এজাহারভুক্ত ৬ আসামি বাদ দেওয়ার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ

কুড়িগ্রাম জেলা সংবাদদাতা

সারাদেশ

কুড়িগ্রাম সদর উপজেলার জাহিদ হাসান বশির হত্যা মামলায় এজাহারভুক্ত সাত আসামির মধ্যে ছয়জনকে চূড়ান্ত অভিযোগপত্র (চার্জশিট) থেকে বাদ দেওয়ার অভিযোগ

2026-11-11T15:38:33+00:00
2026-11-11T16:22:04+00:00
  বুধবার, ১১ নভেম্বর ২০২৬,
২৭ কার্তিক ১৪৩৩
 
বুধবার, ১১ নভেম্বর ২০২৬
সারাদেশ
পরকীয়ার জেরে স্বামী হত্যা
এজাহারভুক্ত ৬ আসামি বাদ দেওয়ার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ
কুড়িগ্রাম জেলা সংবাদদাতা
বুধবার, ১১ নভেম্বর, ২০২৬, ৩:৩৮ পিএম  আপডেট: ১১.১১.২০২৬ ৪:২২ পিএম
এজাহারভুক্ত ৬ আসামি বাদ দেওয়ার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ
কুড়িগ্রাম সদর উপজেলার জাহিদ হাসান বশির হত্যা মামলায় এজাহারভুক্ত সাত আসামির মধ্যে ছয়জনকে চূড়ান্ত অভিযোগপত্র (চার্জশিট) থেকে বাদ দেওয়ার অভিযোগ উঠেছে। মামলার সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচারের স্বার্থে বাদ পড়া আসামিদের সংশ্লিষ্টতা যাচাইসহ পুনঃতদন্তের দাবি জানিয়েছেন নিহতের বাবা ও মামলার বাদী রফিকুল ইসলাম।

এ দাবিতে বুধবার (১১ নভেম্বর) সকাল ১১টায় কুড়িগ্রাম প্রেসক্লাবের সামনে মানববন্ধন করেন নিহতের পরিবারের সদস্য ও এলাকাবাসী। ঘণ্টাব্যাপী মানববন্ধন শেষে তাঁরা বিক্ষোভ মিছিল নিয়ে পুলিশ সুপারের কার্যালয়ে যান এবং স্মারকলিপি জমা দেন।

পুলিশ সুপারের কাছে দেওয়া আবেদনে উল্লেখ করা হয়, ২০২৫ সালের ৪ ডিসেম্বর রাত সাড়ে ৮টার দিকে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে কুড়িগ্রাম সদর উপজেলার মোগলবাসা ইউনিয়নের কেকতির পাড় গ্রামে অটোরিকশাচালক জাহিদ হাসান বশিরকে আসাদুজ্জামান ও তাঁর পরিবারের সদস্যরা বাড়িতে ডেকে নিয়ে যান। সেখানে তাঁকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও মারধর করে হত্যা করা হয় বলে অভিযোগ করা হয়েছে।

এ ঘটনায় নিহতের বাবা রফিকুল ইসলাম বাদী হয়ে কুড়িগ্রাম সদর থানায় সাতজনকে আসামি করে হত্যা মামলা করেন।

বাদীর অভিযোগ, তদন্তকারী কর্মকর্তা ২০২৬ সালের ১৩ সেপ্টেম্বর আদালতে জমা দেওয়া তদন্ত প্রতিবেদনে এজাহারভুক্ত সাত আসামির মধ্যে শুধু এক নম্বর আসামিকে রেখেছেন। বাকি ছয়জনকে বাদ দিয়ে নতুন কয়েকজনের নাম অন্তর্ভুক্ত করা হয়েছে।

আবেদনে বাদীপক্ষ আরও দাবি করে, মামলার প্রধান আসামি জিজ্ঞাসাবাদে নিজের পরিবারের সদস্যদের সংশ্লিষ্টতার বিষয়টি এড়িয়ে গিয়ে হত্যাকাণ্ডে জড়িত হিসেবে তাঁর বন্ধুদের নাম উল্লেখ করেন। পরবর্তী সময়ে তদন্ত প্রতিবেদনেও এজাহারভুক্ত পরিবারের ছয় সদস্যকে বাদ দিয়ে ওই বন্ধুদের অন্তর্ভুক্ত করা হয়েছে।

বাদীপক্ষের দাবি, হত্যাকাণ্ডের ঘটনাস্থল ছিল প্রধান আসামির বাড়ির আঙিনা। সেখানে জাহিদ হাসান বশিরকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও মারধর করে হত্যা করা হয়। মামলার বিবরণ ও প্রাসঙ্গিক আলামত বিশ্লেষণ করে প্রধান আসামির পরিবারের সদস্যদের সংশ্লিষ্টতার বিষয়টিও গুরুত্বের সঙ্গে তদন্ত করা প্রয়োজন।

আবেদনে নিহত জাহিদ হাসানের স্ত্রীর সঙ্গে মামলার প্রধান আসামির অনৈতিক সম্পর্ক বা পরকীয়ার অভিযোগও তোলা হয়েছে। বাদীপক্ষের দাবি, এ ঘটনাকে কেন্দ্র করে দুই পরিবারের মধ্যে বিরোধ চলছিল এবং বিষয়টি নিয়ে একাধিকবার সালিস-বৈঠকও হয়েছিল।

বাদীপক্ষের আশঙ্কা, তদন্তে এসব বিষয় যথাযথভাবে বিবেচনায় নেওয়া হয়নি। এতে প্রকৃত অপরাধীরা বিচারের আওতার বাইরে থেকে যেতে পারেন।

এ অবস্থায় মামলার সব দিক পুনরায় খতিয়ে দেখা, বাদ পড়া এজাহারভুক্ত আসামিদের সংশ্লিষ্টতা যাচাই এবং নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত অপরাধীদের আইনের আওতায় আনার জন্য পুলিশ সুপারের হস্তক্ষেপ কামনা করেছেন নিহতের বাবা রফিকুল ইসলাম।

মানববন্ধনে বক্তব্য দেন মোছা. আয়শা বেগম, আরিফা বেগম, মো. খায়রুজ্জামান, আলআমীন মিয়াসহ স্থানীয়রা।



Loading...
Loading...

সারাদেশ- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: