রোনালদোবিহীন প্রথম ম্যাচেই লজ্জার হার পর্তুগালের

স্পোর্টস ডেস্ক

খেলা

ক্রিস্টিয়ানো রোনালদোর আন্তর্জাতিক ফুটবল থেকে বিদায়ের পর প্রথম ম্যাচেই বড় ধাক্কা খেল পর্তুগাল। ঘরের মাঠে ডেনমার্কের কাছে ৪-১ গোলে হেরেছে

2026-11-15T18:32:54+00:00
2026-11-15T18:35:00+00:00
  মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬,
৩ অগ্রহায়ণ ১৪৩৩
 
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬
খেলা
রোনালদোবিহীন প্রথম ম্যাচেই লজ্জার হার পর্তুগালের
স্পোর্টস ডেস্ক
রোববার, ১৫ নভেম্বর, ২০২৬, ৬:৩২ পিএম  আপডেট: ১৫.১১.২০২৬ ৬:৩৫ পিএম
সংগৃহীত ছবি

ক্রিস্টিয়ানো রোনালদোর আন্তর্জাতিক ফুটবল থেকে বিদায়ের পর প্রথম ম্যাচেই বড় ধাক্কা খেল পর্তুগাল। ঘরের মাঠে ডেনমার্কের কাছে ৪-১ গোলে হেরেছে দলটি। ১০৫ বছরের প্রতিযোগিতামূলক ফুটবল ইতিহাসে নিজেদের মাঠে এটিই পর্তুগালের সবচেয়ে বড় পরাজয়।

ব্রাগায় উয়েফা নেশনস লিগের ম্যাচটি ঘিরে ছিল রোনালদোকে বিদায়ী সম্মান জানানোর আয়োজন। জাতীয় সংগীতের সময় পর্তুগালের খেলোয়াড়েরা তাঁর বিখ্যাত ৭ নম্বর জার্সি পরে মাঠে দাঁড়ান। স্টেডিয়ামের বড় পর্দায়ও দেখানো হয় এই মহাতারকার প্রতি শ্রদ্ধা নিবেদনের বিশেষ আয়োজন। তবে মাঠের লড়াইয়ে সেই আবেগের ছাপ রাখতে পারেনি স্বাগতিকেরা।

কোয়ার্টার ফাইনাল নিশ্চিত হয়ে যাওয়ায় ম্যাচটি পর্তুগালের জন্য ছিল অনেকটা আনুষ্ঠানিকতার। কিন্তু ডেনমার্কের সামনে শুরু থেকেই সুবিধা করতে পারেনি ব্রুনো ফার্নান্দেজরা। প্রথমার্ধের ৪৩ মিনিটে রুবেন দিয়াসের হাতে বল লাগায় পেনাল্টি পায় সফরকারীরা। স্পটকিক থেকে গোল করে দলকে এগিয়ে দেন অধিনায়ক পিয়েরে-এমিল হইবিয়ার্গ।

বিরতির পর ম্যাচের নিয়ন্ত্রণ পুরোপুরি নিজেদের করে নেয় ডেনমার্ক। ৫০ মিনিটে দারুণ দলীয় আক্রমণ থেকে ব্যবধান দ্বিগুণ করেন রাসমুস হইলুন্দ। সাত মিনিট পর দিয়াসকে কাটিয়ে বক্সের বাইরে থেকে জোরালো শটে নিজের দ্বিতীয় গোলটিও করেন তিনি। ৭৫ মিনিটে জোয়াকিম অ্যান্ডারসেনের হেডে ব্যবধান দাঁড়ায় ৪-০। যোগ করা সময়ে বের্নার্দো সিলভার গোল কেবল পর্তুগালের হারের ব্যবধান কমিয়েছে।

ডেনমার্কের চতুর্থ গোলের পর গ্যালারিতে রোনালদোর নামে স্লোগান দিতে শুরু করেন সমর্থকেরা। পুরো ম্যাচে নিষ্প্রভ পারফরম্যান্সের কারণে দুয়োও শুনতে হয়েছে পর্তুগিজ ফুটবলারদের।

ম্যাচ শেষে রোনালদোর অনুপস্থিতি নিয়ে প্রশ্নের মুখে পড়েন পর্তুগাল কোচ জর্জ জেসুস। তবে দলের হারের জন্য সাবেক অধিনায়কের অভাবকে দায়ী করতে চাননি তিনি। জেসুস বলেন, ‘কিসের অভাব? সে যদি আর জাতীয় দলে না খেলে, তাহলে ঠিক কিসের অভাব আমরা অনুভব করছি? সে তো আর খেলে না, এখানে নেই, নিজের সিদ্ধান্ত নিয়ে ফেলেছে।’

তবে জাতীয় দলের হয়ে ২৩ বছরের অবদান এবং অর্জনের কারণে সমর্থকেরা রোনালদোকে মনে করবেন, সেটি স্বাভাবিক বলেও মন্তব্য করেন কোচ। নিজেদের মাঠে এমন বড় হারের জন্য প্রস্তুত ছিলেন না জানিয়ে জেসুস বলেন, ৪-১ গোলে হারার কথা তাঁরা কল্পনাও করেননি।

পর্তুগালের এই হার শুধু ব্যবধানের দিক থেকেই নয়, ঐতিহাসিকভাবেও বড় ধাক্কা। প্রতিযোগিতামূলক ম্যাচে নিজেদের মাঠে এর আগে একাধিক গোলের ব্যবধানে মাত্র চারবার হেরেছিল দলটি। সর্বশেষ এমন পরাজয় ছিল ১৯৯৩ সালে, বিশ্বকাপ বাছাইপর্বে ইতালির কাছে ৩-১ গোলে।

পর্তুগালের জার্সিতে ২৩৪ ম্যাচ খেলে ১৪৬ গোল করেছেন রোনালদো। জাতীয় দলের হয়ে সর্বোচ্চ ম্যাচ ও সর্বোচ্চ গোল—দুই রেকর্ডই তাঁর দখলে। গত ২৪ সেপ্টেম্বর নেশনস লিগে ওয়েলসের বিপক্ষে ১-০ গোলের জয় ছিল জাতীয় দলের হয়ে তাঁর শেষ ম্যাচ।

রোনালদোর বিদায়ের পেছনে কোচের সঙ্গে মতবিরোধও ভূমিকা রেখেছিল। ওয়েলস ম্যাচের পর তাঁকে বেঞ্চে রাখেন জেসুস। পরের ম্যাচেও শুরুর একাদশে না রাখার পরিকল্পনার কথা জানানো হলে অনুশীলন ক্যাম্প ছেড়ে চলে যান এই তারকা। পরে কোচের বিরুদ্ধে দেওয়া কথা না রাখার অভিযোগ তোলেন তিনি। এর ধারাবাহিকতায় আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানান রোনালদো।

বিদায়ী তারকাকে ঘিরে আবেগের আবহে শুরু হওয়া রাতটি শেষ পর্যন্ত পর্তুগালের ফুটবল ইতিহাসে স্মরণীয় হয়ে থাকল এক লজ্জার পরাজয়ের কারণে।



Loading...
Loading...

খেলা- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: