সোহেল রানার মৃত্যুদণ্ড বহাল রাখলেন হাইকোর্ট

নিজস্ব প্রতিবেদক

আইন-আদালত

রাজধানীর মিরপুরের পল্লবীতে সাত বছরের শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যার মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি সোহেল রানার সাজা বহাল রেখেছেন হাইকোর্ট। আদালত

2026-11-17T12:47:23+00:00
2026-11-17T13:06:34+00:00
  বুধবার, ১৮ নভেম্বর ২০২৬,
৪ অগ্রহায়ণ ১৪৩৩
 
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬
আইন-আদালত
রামিসা হত্যা-ধর্ষণ মামলা
সোহেল রানার মৃত্যুদণ্ড বহাল রাখলেন হাইকোর্ট
নিজস্ব প্রতিবেদক
মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ১২:৪৭ পিএম  আপডেট: ১৭.১১.২০২৬ ১:০৬ পিএম
সোহেল রানার মৃত্যুদণ্ড বহাল রাখলেন হাইকোর্ট
রাজধানীর মিরপুরের পল্লবীতে সাত বছরের শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যার মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি সোহেল রানার সাজা বহাল রেখেছেন হাইকোর্ট। আদালত বলেছেন, শিশুটিকে নৃশংস ও অস্বাভাবিক উপায়ে হত্যা করা হয়েছে। এ ধরনের অপরাধের ক্ষেত্রে মৃত্যুদণ্ডই উপযুক্ত শাস্তি।

মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল ১০টা ৩৬ মিনিটে বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি কে এম রাশেদুজ্জামানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ মামলার রায় ঘোষণা শুরু করেন।

রায় শুনতে সকালে হাইকোর্টে উপস্থিত হন রামিসার বাবা আব্দুল হান্নান মোল্লা। এ সময় তিনি আদালতের কাছে আসামিদের সর্বোচ্চ শাস্তি বহাল রাখার প্রত্যাশা জানান।

এর আগে সোমবার (১৬ নভেম্বর) দুই মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি সোহেল রানা ও স্বপ্না খাতুনের আপিল এবং ডেথ রেফারেন্সের শুনানি শেষ হয়। শুনানি শেষে মঙ্গলবার রায় ঘোষণার দিন ধার্য করেন হাইকোর্ট।

মামলায় রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল ওসমান চৌধুরী। আসামিপক্ষে ছিলেন রাষ্ট্রনিযুক্ত আইনজীবী হাফিজুর রহমান খান।

যেভাবে হত্যা করা হয় রামিসাকে

রামিসার বাবা পরিবারের সদস্যদের নিয়ে পল্লবী থানার সেকশন-১১, ব্লক-বি এলাকার একটি ভাড়া বাসায় থাকতেন। তিনি বনানীর একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করতেন। একই ভবনের অন্য একটি ফ্ল্যাটে থাকতেন মামলার আসামি সোহেল রানা ও স্বপ্না। রামিসা পপুলার মডেল হাই স্কুলের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল।

গত ১৯ মে রামিসাকে ধর্ষণের পর হত্যা করা হয়। হত্যার পর কক্ষের জানালার গ্রিল কেটে পালিয়ে যান সোহেল রানা। জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ খবর পেয়ে পুলিশ স্বপ্নাকে হেফাজতে নেয়। পরে নারায়ণগঞ্জের ফতুল্লা থানার সামনে থেকে সোহেল রানাকে গ্রেপ্তার করা হয়।

এ ঘটনায় রামিসার বাবা বাদী হয়ে পল্লবী থানায় মামলা করেন। গ্রেপ্তারের পর ২১ মে সোহেল রানা ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। পরে দুজনকেই কারাগারে পাঠানো হয়।

২৫ মে মামলার তদন্ত কর্মকর্তা পল্লবী থানার উপপরিদর্শক অহিদুজ্জামান সোহেল রানা ও তাঁর স্ত্রী স্বপ্না আক্তারের বিরুদ্ধে অভিযোগপত্র জমা দেন। একই দিন মামলাটি বিচারের জন্য ট্রাইব্যুনালে পাঠানো হয়।

১ জুন দুই আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের মধ্য দিয়ে বিচার শুরু হয়। পরদিন রাষ্ট্রপক্ষে ১৬ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করা হয়। ৩ জুন ফৌজদারি কার্যবিধির ৩৪২ ধারা অনুযায়ী আসামিদের পরীক্ষা করেন আদালত।

এরপর ৭ জুন ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকীন রায় ঘোষণা করেন। রায়ে দুই আসামিকেই মৃত্যুদণ্ড দেওয়া হয়। পাশাপাশি সোহেল রানাকে পাঁচ লাখ টাকা এবং স্বপ্নাকে দুই লাখ টাকা জরিমানা করা হয়। জরিমানার অর্থ রামিসার আইনগত উত্তরাধিকারীদের দেওয়ার নির্দেশ দেন আদালত।

রায়ে আরও বলা হয়, ফৌজদারি কার্যবিধির ৩৬৮ ধারা অনুযায়ী আসামিদের মৃত্যুদণ্ড কার্যকর করতে হবে এবং ৩৭৪ ধারা অনুসারে হাইকোর্ট বিভাগের অনুমোদন নিতে হবে। জরিমানার অর্থ পরিশোধ না করলে আসামিদের স্থাবর-অস্থাবর সম্পত্তি ক্রোক ও বিক্রি করে সেই অর্থ রামিসার আইনগত উত্তরাধিকারীদের দেওয়ার নির্দেশও দেওয়া হয়।

হত্যাকাণ্ডের ১৯ দিনের মাথায় মামলার বিচারিক আদালতের রায় ঘোষণা করা হয়েছিল। পরে দুই আসামির মৃত্যুদণ্ড অনুমোদনের জন্য ডেথ রেফারেন্স হাইকোর্টে পাঠানো হয়। পাশাপাশি আসামিরা কারাগার থেকে আপিল করেন। এসব আবেদন ও ডেথ রেফারেন্সের শুনানি শেষে এবার সোহেল রানার মৃত্যুদণ্ড বহাল রাখলেন হাইকোর্ট।


Loading...
Loading...

আইন-আদালত- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: