বিনা প্রতিদ্বন্দ্বিতায় দ্বিতীয় মেয়াদে আইসিসির চেয়ারম্যান জয় শাহ

স্পোর্টস ডেস্ক

খেলা

আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) চেয়ারম্যান পদে দ্বিতীয় মেয়াদেও দায়িত্ব পেয়েছেন জয় শাহ। ইন্দোনেশিয়ার বালিতে অনুষ্ঠিত আইসিসির বোর্ড সভায় বিনা প্রতিদ্বন্দ্বিতায়

2026-11-16T15:45:18+00:00
2026-11-16T15:45:18+00:00
  মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬,
৩ অগ্রহায়ণ ১৪৩৩
 
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬
খেলা
বিনা প্রতিদ্বন্দ্বিতায় দ্বিতীয় মেয়াদে আইসিসির চেয়ারম্যান জয় শাহ
স্পোর্টস ডেস্ক
সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬, ৩:৪৫ পিএম 
সংগৃহীত ছবি

আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) চেয়ারম্যান পদে দ্বিতীয় মেয়াদেও দায়িত্ব পেয়েছেন জয় শাহ। ইন্দোনেশিয়ার বালিতে অনুষ্ঠিত আইসিসির বোর্ড সভায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় পুনর্নির্বাচিত হয়েছেন তিনি। নতুন মেয়াদে ২০৩০ সালের শেষ পর্যন্ত বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ সংস্থাটির নেতৃত্ব দেবেন জয় শাহ। তাঁর পুনর্নিয়োগে অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি তামিম ইকবাল।

আইসিসির বোর্ড ও কমিটির সভায় পরিচালকদের প্রস্তাবের ভিত্তিতে জয় শাহর পুনর্নিয়োগ চূড়ান্ত হয়। ক্রিকেটের বৈশ্বিক প্রসার, নতুন দর্শক তৈরি এবং বাণিজ্যিক সম্ভাবনা কাজে লাগানোর ক্ষেত্রে ধারাবাহিকতা বজায় রাখতে তাঁর নেতৃত্বের ওপর আস্থা রেখেছে বোর্ড।

২০২৪ সালের আগস্টে প্রথমবার আইসিসির চেয়ারম্যান নির্বাচিত হন জয় শাহ। একই বছরের ডিসেম্বরে দায়িত্ব গ্রহণ করেন তিনি। এর আগে ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি। ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর ছেলে জয় শাহ।

দ্বিতীয় মেয়াদে দায়িত্ব পাওয়ার পর আইসিসি বোর্ডের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন জয় শাহ। এক বিবৃতিতে তিনি বলেন, ‘আইসিসি বোর্ড আমার ওপর যে আস্থা রেখেছে, তাতে আমি গভীরভাবে সম্মানিত। প্রত্যেক পরিচালকের অব্যাহত বিশ্বাস ও সমর্থনের জন্য আন্তরিক কৃতজ্ঞতা জানাই। আইসিসির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করা একই সঙ্গে সম্মানের ও দায়িত্বের বিষয়। বিশ্বজুড়ে ক্রিকেটের স্বার্থ এগিয়ে নিতে সদস্য দেশগুলোর সঙ্গে কাজ করে যাওয়ার ব্যাপারে আমি প্রতিশ্রুতিবদ্ধ।’

ক্রিকেটের ভবিষ্যৎ পরিকল্পনায় ২০২৮ সালের লস অ্যাঞ্জেলেস অলিম্পিকে ক্রিকেটের প্রত্যাবর্তনকে বড় সুযোগ হিসেবে দেখছেন জয় শাহ। তাঁর মতে, অলিম্পিকের মঞ্চে ক্রিকেটের অন্তর্ভুক্তি নতুন দর্শকদের কাছে খেলাটিকে পৌঁছে দেওয়ার পাশাপাশি নতুন প্রজন্মের খেলোয়াড় ও সমর্থকদের অনুপ্রাণিত করবে।

জয় শাহ বলেন, ‘আমরা আমাদের খেলাটির ইতিহাসের অন্যতম গুরুত্বপূর্ণ ও রোমাঞ্চকর সময়ের দিকে এগিয়ে যাচ্ছি। ২০২৮ সালের লস অ্যাঞ্জেলেস অলিম্পিকে ক্রিকেটের প্রত্যাবর্তন নতুন দর্শকদের কাছে খেলাটিকে পরিচিত করার এবং নতুন প্রজন্মের খেলোয়াড় ও সমর্থকদের অনুপ্রাণিত করার অসাধারণ সুযোগ তৈরি করেছে।’

শুধু সফল টুর্নামেন্ট আয়োজন নয়, খেলোয়াড়, সমর্থক, বাণিজ্যিক অংশীদারসহ ক্রিকেটের সঙ্গে সংশ্লিষ্ট সব পক্ষের স্বার্থ বিবেচনায় নিয়ে খেলাটির টেকসই ভবিষ্যৎ গড়ে তোলার ওপরও গুরুত্ব দিয়েছেন তিনি। বোর্ড ও সদস্য দেশগুলোর সহযোগিতায় পরিকল্পনাগুলো বাস্তবায়ন করে ভবিষ্যৎ প্রজন্মের জন্য দীর্ঘস্থায়ী ইতিবাচক প্রভাব রাখতে চান আইসিসির চেয়ারম্যান।



Loading...
Loading...

খেলা- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: