
প্রথম ওয়ানডেতে হারের জবাবটা বেশ ভালোভাবেই দিল ইংল্যান্ড। অ্যাডিলেডে সিরিজের দ্বিতীয় ম্যাচে ব্যাট হাতে টম ব্যান্টনের দুর্দান্ত সেঞ্চুরি, সঙ্গে জো রুট, জর্ডান কক্স ও উইল জ্যাকসের কার্যকর ইনিংসে ৩৫৫ রানের পাহাড় গড়ে সফরকারীরা। এরপর গাস এটকিনসনের বিধ্বংসী বোলিংয়ে অস্ট্রেলিয়াকে ২২০ রানে গুটিয়ে দিয়ে ১৩৫ রানের বড় জয় তুলে নিয়েছে ইংলিশরা। তাতে তিন ম্যাচের সিরিজে ফিরেছে ১–১ সমতা।
অ্যাডিলেড ওভালে টসের পর আগে ব্যাটিংয়ে নেমে শুরু থেকেই রান তোলায় মনোযোগী ছিল ইংল্যান্ড। দলের হয়ে সবচেয়ে উজ্জ্বল ছিলেন ব্যান্টন। ৯৯ বলে ১২ চার ও চার ছক্কায় ১২১ রানের ঝলমলে ইনিংস খেলেন তিনি। তাঁর ব্যাটে ভর করেই বড় সংগ্রহের পথে এগিয়ে যায় ইংল্যান্ড।
ব্যান্টনের সঙ্গে জুটি গড়ে অস্ট্রেলিয়ার বোলারদের ওপর চাপ ধরে রাখেন জো রুট ও জর্ডান কক্স। রুট ৬৮ বলে ৬২ রান করে ইনিংসকে স্থিতিশীলতা দেন। অন্যদিকে কক্সের ব্যাট থেকে আসে ৪৯ বলে ৬৭ রান। তাঁদের সম্মিলিত অবদানে মাঝের ওভারগুলোতে ইংল্যান্ডের রান বাড়তে থাকে।
শেষদিকে উইল জ্যাকসের ঝোড়ো ব্যাটিংয়ে স্কোর আরও সমৃদ্ধ হয়। মাত্র ৪০ বলে চারটি চার ও একটি ছক্কায় ৫৪ রানে অপরাজিত থাকেন তিনি। স্যাম কারান ৯ বলে ১৪ এবং গাস এটকিনসন ৪ বলে ১৩ রান করে দ্রুত রান তোলায় ভূমিকা রাখেন। নির্ধারিত ৫০ ওভারে ৬ উইকেটে ৩৫৫ রান সংগ্রহ করে ইংল্যান্ড।
অস্ট্রেলিয়ার হয়ে জাভিয়ের বার্টলেট নেন সর্বোচ্চ তিন উইকেট। স্পেন্সার জনসন ও রাইলি মেরেডিথের শিকার একটি করে উইকেট।
৩৫৬ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই বিপাকে পড়ে অস্ট্রেলিয়া। মাত্র ১৩ রানের মধ্যে তিন উইকেট হারিয়ে চাপে পড়ে স্বাগতিকরা। এরপর জশ ইংলিসও ফিরে গেলে ২৯ রানেই চার উইকেট হারায় দলটি। দ্রুত চার উইকেট হারানোর ধাক্কা সামলে ম্যাচে ফেরার চেষ্টা করেন ম্যাট রেনশ ও ক্যামেরন গ্রিন।
পঞ্চম উইকেটে ৯৮ রানের জুটি গড়ে কিছুটা আশা জাগান দুজন। রেনশ ৭৪ বলে ৬৩ এবং গ্রিন ৮২ বলে ৬৪ রান করেন। তবে এই জুটি ভাঙার পর অস্ট্রেলিয়ার ইনিংসে আর প্রতিরোধ গড়ে ওঠেনি। নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে ৪৪.৩ ওভারে ২২০ রানেই থামে স্বাগতিকদের ইনিংস।
ইংল্যান্ডের বোলিং আক্রমণে সবচেয়ে কার্যকর ছিলেন এটকিনসন। ১০ ওভারে মাত্র ২৮ রান খরচায় চার উইকেট তুলে নিয়ে অস্ট্রেলিয়ার ব্যাটিংয়ের মেরুদণ্ড ভেঙে দেন তিনি। লিয়াম ডসন ও স্যাম কারান নেন দুটি করে উইকেট। সনি বেকার ও জোফরা আর্চার পান একটি করে উইকেট।
সিরিজের প্রথম ম্যাচে ৭ উইকেটের জয় পেয়েছিল অস্ট্রেলিয়া। সেদিন আগে ব্যাট করে মাত্র ১৩১ রানে গুটিয়ে গিয়েছিল ইংল্যান্ড। জবাবে ১৩২ রানের লক্ষ্য ২৩.৩ ওভারেই ৩ উইকেট হারিয়ে পেরিয়ে যায় স্বাগতিকরা। দ্বিতীয় ম্যাচে বড় জয়ে সেই হারের জবাব দেওয়ার পাশাপাশি সিরিজে সমতা ফিরিয়েছে ইংল্যান্ড। ব্যাট হাতে ম্যাচের নায়ক ব্যান্টনই হয়েছেন ম্যাচসেরা।