কোনো ধরনের চাপ, হুমকি কিংবা শক্তি প্রয়োগের কাছে নতি স্বীকার করবে না ইরান। তবে ন্যায়বিচার ও সমতার ভিত্তিতে আলোচনার মাধ্যমে বিরোধ নিষ্পত্তিতে তেহরান আগ্রহী বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান।
রোববার ইরান মিল্ক ইন্ডাস্ট্রিজ কোম্পানি (পেগাহ)-এর ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
পেজেশকিয়ান অভিযোগ করেন, ইরানের প্রতিপক্ষ যুক্তরাষ্ট্র ও ইসরায়েল দেশটির ওপর হামলার চেষ্টা চালিয়ে যাচ্ছে। এ পরিস্থিতিতে সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোজতবা হোসেইনি খামেনি দেশকে যুদ্ধ ও শান্তির মাঝামাঝি অনিশ্চিত অবস্থা থেকে বের করে আনার নির্দেশ দিয়েছেন।
ইরানের প্রেসিডেন্ট বলেন, আত্মমর্যাদা বজায় রেখে যেকোনো সমস্যার সমাধান সম্ভব। তাঁর মতে, আলোচনার মাধ্যমে নিজেদের অধিকার আদায়ের সুযোগ থাকলে যুদ্ধে জড়ানোর প্রয়োজন নেই। তবে কোনো ধরনের শক্তি প্রদর্শন বা হুমকির কাছে ইরান আত্মসমর্পণ করবে না।
গত সেপ্টেম্বরে জাতিসংঘের সাধারণ পরিষদে দেওয়া বক্তব্যের প্রসঙ্গ টেনে পেজেশকিয়ান বলেন, ইরান বরাবরই ন্যায়বিচার, সমতা ও পারস্পরিক শ্রদ্ধার ভিত্তিতে কূটনৈতিক সংলাপের পক্ষে। নিজেদের ন্যায্য অধিকার আদায়ে তেহরান আলোচনায় আগ্রহী, তবে বলপ্রয়োগের মাধ্যমে কোনো সিদ্ধান্ত চাপিয়ে দেওয়ার সুযোগ নেই।
এদিকে, চলমান সংকট নিরসনে ইরানের দেওয়া ৪৮ ঘণ্টার প্রস্তাব এখনো বহাল রয়েছে বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই।
সোমবার এক সাপ্তাহিক সংবাদ সম্মেলনে তিনি বলেন, যুক্তরাষ্ট্র ইরানের দাবিগুলো মেনে নিলে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিতে ৪৮ ঘণ্টার মধ্যে নিরাপত্তা পরিস্থিতি স্বাভাবিক করা সম্ভব।
ইরানি বার্তা সংস্থা আইএসএনএ জানিয়েছে, বাঘাই তেহরানের প্রস্তাবকে সংকট সমাধানের সবচেয়ে যুক্তিসংগত পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন। যুক্তরাষ্ট্র ইরানের শর্তে সাড়া দিলে পুরো অঞ্চলে ইতিবাচক পরিবর্তন আসতে পারে বলেও মন্তব্য করেন তিনি।
সূত্র: এএনআই