
বাংলাদেশ নারী ক্রিকেট দলের পেস আক্রমণের অন্যতম ভরসা মারুফা আক্তারকে ছাড়াই নিউজিল্যান্ড সফরে যেতে হচ্ছে দলকে। পুরোনো চোটের সমস্যা আবারও ভোগাচ্ছে এই পেসারকে। ফলে আগামী ১০ ডিসেম্বর শুরু হতে যাওয়া নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি ও তিন ম্যাচের ওয়ানডে সিরিজে খেলা হচ্ছে না তাঁর। শুধু নিউজিল্যান্ড সফরই নয়, চলতি বছর আর মাঠে ফেরার সম্ভাবনাও নেই মারুফার।
চোট থেকে পুরোপুরি সেরে না ওঠা পর্যন্ত মারুফাকে নিয়ে কোনো ধরনের ঝুঁকি নিতে চায় না বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তাই দ্রুত মাঠে ফেরানোর চেয়ে তাঁর সম্পূর্ণ সুস্থতাকেই বেশি গুরুত্ব দিচ্ছে বোর্ড। বিসিবি সূত্রে জানা গেছে, পেসারের গোড়ালির পুরোনো ব্যথা নতুন করে দেখা দেওয়ায় তাঁকে আপাতত বিশ্রামে রাখা হচ্ছে।
আগামী ১০ ডিসেম্বর প্রথম টি-টোয়েন্টি দিয়ে শুরু হবে বাংলাদেশ ও নিউজিল্যান্ডের দ্বিপক্ষীয় সিরিজ। সফরে দুই সংস্করণ মিলিয়ে ছয়টি ম্যাচ খেলবে বাংলাদেশ। তবে গুরুত্বপূর্ণ এই সফরে দলের পেস আক্রমণে থাকছেন না মারুফা। তাঁর অনুপস্থিতি সামলাতে বিকল্প পেসারদের ওপর নির্ভর করতে হবে টিম ম্যানেজমেন্টকে।
মারুফার চোট নিয়ে বিসিবির এক কর্মকর্তা বলেন, ‘তার গোড়ালির ব্যথা শুরু হয়েছে। ভবিষ্যতে যেন কোনো ধরনের অস্বস্তি না হয় এবং ভালোভাবে বোলিং করতে পারে, এই ব্যাপারটি নিশ্চিত করতে চাই।’
চলতি বছর আর প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফেরার সম্ভাবনা না থাকলেও আগামী বছর মাঠে ফেরার পরিকল্পনা রয়েছে মারুফার। তবে নতুন বছরের শুরুতে ঘরোয়া ক্রিকেটের প্রিমিয়ার লিগেও তাঁর খেলা নিয়ে অনিশ্চয়তা আছে। পুনর্বাসন ও শারীরিক অবস্থার উন্নতির ওপরই নির্ভর করছে তাঁর প্রত্যাবর্তনের সময়।
সবকিছু পরিকল্পনামতো এগোলে আগামী বছরের মার্চে ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ দিয়ে জাতীয় দলে ফিরতে পারেন এই পেসার। তবে তার আগে পুরোপুরি চোটমুক্ত হওয়া এবং বোলিংয়ের জন্য প্রয়োজনীয় ফিটনেস ফিরে পাওয়াই হবে প্রধান লক্ষ্য।