প্রথম ট্রফির অপেক্ষায় পাকিস্তান, দশমের হাতছানি ভারতের

স্পোর্টস রিপোর্টার

খেলা

সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে মুখোমুখি হচ্ছে দক্ষিণ এশিয়ার দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান। প্রথমবারের মতো ফাইনালে উঠে পাকিস্তান যেমন শিরোপার স্বপ্ন

2026-11-16T18:02:09+00:00
2026-11-16T18:02:09+00:00
  মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬,
৩ অগ্রহায়ণ ১৪৩৩
 
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬
খেলা
সাফ ফাইনাল
প্রথম ট্রফির অপেক্ষায় পাকিস্তান, দশমের হাতছানি ভারতের
স্পোর্টস রিপোর্টার
সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬, ৬:০২ পিএম 
সংগৃহীত ছবি

সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে মুখোমুখি হচ্ছে দক্ষিণ এশিয়ার দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান। প্রথমবারের মতো ফাইনালে উঠে পাকিস্তান যেমন শিরোপার স্বপ্ন দেখছে, তেমনি দশমবারের মতো ট্রফি জয়ের অপেক্ষায় ভারত। সেমিফাইনালে স্বাগতিক বাংলাদেশকে হারিয়ে পাকিস্তান আলোচনায় থাকলেও প্রতিপক্ষকে ফেবারিট হিসেবে দেখতে রাজি নন ভারতের প্রধান কোচ নওশাদ মুসা। তাঁর বিশ্বাস, মাঠে ভারতকে হারাতে পারলেই কেবল এগিয়ে থাকবে পাকিস্তান।

ফাইনালের আগের দিন সংবাদ সম্মেলনে পাকিস্তানের ফেবারিট হওয়ার প্রসঙ্গে ভারতীয় কোচ বলেন, ‘আমাদের হারাতে পারলে তারা এগিয়ে থাকবে। প্রথম ম্যাচের আগেই বলেছিলাম, তারা ভালো দল। আমি তাদের সম্মান করি।’

টুর্নামেন্টে দ্বিতীয় সারির দল নিয়ে খেলতে এসেছে ভারত—এমন আলোচনা থাকলেও বিষয়টি মানতে নারাজ নওশাদ মুসা। তাঁর মতে, মাঠের পারফরম্যান্সই দলের সামর্থ্যের প্রমাণ। ফাইনালে ওঠার মধ্য দিয়ে খেলোয়াড়েরা নিজেদের যোগ্যতা দেখিয়েছেন বলেও মনে করেন তিনি।

ভারতীয় কোচের ভাষায়, ‘আপনারা যে দুর্বল স্কোয়াড বা “বি” দলের কথা বলছেন, আমার কাছে এটি কোনো “বি” দল নয়। আমরা যেভাবে পারফর্ম করেছি, আপনারা তা দেখতেই পাচ্ছেন। আমরা ফাইনালে আছি। আমার ছেলেরা যখন ইতিমধ্যে প্রমাণ করেছে যে তারা সেরা, তখন একে “বি” দল বলব কেন?’

গ্রুপ পর্বের প্রথম দেখায় পাকিস্তানকে ৩–২ গোলে হারিয়েছিল ভারত। তবে সেই ম্যাচের পর পাকিস্তান দলে এসেছে উল্লেখযোগ্য পরিবর্তন। ফিফা উইন্ডোর কারণে দেরিতে দলের সঙ্গে যোগ দেওয়া চার প্রবাসী ফুটবলারের অন্তর্ভুক্তিতে শক্তি বেড়েছে তাদের। বাংলাদেশের বিপক্ষে সেমিফাইনালেও দলটির খেলায় সেই পরিবর্তনের ছাপ দেখা গেছে। ফলে ফাইনালে আগের ম্যাচের মতো সহজ লড়াই হবে না, তা ভালোই জানেন নওশাদ।

পাকিস্তানের শারীরিক সক্ষমতার বিপরীতে নিজেদের গতি ও ক্ষিপ্রতাকে এগিয়ে রাখছেন ভারতীয় কোচ। তাঁর মতে, দ্রুতগতির ফুটবলাররাই ফাইনালে ব্যবধান গড়ে দিতে পারেন। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘আমার মনে হয়, আমার খেলোয়াড়েরা বেশি দ্রুতগতির ও চটপটে। এটি আমার জন্য বাড়তি সুবিধা হবে। তাই বিষয়টি নিয়ে তাদেরই চিন্তিত হওয়া উচিত।’

প্রতিপক্ষের পরিবর্তিত শক্তি বিবেচনায় ফাইনালে কৌশলেও বদল আনবে ভারত। প্রথম ম্যাচের পরিকল্পনা থেকে সরে এসে পাকিস্তানের বর্তমান খেলোয়াড় ও খেলার ধরন অনুযায়ী মাঠে নামার কথা জানিয়েছেন নওশাদ মুসা। তাঁর কথায়, ‘প্রথম ম্যাচে আমরা যেভাবে খেলেছিলাম, এবার ধরন ভিন্ন হবে। তারা এখন যেভাবে খেলছে এবং দলে যে খেলোয়াড়েরা আছে, তাতে প্রতিপক্ষকে দেখার ও খেলার ধরনে পরিবর্তন আনা প্রয়োজন। তাই নিশ্চিতভাবেই আমরা ভিন্ন কৌশল নিয়ে নামব।’

অন্যদিকে ফাইনাল ঘিরে বাড়তি চাপ অনুভব করছেন না ভারতের অধিনায়ক চিংলেনসানা সিং। কিংবদন্তি সুনীল ছেত্রীর কাছ থেকে পাওয়া অভিজ্ঞতা কাজে লাগিয়ে দলকে শিরোপার পথে এগিয়ে নিতে চান তিনি। দেশের প্রতিনিধিত্ব করাটাকেই বড় গর্ব হিসেবে দেখছেন ভারতীয় অধিনায়ক। সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘আমরা এখানে দেশের হয়ে খেলতে এসেছি। যেকোনো পর্যায়ে দেশের প্রতিনিধিত্ব করতে পেরে আমরা গর্বিত। আমরা সব সময় নিজেদের সেরাটা দিই। কালও ট্রফি জিততে নিজেদের সেরাটাই দেব।’

একদিকে প্রথমবারের মতো শিরোপার স্বপ্ন দেখা পাকিস্তান, অন্যদিকে দশম ট্রফির লক্ষ্যে থাকা ভারত।



Loading...
Loading...

খেলা- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: