প্রতিটি বিভাগীয় শহরে ক্যানসার চিকিৎসার ব্যবস্থা গড়বে সরকার : স্বাস্থ্য প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

দেশের প্রতিটি বিভাগীয় শহরে ক্যানসার চিকিৎসার সুযোগ সম্প্রসারণের সিদ্ধান্ত নিয়েছে সরকার। পাশাপাশি আধুনিক চিকিৎসাবিজ্ঞান ও ক্যানসার গবেষণার অগ্রগতিতে জাতীয় পর্যায়ে

2026-11-13T16:37:54+00:00
2026-11-13T16:37:54+00:00
  শনিবার, ১৪ নভেম্বর ২০২৬,
৩০ কার্তিক ১৪৩৩
 
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬
জাতীয়
প্রতিটি বিভাগীয় শহরে ক্যানসার চিকিৎসার ব্যবস্থা গড়বে সরকার : স্বাস্থ্য প্রতিমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক
শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬, ৪:৩৭ পিএম 
প্রতিটি বিভাগীয় শহরে ক্যানসার চিকিৎসার ব্যবস্থা গড়বে সরকার : স্বাস্থ্য প্রতিমন্ত্রী
দেশের প্রতিটি বিভাগীয় শহরে ক্যানসার চিকিৎসার সুযোগ সম্প্রসারণের সিদ্ধান্ত নিয়েছে সরকার। পাশাপাশি আধুনিক চিকিৎসাবিজ্ঞান ও ক্যানসার গবেষণার অগ্রগতিতে জাতীয় পর্যায়ে ‘ন্যাশনাল মলিকিউলার বায়োলজি ল্যাবরেটরি’ স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত।

শুক্রবার দুপুরে রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে ‘ষষ্ঠ বাংলাদেশ ব্রেস্ট ক্যানসার কনফারেন্স ২০২৬ (বিবিসি২৬)’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান। বাংলাদেশ সোসাইটি ফর ব্রেস্ট ক্যানসার স্টাডি (বিএসবিসিএস) এ সম্মেলনের আয়োজন করে।

স্বাস্থ্য প্রতিমন্ত্রী বলেন, দেশের প্রতিটি বিভাগীয় শহরে ক্যানসার চিকিৎসার ব্যবস্থা গড়ে তোলার পাশাপাশি ক্যানসার বায়োলজিসহ আধুনিক চিকিৎসাবিজ্ঞানের গবেষণা ও প্রয়োগ এগিয়ে নিতে জাতীয় পর্যায়ে একটি মলিকিউলার বায়োলজি ল্যাবরেটরি স্থাপনের সিদ্ধান্ত হয়েছে।

স্তন ক্যানসার প্রাথমিক পর্যায়ে শনাক্ত করার ওপর বিশেষ গুরুত্ব দিয়ে তিনি বলেন, বাংলাদেশে প্রতিবছর অনেক নারী এ রোগে মারা যাচ্ছেন। গবেষণায় দেখা গেছে, অধিকাংশ রোগীই ক্যানসারের জটিল পর্যায়ে চিকিৎসকের কাছে আসেন। দেরিতে রোগ শনাক্ত হলে চিকিৎসা জটিল হওয়ার পাশাপাশি শরীরের অন্যান্য অংশে ছড়িয়ে পড়ার ঝুঁকিও বাড়ে।

তবে সময়মতো রোগ শনাক্ত করে যথাযথ চিকিৎসা দেওয়া গেলে স্তন ক্যানসারে আক্রান্ত অনেক রোগীর সুস্থভাবে দীর্ঘদিন বেঁচে থাকা সম্ভব বলে উল্লেখ করেন তিনি। এ জন্য ব্যাপক জনসচেতনতা তৈরির পাশাপাশি নির্দিষ্ট বয়সী নারীদের নিয়মিত স্ক্রিনিংয়ের আওতায় আনার ওপর জোর দেন প্রতিমন্ত্রী।

ড. এম এ মুহিত বলেন, সঠিক পদ্ধতিতে স্ক্রিনিং কার্যক্রম চালু করা গেলে রোগের ঝুঁকি ও প্রাথমিক লক্ষণ দ্রুত শনাক্ত করা সম্ভব। তাই এ বিষয়ে সচেতনতা বাড়ানো এবং পরিকল্পিত স্ক্রিনিং কর্মসূচি চালু করা জরুরি।

আধুনিক প্রযুক্তি ও দক্ষ জনবল তৈরির পরিকল্পনা তুলে ধরে তিনি বলেন, বিশ্বজুড়ে ক্যানসার চিকিৎসায় মলিকিউলার বায়োলজি প্রযুক্তি গুরুত্বপূর্ণ পরিবর্তন আনছে। ভবিষ্যতের স্বাস্থ্যসেবাকে আরও উন্নত করতে সরকার জাতীয় পর্যায়ে এ ধরনের গবেষণাগার স্থাপনের কাজ শুরু করেছে। পাশাপাশি ক্যানসার ইনস্টিটিউটগুলোতে আধুনিক যন্ত্রপাতি সরবরাহ এবং দেশে-বিদেশে প্রশিক্ষণের মাধ্যমে নতুন বিশেষজ্ঞ ও দক্ষ জনবল তৈরির কার্যক্রমও চলছে।

বিএসবিসিএসের সভাপতি অধ্যাপক ডা. কামরুজ্জামান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সম্মেলনের অর্গানাইজিং সেক্রেটারি ডা. মো. আরিফুর রহমান। সংগঠনের গত বছরের কার্যক্রম ও সম্মেলনের মূল প্রতিপাদ্য তুলে ধরেন বিএসবিসিএসের সাধারণ সম্পাদক ডা. অরুণাংশু দাস।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ইউএনএফপিএ বাংলাদেশের প্রতিনিধি ক্যাথরিন ব্রিন কামকং, যুক্তরাষ্ট্রের বিশেষজ্ঞ অধ্যাপক ডা. ইসমাইল জাতোই এবং অধ্যাপক ডা. ডন এস. ডিজন। এ ছাড়া বিএসবিসিএসের পৃষ্ঠপোষক অধ্যাপক ডা. এম. এ. হাই ও অধ্যাপক ডা. মো. সানোয়ার হোসেন বক্তব্য দেন।


Loading...
Loading...

জাতীয়- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: