সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির সাবেক চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আগামী ২৮ ডিসেম্বর রাজধানীর জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় নাগরিক স্মরণসভার আয়োজন করা হয়েছে। তাঁর জীবন, রাজনৈতিক আদর্শ, নেতৃত্ব ও জাতীয় জীবনে অবদান তুলে ধরতে প্রকাশ করা হবে একটি বিশেষ স্মারকগ্রন্থ। পাশাপাশি নির্মাণ করা হবে তথ্যচিত্র।
শুক্রবার (১৩ নভেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে নাগরিক সমাজের পক্ষে এ উদ্যোগের কথা জানান অধ্যাপক ড. মাহবুব উল্লাহ।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, নাগরিক সমাজের উদ্যোগে আয়োজিত স্মরণসভায় রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও বেগম খালেদা জিয়ার পরিবারের সদস্যদের উপস্থিতি প্রত্যাশা করছেন আয়োজকেরা। এ ছাড়া দেশের বিশিষ্ট রাজনীতিবিদ, শিক্ষাবিদ, বুদ্ধিজীবী, সাংবাদিক, পেশাজীবী ও সাংস্কৃতিক ব্যক্তিত্বসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা এতে অংশ নেবেন বলে আশা করা হচ্ছে।
স্মরণসভাকে তাৎপর্যপূর্ণ করে তুলতে খালেদা জিয়ার জীবন, রাজনৈতিক দর্শন, কর্মময় অভিজ্ঞতা, ব্যক্তিত্ব, নেতৃত্ব এবং দেশ ও জাতির প্রতি অবদান নিয়ে স্মারকগ্রন্থ প্রকাশের উদ্যোগ নেওয়া হয়েছে। এতে তাঁর জীবনের নানা অজানা অধ্যায়ও তুলে ধরার পরিকল্পনা রয়েছে।
স্মারকগ্রন্থের জন্য রাজনীতিবিদ, সাংবাদিক, লেখক, গবেষক, শিক্ষাবিদ, অর্থনীতিবিদ, পেশাজীবী এবং খালেদা জিয়ার সঙ্গে সরাসরি কাজ করেছেন—এমন ব্যক্তিদের কাছ থেকে মৌলিক ও বিশ্লেষণধর্মী লেখা আহ্বান করা হয়েছে।
লেখার বিষয় হিসেবে রাখা হয়েছে খালেদা জিয়ার জীবন, ব্যক্তিত্ব ও নেতৃত্ব; গণতান্ত্রিক রাজনীতি ও আন্দোলনে তাঁর ভূমিকা; পররাষ্ট্রনীতি, জাতীয় সার্বভৌমত্ব ও দেশপ্রেম; নারীশিক্ষা, নারী নেতৃত্ব ও সামাজিক উন্নয়ন; সংসদীয় রাজনীতির ইতিহাস এবং অর্থনৈতিক দর্শন ও স্বনির্ভর বাংলাদেশ গঠনে তাঁর নীতি।
এ ছাড়া নির্বাচন, গণতন্ত্র ও রাজনৈতিক সংগ্রাম, সংবাদপত্রের স্বাধীনতা, প্রত্যক্ষ স্মৃতিচারণ, জীবনের অজানা অধ্যায়, সরকার ও আমলাতন্ত্র, সুশাসন, দায়িত্ব পালনের অভিজ্ঞতা এবং জীবনের শেষ সময়ের ঘটনাবলি নিয়েও লেখা পাঠানো যাবে। তাঁর ব্যক্তিত্ব, নান্দনিকতা ও আত্মমর্যাদাবোধও স্মারকগ্রন্থে গুরুত্ব পাবে।
অন্যদিকে, খালেদা জিয়ার দীর্ঘ রাজনৈতিক জীবন, সংগ্রাম, নেতৃত্ব, সাফল্য ও জাতীয় জীবনে অবদান নিয়ে একটি তথ্যসমৃদ্ধ প্রামাণ্য ভিডিওচিত্র নির্মাণেরও উদ্যোগ নেওয়া হয়েছে।