ইরানের বিরুদ্ধে আবারও সামরিক অভিযান শুরু করতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ওপর নিয়মিত চাপ সৃষ্টি করছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এ লক্ষ্য বাস্তবায়নে তিনি প্রায় প্রতিদিনই ট্রাম্পকে ফোন করছেন বলে এক প্রতিবেদনে দাবি করা হয়েছে। তবে নতুন করে যুদ্ধ শুরু হলে চলমান কূটনৈতিক উদ্যোগ ভেস্তে যেতে পারে—এমন আশঙ্কায় যুক্তরাষ্ট্রের প্রশাসনের একাংশ এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের নেতারা এর বিরোধিতা করছেন।
সোমবার প্রকাশিত ব্রিটিশ সংবাদমাধ্যম ফিন্যান্সিয়াল টাইমসের এক প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে।
আলোচনার বিষয়ে অবগত এক ব্যক্তির বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান পুনরায় শুরুর আহ্বান জানিয়ে নেতানিয়াহু প্রতিদিনই ট্রাম্পকে ফোন করছেন। অন্যদিকে, হোয়াইট হাউসের ভেতরে ও বাইরে অনেকেই নতুন করে সংঘাত শুরুর বিপক্ষে অবস্থান নিয়েছেন। তারা নেতানিয়াহুর চাপ মোকাবিলায় পাল্টা উদ্যোগ নেওয়ার চেষ্টা করছেন।
মধ্যপ্রাচ্যের আঞ্চলিক নেতারাও ট্রাম্পকে উত্তেজনা না বাড়িয়ে কূটনৈতিক আলোচনার মাধ্যমে সংকট সমাধানের পরামর্শ দিচ্ছেন।
তবে ইসরায়েলের পরিস্থিতি সম্পর্কে অবগত আরেকটি সূত্র জানিয়েছে, নেতানিয়াহু ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান পুনরায় শুরু করতে আগ্রহী হলেও এ বিষয়ে ট্রাম্পকে রাজি করাতে এখন পর্যন্ত কোনো সমন্বিত প্রচেষ্টা চালানো হচ্ছে না।
ফিন্যান্সিয়াল টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, নেতানিয়াহুর এমন তৎপরতা আরব ও মুসলিম বিশ্বের নেতাদের মধ্যে উদ্বেগ বাড়িয়েছে।
এদিকে সোমবার ট্রাম্প জানিয়েছেন, উপসাগরীয় অঞ্চলের মিত্র দেশগুলো ইরানের বিরুদ্ধে নতুন করে সামরিক অভিযান শুরুর পক্ষে নয়। কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুল রহমান আল থানির সঙ্গে আলোচনার পর সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে তিনি এ কথা জানান।
ট্রাম্পের ভাষ্য অনুযায়ী, কাতার, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন ও কুয়েতসহ উপসাগরীয় অঞ্চলের অন্যান্য দেশও বর্তমান পরিস্থিতি বজায় রাখার পক্ষে রয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের সরকারকে ক্ষমতাচ্যুত করার লক্ষ্য নিয়ে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ সামরিক অভিযান আবারও শুরু করতে চান নেতানিয়াহু। তবে ট্রাম্পের বক্তব্যে ভিন্ন অবস্থান দেখা গেছে। তিনি দাবি করেছেন, প্রায় নয় মাস ধরে চলা যুদ্ধের অবসানের লক্ষ্যে ইতিবাচক অগ্রগতি হয়েছে। একই সঙ্গে ইরানে নতুন করে মার্কিন হামলার সম্ভাবনাও এখন খুব কম বলে জানিয়েছেন তিনি।
তথ্যসূত্র: ফিন্যান্সিয়াল টাইমস, আনাদোলু