চীনের অত্যাধুনিক চালকবিহীন যুদ্ধবিমান জেজি-১১-এর ভেতরের প্রযুক্তি ও যুদ্ধক্ষমতার নানা দিক প্রকাশ্যে এনেছে দেশটির রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম সিসিটিভি। সম্প্রতি প্রকাশিত একটি ভিডিওতে প্রথমবারের মতো এই ড্রোনের সরাসরি গোলাবর্ষণ মিশনের দৃশ্য, বিশেষ নকশা, অভ্যন্তরীণ অস্ত্র সংরক্ষণব্যবস্থা এবং রাডার এড়ানোর প্রযুক্তি তুলে ধরা হয়েছে। পাশাপাশি ড্রোনটি পরিচালনায় প্রশিক্ষিত নারী অপারেটরদের ভূমিকাও দেখানো হয়েছে।
ভিডিওতে শি জিয়াওরান ও ফু তিং নামের দুই নারী অপারেটরকে দেখা যায়। তারা চীনের পিপলস লিবারেশন আর্মি এয়ার ফোর্সের (পিএলএএএফ) প্রথম প্রশিক্ষিত নারী ড্রোন অপারেটর দলের সদস্য। সিসিটিভির তথ্য অনুযায়ী, মাত্র পাঁচ মাসের প্রশিক্ষণ শেষে নিজেদের প্রথম সরাসরি গোলাবর্ষণ মিশনে অংশ নেন তারা। ওই অভিযানে জেজি-১১ ব্যবহার করে নির্ধারিত লক্ষ্যবস্তুতে সফলভাবে আঘাত হানেন দুই অপারেটর।
লেজবিহীন নকশাই প্রধান বৈশিষ্ট্য
‘জুয়ানলং’ সাংকেতিক নামের জেজি-১১ ড্রোনের অন্যতম উল্লেখযোগ্য বৈশিষ্ট্য এর লেজবিহীন ফ্লাইং-উইং নকশা। প্রচলিত যুদ্ধবিমানের মতো আলাদা লেজ না থাকায় এর পুরো কাঠামো অনেকটাই ডানার আকৃতির। বিশেষজ্ঞদের মতে, এই নকশা ড্রোনটির স্টেলথ সক্ষমতা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
সিসিটিভির প্রকাশিত ভিডিওতে ড্রোনটির ওপরের অংশে থাকা বাতাস প্রবেশের পথ বা এয়ার ইনটেক, পেছনের চ্যাপ্টা কাঠামো, ল্যান্ডিং গিয়ার এবং অভ্যন্তরীণ অস্ত্র রাখার জায়গা দেখা গেছে।
এর অস্ত্রগুলো ডানার নিচে ঝুলিয়ে রাখার পরিবর্তে বিমানের ভেতরেই সংরক্ষণ করা হয়। ফলে বাইরে থেকে অস্ত্রের উপস্থিতি সহজে বোঝা যায় না। এতে রাডারে ড্রোনটির প্রতিফলন কমানোর সুবিধা পাওয়া যায়।
রাডার এড়াতে বিশেষ প্রযুক্তি
চীনা সামরিক বিশেষজ্ঞ সং ঝংপিং দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম গ্লোবাল টাইমসকে বলেন, জেজি-১১-এর ওপরের দিকে থাকা এয়ার ইনটেক এবং বিশেষ ধরনের এক্সজস্ট নজল এর স্টেলথ বৈশিষ্ট্য বাড়াতে সহায়তা করে। এ ছাড়া ড্রোনটির বহিরাবরণে এমন বিশেষ প্রলেপ ব্যবহার করা হয়েছে, যা রাডারের সংকেত শোষণ করতে পারে।
এই প্রযুক্তিগুলোর সমন্বয়ে শত্রুপক্ষের রাডারে শনাক্ত হওয়ার ঝুঁকি কমিয়ে প্রতিপক্ষের আকাশসীমায় প্রবেশের সক্ষমতা তৈরি হয়েছে। ড্রোনটি নির্ভুলভাবে বোমা হামলা চালানোর পাশাপাশি শত্রুর আকাশ প্রতিরক্ষাব্যবস্থায় আঘাত হানতেও সক্ষম বলে দাবি করেছেন ওই বিশেষজ্ঞ।
উচ্চ ঝুঁকির অভিযানে ব্যবহারের পরিকল্পনা
সিসিটিভির তথ্য অনুযায়ী, জেজি-১১-এর মতো চালকবিহীন যুদ্ধবিমান মূলত ঝুঁকিপূর্ণ সামরিক অভিযানে ব্যবহার করার পরিকল্পনা রয়েছে। এর ফলে যুদ্ধক্ষেত্রে পাইলটদের জীবন এবং প্রচলিত যুদ্ধবিমানের ক্ষয়ক্ষতির ঝুঁকি কমানো সম্ভব হবে।
ড্রোনটি পরিচালনার জন্য রয়েছে বিশেষ মোবাইল কমান্ড কেবিন। সেখানে বসেই অপারেটররা দূর থেকে এর গতিবিধি ও অভিযান নিয়ন্ত্রণ করেন। যুদ্ধক্ষেত্রের পরিস্থিতি এবং মিশনের ধরন অনুযায়ী প্রশিক্ষণের সময় ছয় ঘণ্টা থেকে কয়েক দিন পর্যন্ত হতে পারে বলে জানিয়েছে সিসিটিভি।
চীনের আকাশযুদ্ধ কৌশলে নতুন সংযোজন
২০১৯ সালে বেইজিংয়ে আয়োজিত সামরিক কুচকাওয়াজে প্রথমবারের মতো প্রকাশ্যে আনা হয় জেজি-১১। পরে ২০২৫ সালে চীনের বিমানবাহিনীর ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রকাশিত একটি ভিডিওতে জে-২০ স্টেলথ যুদ্ধবিমান এবং জে-১৬ডি ইলেকট্রনিক ওয়ারফেয়ার বিমানের সঙ্গে একই আকাশে উড়তে দেখা যায় ড্রোনটিকে।
সামরিক বিশ্লেষকদের মতে, জেজি-১১-এর মতো অত্যাধুনিক চালকবিহীন যুদ্ধবিমান ভবিষ্যতের আকাশযুদ্ধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। বিশেষ করে স্টেলথ প্রযুক্তি, অভ্যন্তরীণ অস্ত্র বহনের ব্যবস্থা এবং দূরনিয়ন্ত্রিত পরিচালনব্যবস্থার সমন্বয় চীনের সামরিক সক্ষমতায় নতুন মাত্রা যোগ করতে পারে।