ইয়েমেনে ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীদের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎপাদন ও সংযোজনের কাজে ব্যবহৃত তিনটি স্থাপনা ধ্বংসের দাবি করেছে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট। এসব স্থাপনার একটিতে ক্ষেপণাস্ত্রের যন্ত্রাংশ তৈরি ও সংযোজন, অন্যটিতে কঠিন জ্বালানি এবং তৃতীয়টিতে ইলেকট্রনিক ব্যবস্থা প্রস্তুত করা হতো বলে জানিয়েছে জোট।
সোমবার (৯ নভেম্বর) এক বিবৃতিতে এ তথ্য জানান জোটের মুখপাত্র মেজর জেনারেল তুর্কি আল মালিকি। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে প্রকাশিত বিবৃতিতে তিনি অভিযানের বিস্তারিত তুলে ধরেন।
জোটের দাবি অনুযায়ী, ধ্বংস করা তিনটি স্থাপনার মধ্যে প্রথমটি ছিল ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের বিভিন্ন যন্ত্রাংশ উৎপাদন ও সংযোজনের কারখানা। দ্বিতীয় স্থাপনাটি রাসায়নিক প্ল্যান্ট, যেখানে ক্ষেপণাস্ত্রের জন্য কঠিন প্রোপেল্যান্ট বা জ্বালানি তৈরির কাজ চলত। তৃতীয় স্থাপনাটিতে ক্ষেপণাস্ত্রের ইলেকট্রনিক সিস্টেম সংযোজন করা হতো।
মেজর জেনারেল মালিকি বলেন, সৌদি আরব ও ইয়েমেনে বেসামরিক নাগরিক এবং বেসামরিক স্থাপনা লক্ষ্য করে হুথিদের ধারাবাহিক হামলার জবাবে এ সামরিক অভিযান পরিচালনা করা হয়েছে।
তিনি আরও জানান, হুথিদের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সক্ষমতা ও উৎপাদন নেটওয়ার্ক দুর্বল এবং ধ্বংস করার প্রচেষ্টা অব্যাহত থাকবে।
এদিকে হুথিদের ক্ষেপণাস্ত্র স্থাপনায় হামলার পরদিন মঙ্গলবার ভোরে সৌদি আরবের বিভিন্ন লক্ষ্যবস্তুতে নতুন করে হামলার চেষ্টা চালানো হয়। সৌদি জোটের দাবি, হুথি বিদ্রোহীরা পূর্বাঞ্চলীয় প্রদেশ লক্ষ্য করে বিস্ফোরক ড্রোন, রাজধানী রিয়াদ অভিমুখে দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং দেশটির দক্ষিণাঞ্চল লক্ষ্য করে আরও একটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে।
তবে লক্ষ্যবস্তুতে পৌঁছানোর আগেই ড্রোন ও ক্ষেপণাস্ত্রগুলো প্রতিহত করে ধ্বংস করা হয়েছে বলে জানিয়েছে সৌদি জোট।
সূত্র: আরব নিউজ