ফ্যাসিবাদ ও স্বৈরাচারী শক্তির বিরুদ্ধে দেশের মানুষ ঐক্যবদ্ধ রয়েছে বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। তিনি বলেছেন, অতীতের ফ্যাসিবাদ ও স্বৈরাচারকে বাংলাদেশে আর রাজনীতি কিংবা সন্ত্রাসের সুযোগ দেবে না জনগণ।
শুক্রবার সকালে জাতীয় প্রেস ক্লাবে ঢাকাস্থ ঝিনাইদহ সাংবাদিক ফোরামের ‘বিশেষ সাধারণ সভায়’ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আইনমন্ত্রী বলেন, বোমা হামলা ও ভয়ভীতি প্রদর্শনের মাধ্যমে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিকে বাংলাদেশে ফিরিয়ে আনার চেষ্টা যারা করছেন, তারা এখনো দেশের মানুষের মনোভাব বুঝতে পারেননি। জনগণ তাদের প্রত্যাখ্যান করেছে।
সরকারের গত নয় মাসের কার্যক্রম তুলে ধরে মো. আসাদুজ্জামান দাবি করেন, এ সময়ে কোনো বিচারবহির্ভূত হত্যা বা গুমের ঘটনা ঘটেনি। পুলিশও বাদী হয়ে মিথ্যা মামলা করার পুরোনো সংস্কৃতি থেকে বেরিয়ে এসেছে। সরকার সঠিক আইনি প্রক্রিয়া অনুসরণ করেই দেশ পরিচালনা করছে।
গণমাধ্যমকে সরকারের এসব কার্যক্রম তুলে ধরার আহ্বান জানিয়ে তিনি বলেন, সংবাদমাধ্যমে শুধু সরকারের নেতিবাচক দিক নয়, মানুষের অধিকার প্রতিষ্ঠায় সরকার কী পদক্ষেপ নিচ্ছে, সেটিও গুরুত্ব পাওয়া উচিত। তবে সরকারের কাজে কোনো নেতিবাচক দিক থাকলে তা প্রকাশের স্বাধীনতা সাংবাদিকদের রয়েছে।
সাংবাদিকতার মর্যাদা ও মানুষের আস্থা অটুট রাখতে অপসাংবাদিকতা এবং ইয়েলো জার্নালিজমের বিরুদ্ধে সাংবাদিকদের সোচ্চার হওয়ার আহ্বান জানান আইনমন্ত্রী।