আন্তর্জাতিক অধ্যায়ের ইতি টানলেন লুকাকু

স্পোর্টস ডেস্ক

খেলা

বেলজিয়ামের জার্সিতে আর দেখা যাবে না রোমেলু লুকাকুকে। ১৬ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারের সমাপ্তি টেনে জাতীয় দল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন

2026-11-16T18:21:09+00:00
2026-11-16T18:21:09+00:00
  মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬,
৩ অগ্রহায়ণ ১৪৩৩
 
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬
খেলা
আন্তর্জাতিক অধ্যায়ের ইতি টানলেন লুকাকু
স্পোর্টস ডেস্ক
সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬, ৬:২১ পিএম 
সংগৃহীত ছবি

বেলজিয়ামের জার্সিতে আর দেখা যাবে না রোমেলু লুকাকুকে। ১৬ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারের সমাপ্তি টেনে জাতীয় দল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন দেশটির ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা। ৩৩ বছর বয়সী এই স্ট্রাইকার জাতীয় দলের হয়ে ১৩৫ ম্যাচে করেছেন ৯৪ গোল। ইনস্টাগ্রামে দেওয়া এক বার্তায় আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানানোর সিদ্ধান্তের কথা জানিয়েছেন তিনি।

বেলজিয়ামের ফুটবলের সোনালি প্রজন্মের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন লুকাকু। ২০১৮ বিশ্বকাপে দলটির তৃতীয় স্থান অর্জনের পেছনেও বড় অবদান ছিল তাঁর। দীর্ঘ এই পথচলায় জাতীয় দলের হয়ে চারটি বিশ্বকাপ ও তিনটি ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে খেলেছেন তিনি। আন্তর্জাতিক ফুটবলে গোলসংখ্যার দিক থেকে ছেলেদের ইতিহাসে পঞ্চম স্থানে রয়েছেন এই স্ট্রাইকার।

অবসরের ঘোষণায় নিজের দীর্ঘ যাত্রার স্মৃতিচারণ করেছেন লুকাকু। জাতীয় দলের হয়ে পাওয়া অভিজ্ঞতা, সতীর্থদের সহযোগিতা এবং কোচদের আস্থার কথা উল্লেখ করে সবাইকে কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি।

লুকাকু লিখেছেন, ‘এই ১৬ বছরে জাতীয় দলের জন্য আমার সবটুকু উজাড় করে দিয়েছি। সম্ভাব্য সব ধরনের আবেগের মধ্য দিয়েই গিয়েছি। অসাধারণ সব সতীর্থের সঙ্গে খেলেছি, যাঁদের প্রতি আমি সব সময় কৃতজ্ঞ থাকব। তাঁদের সবাইকে ধন্যবাদ জানাতে চাই। দলকে সাহায্য করার জন্য আমাকে অনুপ্রাণিত করা ও আস্থা রাখার জন্য সব কোচকেও ধন্যবাদ জানাই। যাত্রাটা দারুণ ছিল এবং প্রতিটি মুহূর্ত আমি উপভোগ করেছি।’

বিদায়ের বার্তায় নিজের সিদ্ধান্ত নিয়েও সন্তুষ্টির কথা জানিয়েছেন তিনি। বিশ্বকাপ ও ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের স্মরণীয় মুহূর্তগুলো আজীবন মনে রাখবেন বলেও জানিয়েছেন বেলজিয়ান তারকা। তাঁর ভাষায়, ‘সেই মুহূর্তগুলো আমি কখনো ভুলব না। এখানেই থামার সিদ্ধান্ত নিয়ে আমি স্বস্তিতে আছি। সময়টা অসাধারণ ছিল, উপভোগ্য ছিল। আমি কৃতজ্ঞ—ধন্যবাদ।’

লুকাকুর আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষ অধ্যায়টা অবশ্য মাঠে নেমে লেখা হয়নি। উয়েফা নেশনস লিগে গত রাতে ইতালির বিপক্ষে বেলজিয়ামের ৪-১ গোলের জয়ের ম্যাচে তাঁকে থাকতে হয়েছে বেঞ্চে। ওই ম্যাচের পরই এসেছে তাঁর অবসরের ঘোষণা।

ক্লাব ফুটবলেও দীর্ঘ ও বর্ণাঢ্য পথ পাড়ি দিয়েছেন লুকাকু। বেলজিয়ামের ক্লাব অ্যান্ডারলেখটে পেশাদার ক্যারিয়ার শুরু করে খেলেছেন চেলসি, এভারটন, ম্যানচেস্টার ইউনাইটেড ও ইন্টার মিলানের মতো বড় ক্লাবে। বর্তমানে তুরস্কের ফেনারবাচের হয়ে খেলছেন এই স্ট্রাইকার।

জাতীয় দলের হয়ে ৯৪ গোলের রেকর্ড রেখে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন লুকাকু। বেলজিয়ামের জার্সিতে তাঁর গোল, বড় টুর্নামেন্টের পারফরম্যান্স এবং সোনালি প্রজন্মের সঙ্গে কাটানো সময়ই হয়ে থাকবে তাঁর আন্তর্জাতিক ক্যারিয়ারের বড় পরিচয়।



Loading...
Loading...

খেলা- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: