যমুনার ভাঙনে সর্বস্ব হারানো মানুষ নতুন করে জেগে ওঠা চরে ফসল আবাদ করে বেঁচে থাকার স্বপ্ন দেখছিলেন। কিন্তু সেই চরের মাটি ও বালু অবৈধভাবে কেটে নেওয়ার অভিযোগ উঠেছে একটি প্রভাবশালী চক্রের বিরুদ্ধে। এতে চরনির্ভর কৃষকদের আবাদ ও জীবিকা হুমকির মুখে পড়েছে।
সিরাজগঞ্জ সদর উপজেলার ছোনগাছা ইউনিয়নের মতিয়ারপুর এলাকায় এ ঘটনা ঘটছে। উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, যমুনা নদীতে সদর উপজেলার শিমলা, জিআর পাড়া ও চণ্ডালবয়ড়া—এই তিনটি মৌজা বালুমহাল হিসেবে ইজারা দেওয়া হয়েছে। তবে মতিয়ারপুর এলাকায় কোনো ইজারাকৃত বালুমহাল নেই। এরপরও সেখানে মাটি ও বালু উত্তোলন করা হচ্ছে। অভিযোগ রয়েছে, বৈধ বালুমহালের ইজারাদার হাজী আব্দুস সাত্তারের নাম ব্যবহার করে স্থানীয় বিএনপি নেতা আনোয়ার হোসেনের নেতৃত্বে এসব মাটি ও বালু উত্তোলন করা হচ্ছে।
স্থানীয়দের অভিযোগ, যমুনার পানি কমে বিশাল চর জেগে ওঠার পর সেখানে বাদাম, কালাই ও মরিচসহ বিভিন্ন ফসলের আবাদ শুরু করেন ভাঙনকবলিত মানুষ। কিন্তু একটি প্রভাবশালী চক্র গভীর রাত থেকে সকাল পর্যন্ত নৌকায় করে চর থেকে মাটি ও বালু কেটে পাঁচঠাকুরী নৌকাঘাটে নিয়ে স্তূপ করছে। পরে ট্রাকে করে সেগুলো বিভিন্ন স্থানে বিক্রি করা হচ্ছে।
চরের বাসিন্দা জাহাঙ্গীর, আব্দুল করিম ও মোতাহার হোসেন বলেন, যমুনার ভাঙনে বাড়িঘর হারিয়ে তাঁরা আফানিয়ার চরে ঝুপড়ি ঘরে বসবাস করছেন। নতুন জেগে ওঠা চরে চাষাবাদ করে জীবিকা নির্বাহের চেষ্টা করছিলেন। কিন্তু প্রভাবশালীরা মাটি কেটে নেওয়ায় তাঁদের আবাদ ও জীবিকা অনিশ্চিত হয়ে পড়েছে। তাঁরা বাধা দিলে মাটি কাটার সঙ্গে জড়িত ব্যক্তিরা ইজারাদারকে টাকা দিয়ে মাটি কাটছেন বলে দাবি করেন।
ওয়ার্ড যুবদলের সভাপতি ফরহাদ হোসেন কালু বলেন, প্রশাসনের নজর এড়িয়ে একটি প্রভাবশালী সিন্ডিকেট বালু উত্তোলন করছে। এতে দরিদ্র কৃষকদের জীবিকা বিপন্ন হচ্ছে।
তবে বালু উত্তোলনের সঙ্গে জড়িত কর্মচারীদের দাবি, তাঁরা হাজী আব্দুস সাত্তারের কাছ থেকে বালু কিনে উত্তোলন করছেন। হাজী আব্দুস সাত্তার বলেন, বৈধ মহাল থেকে উত্তোলিত বালু কিনে তাঁরা বিক্রি করার কথা। মতিয়ারপুরের চর কেটে নেওয়ার সঙ্গে তাঁর কোনো সম্পৃক্ততা নেই। কেউ অবৈধভাবে বালু উত্তোলন করলে সে বিষয়ে সংবাদ প্রকাশের আহ্বান জানান তিনি।
সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ-হেল-মাফি বলেন, ইজারাকৃত বালুমহালের বাইরে বালু উত্তোলনের সুযোগ নেই। নদীর চর কেটেও বালু বা মাটি নেওয়ার সুযোগ নেই। বিষয়টি তিনি অবগত হয়েছেন। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।