নদী দখল-দূষণমুক্ত করে ঢাকায় বৃত্তাকার নৌপথ চালুর পরিকল্পনা সরকারের

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

ঢাকার চারপাশের নদীগুলো দখল ও দূষণমুক্ত করে বৃত্তাকার নৌ-যোগাযোগব্যবস্থা চালুর পরিকল্পনা করছে সরকার। এ লক্ষ্যে নদীর তীর জনবান্ধব ও পরিবেশবান্ধব

2026-11-13T12:12:24+00:00
2026-11-13T12:12:24+00:00
  শনিবার, ১৪ নভেম্বর ২০২৬,
৩০ কার্তিক ১৪৩৩
 
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬
জাতীয়
নদী দখল-দূষণমুক্ত করে ঢাকায় বৃত্তাকার নৌপথ চালুর পরিকল্পনা সরকারের
নিজস্ব প্রতিবেদক
শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬, ১২:১২ পিএম 
নৌপরিবহন, সড়ক পরিবহন ও সেতু এবং রেলপথমন্ত্রী শেখ রবিউল আলম।
ঢাকার চারপাশের নদীগুলো দখল ও দূষণমুক্ত করে বৃত্তাকার নৌ-যোগাযোগব্যবস্থা চালুর পরিকল্পনা করছে সরকার। এ লক্ষ্যে নদীর তীর জনবান্ধব ও পরিবেশবান্ধব করে গড়ে তোলার পাশাপাশি পর্যটন ও বিনোদনের উপযোগী করার উদ্যোগ নেওয়া হয়েছে।

নৌপরিবহন, সড়ক পরিবহন ও সেতু এবং রেলপথমন্ত্রী শেখ রবিউল আলম বলেছেন, চলমান পরিকল্পনাগুলো দ্রুত বাস্তবায়ন করা গেলে ঢাকার চারপাশে কার্যকর বৃত্তাকার নৌ-যোগাযোগব্যবস্থা প্রতিষ্ঠা সম্ভব হবে।

শুক্রবার (১৩ নভেম্বর) সকালে রাজধানীর মোহাম্মদপুরে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) উদ্যোগে আয়োজিত ‘বিআইডব্লিউটিএ ওয়াকওয়ে রান ২০২৬’ অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। এ সময় নিয়মিত হাঁটাচলা করেন এবং ম্যারাথনে অংশ নেন—এমন ব্যক্তিদের সঙ্গেও হাঁটেন মন্ত্রী।

শেখ রবিউল আলম বলেন, নদীর দুই তীর সংরক্ষণ করে মানুষের হাঁটাচলার উপযোগী পরিবেশ তৈরির কাজ চলছে। ইতিমধ্যে বিভিন্ন এলাকায় ওয়াকওয়ে নির্মাণ করা হয়েছে। যেসব স্থানে সংযোগ অসম্পূর্ণ রয়েছে, সেসব মিসিং লিংকও নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। নদীর পাড় এমনভাবে সাজানোর পরিকল্পনা রয়েছে, যাতে মানুষ নিয়মিত হাঁটতে পারেন, নির্মল পরিবেশে সময় কাটাতে পারেন এবং নদীর সৌন্দর্য উপভোগ করতে পারেন।

নদী ও পরিবেশ রক্ষায় জনসম্পৃক্ততার ওপর গুরুত্ব দিয়ে মন্ত্রী বলেন, এ ক্ষেত্রে জনগণের প্রত্যক্ষ ও পরোক্ষ অংশগ্রহণ জরুরি। মানুষকে নদীর প্রতি সচেতন ও দায়িত্বশীল করে তুলতে বিআইডব্লিউটিএ বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করছে। হাঁটা ও ম্যারাথনে অংশগ্রহণকারীদের সঙ্গে এই আয়োজনে যুক্ত হওয়ার উদ্দেশ্য তাঁদের উৎসাহিত করা এবং প্রয়োজনীয় সুযোগ-সুবিধা নিশ্চিত করা।

নদী দখল ও দূষণ রোধে সরকারের পরিকল্পনা তুলে ধরে তিনি জানান, ঢাকার চারপাশের নদীগুলো দূষণমুক্ত করতে প্রায় ৪২৬টি দূষণের উৎস চিহ্নিত করা হয়েছে। এসব স্থান থেকে রাসায়নিক, তরল ও কঠিন বর্জ্য নদীতে গিয়ে পড়ছে। পরিবেশ ও বন মন্ত্রণালয়, বিআইডব্লিউটিএ, সিটি করপোরেশন ও ওয়াসাসহ সংশ্লিষ্ট সংস্থাগুলোর সমন্বয়ে বর্জ্যের উৎস নিয়ন্ত্রণ এবং নদীতে বর্জ্য প্রবেশ বন্ধে কাজ চলছে।

মন্ত্রী বলেন, নদীর তীরে ওয়াকওয়ে নির্মাণের ফলে নদীর সীমানা সংরক্ষণ সহজ হচ্ছে। পাশাপাশি যত্রতত্র ময়লা-আবর্জনা ফেলার প্রবণতাও নিয়ন্ত্রণে আসছে। তবে কিছু এলাকায় এখনো ওয়াকওয়ে নির্মাণ বাকি রয়েছে। সেগুলো দ্রুত শেষ করার পরিকল্পনা নেওয়া হয়েছে।

ঢাকার চারপাশের নদীগুলোকে যোগাযোগের পাশাপাশি পর্যটন ও বিনোদনের কেন্দ্র হিসেবে গড়ে তোলার কথাও জানান মন্ত্রী। এ জন্য নতুন নৌরুট চালু, আধুনিক ও আকর্ষণীয় নৌযান সংযোজন এবং নতুন নৌস্টেশন ও ঘাট নির্মাণের উদ্যোগ নেওয়া হচ্ছে। এসব স্থাপনার সঙ্গে সড়ক যোগাযোগের সমন্বয় রাখার পরিকল্পনাও রয়েছে।

অতীতে ঢাকার চারপাশে বৃত্তাকার নৌপথে যাত্রী পরিবহনের উদ্যোগ নেওয়া হলেও তা প্রত্যাশিত সাফল্য পায়নি বলে উল্লেখ করেন শেখ রবিউল আলম। তাঁর মতে, সড়কপথের তুলনায় নৌপথে যাতায়াতে বেশি সময় লাগা এবং নদীদূষণের কারণে যাত্রীদের অনুকূল পরিবেশের অভাব ছিল এর অন্যতম কারণ।

তিনি বলেন, বর্তমানে নদীদূষণ নিয়ন্ত্রণ, অবৈধ দখল উচ্ছেদ, আধুনিক নৌযান সংযোজন এবং নৌস্টেশন ও ঘাটের উন্নয়নের মাধ্যমে এসব সমস্যা দূর করার উদ্যোগ নেওয়া হয়েছে। কাজগুলো দ্রুত এগিয়ে নেওয়া গেলে ঢাকার এক এলাকা থেকে অন্য এলাকায় যাতায়াতের নতুন সুযোগ তৈরি হবে। একই সঙ্গে নদীকেন্দ্রিক পর্যটন ও বিনোদন কার্যক্রমও বাড়বে।

সরকারের এসব উদ্যোগ বাস্তবায়িত হলে ঢাকার চারপাশের নদীগুলো আবার প্রাণ ফিরে পাবে এবং নগরবাসীর জন্য পরিচ্ছন্ন, পরিবেশবান্ধব ও জনবান্ধব পরিবেশ গড়ে উঠবে বলে আশা প্রকাশ করেন নৌপরিবহনমন্ত্রী।

অনুষ্ঠানে নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব মো. আতাউর রহমান খান, বিআইডব্লিউটিএর চেয়ারম্যান মুহিদুল ইসলাম, সংস্থাটির সদস্য (অর্থ, পরিকল্পনা ও পরিচালন এবং প্রকৌশল) এবং মন্ত্রণালয় ও সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


Loading...
Loading...

জাতীয়- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: