
দীর্ঘ ১১ বছর পর আবারও পেশাদার ফুটবলের মাঠে দেখা গেল ব্রাজিলিয়ান কিংবদন্তি রোনালদিনহোকে। বয়স ৪৬ হলেও বল পায়ে তাঁর চিরচেনা নৈপুণ্যে মুগ্ধ হয়েছেন দর্শকেরা। প্রত্যাবর্তনের ম্যাচে মাত্র ৪৫ মিনিট খেলেছেন তিনি। সতীর্থের গোলেও রেখেছেন অবদান। তবে ক্যারিয়ারের ৩০০তম গোলের অপেক্ষা ফুরায়নি এই বিশ্বকাপজয়ী তারকার।
গত জুনে ইতালির তৃতীয় বিভাগের ক্লাব রাভেন্নার সঙ্গে চুক্তির ঘোষণা দিয়েছিলেন রোনালদিনহো। এরপর পাঁচ মাসের অপেক্ষার অবসান ঘটিয়ে স্থানীয় প্রতিদ্বন্দ্বী ফোরলির বিপক্ষে ম্যাচে রাভেন্নার শুরুর একাদশে জায়গা পান তিনি।
ম্যাচের প্রথমার্ধে মাঠে নেমেই নিজের সামর্থ্যের প্রমাণ দেন সাবেক এই তারকা। বল নিয়ন্ত্রণ, ড্রিবলিং ও দৃষ্টিনন্দন পাসে ফুটবলপ্রেমীদের মনে করিয়ে দেন তাঁর সোনালি সময়ের কথা। আক্রমণে সক্রিয় উপস্থিতির পাশাপাশি জুলিও দোনাতির করা রাভেন্নার প্রথম গোলেও অবদান রাখেন তিনি। তবে নিজে গোলের দেখা পাননি।
২০০২ বিশ্বকাপজয়ী ব্রাজিল দলের সদস্য রোনালদিনহো ক্যারিয়ারে ২৯৯ গোল করে অবসরে গিয়েছিলেন। তাই দীর্ঘ বিরতির পর তাঁর মাঠে ফেরার ম্যাচে সমর্থকদের প্রত্যাশা ছিল ৩০০তম গোলের মাইলফলক দেখার। কিন্তু প্রথমার্ধ শেষে দর্শকদের অভিবাদন নিয়ে মাঠ ছাড়তে হয় তাঁকে। বিরতির পর তাঁর জায়গায় নামেন মাত্তেও মাজ্জিও।
রাভেন্নার হয়ে এটিই শেষ ম্যাচ কি না, সে বিষয়ে অবশ্য নিশ্চিত করে কিছু বলেননি রোনালদিনহো। বরং ক্লাবের প্রয়োজন হলে আবারও মাঠে নামার ইঙ্গিত দিয়েছেন তিনি। স্কাই ইতালিয়াকে দেওয়া সাক্ষাৎকারে নিজের অনুভূতি জানিয়ে বলেন, ‘সময়টা খুব দ্রুত চলে গেল। ফুটবল আমার কাছে সব সময়ই এমন।’
ভবিষ্যতে আরও খেলার সম্ভাবনা নিয়ে এই কিংবদন্তি বলেন, ‘আমি জানি না। সভাপতি যদি আমাকে ডাকতে থাকেন, তাহলে আমি আবারও ফিরব। এখানে আসতে সব সময়ই ভালো লাগে। আমি সভাপতিকে বলেছি, তাঁর আমাকে প্রয়োজন হলে আমি এখানে থাকব।’
খেলোয়াড় হিসেবে মাঠে ফেরার পাশাপাশি রাভেন্নার সঙ্গে মালিকানার সম্পর্কও তৈরি হয়েছে রোনালদিনহোর। ক্লাবটির শেয়ারহোল্ডার হয়েছেন তিনি। দীর্ঘ বিরতির পর আবারও ড্রেসিংরুমে ফেরা ও সতীর্থদের সঙ্গে মাঠে নামার অভিজ্ঞতাকে জীবনের অন্যতম আনন্দের মুহূর্ত হিসেবে দেখছেন ব্রাজিলিয়ান এই তারকা।
রোনালদিনহোর ভাষায়, ‘এখানে থাকা, মাঠে খেলা এবং ড্রেসিংরুমে ম্যাচের আগে প্রস্তুতি নেওয়া ছিল দারুণ আনন্দের। ফুটবল সব সময়ই আমার জীবনের সবচেয়ে সুন্দর বিষয়।’