ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে ক্ষমতা থেকে সরাতে একাট্টা হওয়ার চেষ্টা জোরদার করেছে দেশটির বিরোধী দলগুলো। এ লক্ষ্যে আরও কঠোর অবস্থান নিয়েছেন নতুন সরকার গঠনের উদ্যোগ নেওয়া গাদি আইজেনকোট। নেতানিয়াহুর সাম্প্রতিক বক্তব্যকে ‘ঘৃণাপূর্ণ ও লজ্জাজনক’ আখ্যা দিয়ে তিনি বলেছেন, প্রধানমন্ত্রীর পদে থাকার নৈতিক যোগ্যতা হারিয়েছেন নেতানিয়াহু।
একই সঙ্গে আরব নেতৃত্বাধীন রাজনৈতিক দলগুলোর জোট জয়েন্ট লিস্টও নেতানিয়াহুর সরকারের পতন ঘটাতে সক্রিয় হওয়ার ঘোষণা দিয়েছে। পার্লামেন্টের স্পিকার পরিবর্তন থেকে শুরু করে সরকার বিলুপ্ত করার উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছে জোটটি।
মঙ্গলবার (১০ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে আইজেনকোট বলেন, ২৬তম নেসেটের শপথগ্রহণের মতো গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় অনুষ্ঠানকে রাজনৈতিক বিভেদ ও বিদ্বেষ ছড়ানোর মঞ্চ হিসেবে ব্যবহার করেছেন বিদায়ী প্রধানমন্ত্রী।
আইজেনকোটের ভাষায়, নেতানিয়াহুর উসকানিমূলক, বিভেদ সৃষ্টিকারী ও ঘৃণায় পরিপূর্ণ বক্তব্য শুনে তিনি আরও নিশ্চিত হয়েছেন যে, নেতানিয়াহুর আর এক মুহূর্তও ক্ষমতায় থাকা উচিত নয়।
ইয়াশার পার্টির এই নেতা আবারও একটি ‘জাতীয় জরুরি সরকার’ গঠনের প্রতিশ্রুতি দিয়েছেন। তার অভিযোগ, নেতানিয়াহুর নেতৃত্বে ইসরাইলের সমাজে বিভাজন বাড়ছে এবং দেশটির জাতীয় নিরাপত্তা হুমকির মুখে পড়ছে।
অন্যদিকে জয়েন্ট লিস্টও নেতানিয়াহুর বক্তব্যের তীব্র সমালোচনা করেছে। দলটি তার বক্তব্যকে উন্মত্ততাপূর্ণ, উসকানিমূলক ও বর্ণবাদী বলে অভিহিত করেছে। এক বিবৃতিতে জোটটি জানায়, নেতানিয়াহুকে ক্ষমতা থেকে সরানো, পার্লামেন্টের স্পিকার পরিবর্তন এবং বর্তমান সরকারের অবসান ঘটাতে দ্রুত রাজনৈতিক পদক্ষেপ নেওয়া হবে।
জয়েন্ট লিস্টের দাবি, ইসরাইলের পাঁচ লাখের বেশি নাগরিক নেতানিয়াহুর ক্ষমতাচ্যুতি চান। এই লক্ষ্য অর্জনে নিজেদের সর্বোচ্চ প্রচেষ্টা চালানোর কথাও জানিয়েছে দলটি।
এদিকে আরব দল রা'আমের নেতা মানসুর আব্বাসও নেতানিয়াহুর বক্তব্যের নিন্দা করেছেন। ইসরাইলের চ্যানেল ১২-কে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, রাষ্ট্রীয় অনুষ্ঠানকে মিথ্যা প্রচার, উসকানি এবং আরব রাজনৈতিক দলগুলোর বিরুদ্ধে রক্তপাতের অভিযোগ তোলার মঞ্চ হিসেবে ব্যবহার করায় তিনি বিস্মিত।
আব্বাস বলেন, তারা আইনের প্রতি শ্রদ্ধাশীল ইসরাইলি নাগরিক। ইসলামি রাষ্ট্র কিংবা আলাদা আরব রাষ্ট্র প্রতিষ্ঠা তাদের লক্ষ্য নয়; বরং ইসরাইলের নাগরিক হিসেবেই নিজেদের পরিচয় দিতে চান তারা।
তিনি আরও বলেন, শান্তিপূর্ণ সহাবস্থান এবং দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধানের মাধ্যমে সংঘাতের অবসান চান তারা। সন্ত্রাসবাদের বিরোধিতা করেন এবং নিজেরাও এর শিকার হয়েছেন।
উল্লেখ্য, সর্বশেষ নির্বাচনে নেতানিয়াহুর নেতৃত্বাধীন জোট পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠতা হারিয়েছে। বর্তমানে বিরোধী দলগুলোর হাতে রয়েছে ৬৭টি আসন। এই সংখ্যাগরিষ্ঠতাকে কাজে লাগিয়ে নতুন সরকার গঠনের উদ্যোগ নিয়েছেন আইজেনকোট।
তবে সরকার গঠনের ক্ষেত্রে আরব দলগুলোর সমর্থন নেওয়া হবে কি না, তা নিয়ে বিরোধী শিবিরের মধ্যে মতপার্থক্য রয়েছে। ফলে সংখ্যাগরিষ্ঠ আসন থাকা সত্ত্বেও নেতানিয়াহুকে সরিয়ে নতুন সরকার গঠনের রাজনৈতিক সমীকরণ এখনো পুরোপুরি নিশ্চিত নয়।