
মেয়ের জন্মদিনে এর চেয়ে সুন্দর উপহার আর কী হতে পারে! দক্ষিণ আফ্রিকার মাটিতে ব্যাট হাতে দুর্দান্ত এক ইনিংস খেলে শতকের মাইলফলক ছুঁয়েই ছোট্ট রাজকন্যা আনায়রা দাসকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন লিটন দাস। সেঞ্চুরি পূর্ণ করার পর পকেট থেকে বের করা হাতে লেখা একটি বার্তায় মেয়ের প্রতি ভালোবাসা প্রকাশ করেন বাংলাদেশের এই ব্যাটসম্যান। তাতে লেখা ছিল, ‘শুভ জন্মদিন আমার রাজকন্যা, এই ১০০ তোমার জন্য।’
জোহানেসবার্গের ওয়ান্ডারার্সে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের প্রথম টেস্টের দ্বিতীয় দিনে আবেগঘন এই মুহূর্তের জন্ম দেন লিটন। আগের দিন ৯২ রানে অপরাজিত থেকে মাঠ ছেড়েছিলেন তিনি। ফলে দ্বিতীয় দিনের শুরু থেকেই অপেক্ষা ছিল তাঁর সেঞ্চুরির। দিনের চতুর্থ ওভারে সেই অপেক্ষার অবসান ঘটান ৩১ বছর বয়সী এই ব্যাটসম্যান। ইনিংসের ১৫৪তম বলে নিজের প্রথম ছক্কা হাঁকিয়ে তিন অঙ্কের ঘরে পৌঁছান তিনি। এটি টেস্ট ক্রিকেটে তাঁর অষ্টম শতক।
সেঞ্চুরি পূর্ণ করেই ব্যাট ও হেলমেট উঁচিয়ে ধরেন লিটন। এরপর পকেট থেকে বের করেন বিশেষ বার্তাটি। তিন বছর বয়সী মেয়ে আনায়রার জন্মদিনে বাবার এই উপহার মুহূর্তেই ছড়িয়ে পড়ে ক্রিকেটপ্রেমীদের মধ্যে। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে এটি লিটনের প্রথম টেস্ট সেঞ্চুরিও।
শুধু আবেগের প্রকাশ নয়, ব্যাট হাতেও দলের জন্য গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন লিটন। ১৭৯ বলে ১২০ রানের ইনিংস খেলেছেন তিনি। তাঁর ব্যাট থেকে এসেছে ১৪টি চার ও একটি ছক্কা। ডেন প্যাটারসনের বলে উইয়ান মুল্ডারের হাতে ক্যাচ দিয়ে থামে তাঁর ইনিংস। এর আগে মেহেদী হাসান মিরাজের সঙ্গে দিনের শুরুতে গুরুত্বপূর্ণ জুটি গড়ে বাংলাদেশের সংগ্রহ বাড়ান তিনি।
সাম্প্রতিক সময়ে ব্যাট হাতে খুব একটা স্বস্তিতে ছিলেন না লিটন। গত অক্টোবরে আফগানিস্তানের বিপক্ষে সেঞ্চুরি করেছিলেন তিনি। তবে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই টেস্টের চার ইনিংসে তাঁর সর্বোচ্চ সংগ্রহ ছিল অপরাজিত ৩৪ রান। বাকি তিন ইনিংসে দুই অঙ্কের রানও করতে পারেননি। দক্ষিণ আফ্রিকার কঠিন কন্ডিশনে শতক হাঁকিয়ে সেই ব্যর্থতা পেছনে ফেললেন বাংলাদেশের এই ব্যাটসম্যান।
প্রথম দিনের শেষ বলে তাওহিদ হৃদয় ১৩৭ রান করে আউট হলে ৬ উইকেটে ৩২৭ রান নিয়ে দিন শেষ করেছিল বাংলাদেশ। অথচ একসময় ২২ রানে ৩ উইকেট হারিয়ে চাপে পড়েছিল দল। সেখান থেকে তানজীদ হাসান তামিম ও তাওহিদ হৃদয়ের ৯৯ রানের জুটি বাংলাদেশকে ঘুরে দাঁড়ানোর ভিত গড়ে দেয়। পরে লিটন ও হৃদয় মিলে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে রেকর্ড ২০৬ রানের জুটি গড়েন।
হৃদয়ের বিদায়ের পর দ্বিতীয় দিনে মিরাজকে সঙ্গে নিয়ে ইনিংস এগিয়ে নেন লিটন। তাঁর ব্যাটে বাংলাদেশের সংগ্রহ আরও সমৃদ্ধ হয়।