সন্তানের চিকিৎসা, চোখের দৃষ্টি হারানোর শঙ্কা কিংবা আর্থিক সংকটে পড়ালেখা বন্ধ হওয়ার উপক্রম—এমন নানা সমস্যা নিয়ে চট্টগ্রাম জেলা প্রশাসকের সাপ্তাহিক গণশুনানিতে হাজির হয়েছিলেন অসহায় মানুষ। কেউ এসেছিলেন দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত সন্তানের চিকিৎসার সহায়তা চাইতে, কেউ নিজের চিকিৎসার জন্য আর্থিক সহযোগিতার আশায়। তাঁদের দুর্দশার কথা শুনে তাৎক্ষণিক আর্থিক সহায়তা দিয়েছেন চট্টগ্রামের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা।
বুধবার (১১ নভেম্বর) বেলা ১১টায় জেলা প্রশাসকের কার্যালয়ে এ গণশুনানি অনুষ্ঠিত হয়। এতে জেলার বিভিন্ন উপজেলা ও মহানগর এলাকা থেকে ১৬ জন সেবাপ্রত্যাশী সরাসরি উপস্থিত হন। পাশাপাশি একজন প্রবাসী অনলাইনে যুক্ত হন। শুনানিতে অসুস্থ ও অসহায় আট ব্যক্তি এবং একজন শিক্ষার্থীকে আর্থিক সহায়তা দেওয়া হয়।
সন্তানের চিকিৎসায় অসহায় দুই মা
পাঁচলাইশের নার্গিস আক্তারের তিন বছর পাঁচ মাস বয়সী ছেলে আরাবী হোসেন আলিফ দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত। স্বামী খোঁজখবর না নেওয়ায় চরম আর্থিক সংকটে পড়ে ভিক্ষাবৃত্তি করে দিন কাটাতে হচ্ছে তাঁকে। সন্তানের চিকিৎসা করাতে দিশাহারা এই মায়ের আবেদনে সাড়া দিয়ে আর্থিক সহায়তা দেন জেলা প্রশাসক।
একই ধরনের সংকট নিয়ে গণশুনানিতে আসেন চাঁদগাঁও এলাকার তাহমিনা বেগম। তাঁর শিশুসন্তান মস্তিষ্কের সংক্রমণে আক্রান্ত। তাঁর চিকিৎসার জন্যও সহায়তা দেওয়া হয়।
চোখের দৃষ্টি হারানোর শঙ্কা
পটিয়ার নুরুল কবির ছোটবেলা থেকেই চোখের সমস্যায় ভুগছেন। বর্তমানে এক চোখে একেবারেই দেখতে পান না তিনি। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী কম্পিউটারে কাজ করা থেকে বিরত থাকার কথা থাকলেও সংসার ও সন্তানদের পড়ালেখার খরচ জোগাতে গিয়ে নিজের চিকিৎসা করানো তাঁর জন্য কঠিন হয়ে পড়েছিল। তাঁর সমস্যার কথা শুনে তাৎক্ষণিক আর্থিক সহায়তা দেন জেলা প্রশাসক।
চিকিৎসা ও শিক্ষায় সহায়তা
সড়ক দুর্ঘটনায় পা হারানো ফজল করিম, পক্ষাঘাতগ্রস্ত মুনমুন, জটিল রোগে আক্রান্ত শাহানা বেগম এবং হেপাটাইটিস সি ও ডায়াবেটিসে আক্রান্ত শিক্ষক শেখ মুনতাসির তারেক বিন হাফিজকেও চিকিৎসার জন্য আর্থিক সহায়তা দেওয়া হয়।
এ ছাড়া বাবার অসুস্থতার কারণে পড়ালেখা বন্ধ হওয়ার উপক্রম হওয়া রাঙ্গুনিয়ার দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী চন্দ্রিমা সিংহকে শিক্ষাসহায়তা দেওয়া হয়।
চিকিৎসা ও শিক্ষাসহায়তার পাশাপাশি গণশুনানিতে জমিসংক্রান্ত বিরোধ এবং সম্পত্তি জবরদখলের কয়েকটি অভিযোগও ওঠে। এসব বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে তাৎক্ষণিক নির্দেশ দেন জেলা প্রশাসক।
গণশুনানিতে অসহায় মানুষের সমস্যার কথা শুনে তাৎক্ষণিক সহায়তা ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের উদ্যোগ স্থানীয়দের প্রশংসা কুড়িয়েছে।