাল রেখেছেন হাইকোর্ট। তবে একই মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত অপর আসামি সোহেলের স্ত্রী স্বপ্না খাতুনকে খালাস দিয়েছেন আদালত। রায়ে সন্তোষ প্রকাশ করেছেন রামিসার বাবা আব্দুল হান্নান মোল্লা।
মঙ্গলবার (১৭ নভেম্বর) দুপুর পৌনে ১টার দিকে বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজার সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা করেন।
রায়ের পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় রামিসার বাবা বলেন, দেশের ইতিহাসে দ্রুততম সময়ের মধ্যে বিচার সম্পন্ন হওয়ায় তিনি সন্তুষ্ট। হাইকোর্ট সোহেল রানার মৃত্যুদণ্ড বহাল রেখেছেন, অন্যদিকে স্বপ্না খাতুনকে বেকসুর খালাস দিয়েছেন।
তিনি আরও বলেন, ‘মাত্র রায় ঘোষিত হলো। আমি স্যারের (অ্যাটর্নি জেনারেল) সঙ্গে বসব। রায়ের বিষয়ে বিস্তারিত জেনে পরবর্তী সময়ে আমার করণীয় ও সিদ্ধান্ত আপনাদের জানাব।’
সোহেল রানার মৃত্যুদণ্ড বহাল রাখার পর্যবেক্ষণে আদালত বলেন, রামিসাকে নৃশংস ও অস্বাভাবিকভাবে হত্যা করা হয়েছে। এ ধরনের অপরাধের ক্ষেত্রে মৃত্যুদণ্ডই উপযুক্ত শাস্তি।
রায় ঘোষণার সময় রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল ওসমান চৌধুরী। আসামিপক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী হাফিজুর রহমান খান শুনানিতে অংশ নেন। এ সময় আদালতে উপস্থিত ছিলেন রামিসার বাবা।
মঙ্গলবার সকাল ১০টা ৩৬ মিনিটে আলোচিত এ মামলার রায় ঘোষণা শুরু হয়। প্রায় দুই ঘণ্টা ধরে রায় ঘোষণা করেন হাইকোর্ট বেঞ্চ।