ইরানের কাছ থেকে প্রাণনাশের হুমকি পাওয়ার পর নিজ বাড়ি ছেড়ে সামরিক ঘাঁটিতে বসবাস শুরু করেছেন যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রী স্কট বেসেন্ট। নিরাপত্তাঝুঁকি বিবেচনায় সম্প্রতি তিনি এ সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমস।
বুধবার (১১ নভেম্বর) সংবাদমাধ্যমটির এক প্রতিবেদনে বিষয়টি সম্পর্কে অবগত একাধিক সূত্রের বরাতে এ তথ্য প্রকাশ করা হয়।
প্রতিবেদনে বলা হয়েছে, স্কট বেসেন্টের বিরুদ্ধে আসা হুমকির প্রকৃত মাত্রা ও ভয়াবহতা এখনো স্পষ্ট নয়। তবে ইরান যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের লক্ষ্যবস্তু করার তৎপরতা বাড়িয়েছে। এ পরিস্থিতিতে সম্ভাব্য নিরাপত্তাঝুঁকি এড়াতে অর্থমন্ত্রীকে নিজ বাসভবন ছাড়তে হয়েছে।
গত মাসের শেষ দিকে বার্তা সংস্থা রয়টার্সের হাতে আসা ট্রাম্প প্রশাসনের এক জ্যেষ্ঠ গোয়েন্দা কর্মকর্তার স্মারকলিপিতেও এ বিষয়ে সতর্ক করা হয়েছিল। ওই স্মারকলিপিতে বলা হয়, মার্কিন নাগরিকদের লক্ষ্য করে প্রাণঘাতী হামলা চালানোর তেহরানের ষড়যন্ত্রগুলো উন্নত পর্যায়ে পৌঁছেছে।
তবে যুক্তরাষ্ট্রের ভূখণ্ডে কিংবা বিদেশের অন্য কোনো স্থানে বড় ধরনের হামলা চালানোর সক্ষমতা ইরানের সীমিত বলে মনে করছেন মার্কিন কর্মকর্তারা। অন্যদিকে, যুক্তরাষ্ট্রের মাটিতে হামলা কিংবা মার্কিন কর্মকর্তাদের হত্যার ষড়যন্ত্রে জড়িত থাকার অভিযোগ আগেই অস্বীকার করেছে তেহরান।
এ বিষয়ে মন্তব্য জানতে যোগাযোগ করা হলেও তাৎক্ষণিকভাবে কোনো প্রতিক্রিয়া জানায়নি মার্কিন অর্থ মন্ত্রণালয়।
গত ২৮ ফেব্রুয়ারি শুরু হওয়া যুক্তরাষ্ট্র-ইসরাইল ও ইরানের যুদ্ধের মধ্যে তেহরানের ওপর ওয়াশিংটনের অর্থনৈতিক চাপ প্রয়োগের প্রচেষ্টায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন স্কট বেসেন্ট। যুদ্ধের প্রেক্ষাপটে ইরানের বিরুদ্ধে মার্কিন প্রশাসনের অর্থনৈতিক পদক্ষেপ বাস্তবায়নে তিনি অন্যতম প্রধান দায়িত্ব পালন করছেন।