কংগ্রেসের অনুমোদন ছাড়া ইরান যুদ্ধ, ৮ অভিযোগে অভিশংসনের মুখে হেগসেথ

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

কংগ্রেসের অনুমোদন ছাড়াই ইরানে সামরিক অভিযান পরিচালনার নির্দেশ এবং ক্ষমতার অপব্যবহারের একাধিক অভিযোগে অভিশংসন প্রক্রিয়ার মুখে পড়েছেন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিট

2026-11-10T10:41:28+00:00
2026-11-10T10:41:28+00:00
  মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬,
২৬ কার্তিক ১৪৩৩
 
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
আন্তর্জাতিক
কংগ্রেসের অনুমোদন ছাড়া ইরান যুদ্ধ, ৮ অভিযোগে অভিশংসনের মুখে হেগসেথ
আন্তর্জাতিক ডেস্ক
মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬, ১০:৪১ এএম 
যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ।
কংগ্রেসের অনুমোদন ছাড়াই ইরানে সামরিক অভিযান পরিচালনার নির্দেশ এবং ক্ষমতার অপব্যবহারের একাধিক অভিযোগে অভিশংসন প্রক্রিয়ার মুখে পড়েছেন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ। তাঁর বিরুদ্ধে আটটি অভিযোগে অভিশংসন প্রস্তাব প্রতিনিধি পরিষদে উত্থাপন করেছেন রিপাবলিকান দলেরই সদস্য থমাস ম্যাসি।

সোমবার (৯ নভেম্বর) প্রতিনিধি পরিষদের অধিবেশনে কেন্টাকির এই আইনপ্রণেতা হেগসেথের বিরুদ্ধে অভিশংসনের আটটি ধারা উপস্থাপন করেন। এর মধ্যে কংগ্রেসের অনুমোদন ছাড়া ইরানে সামরিক অভিযান পরিচালনার নির্দেশ দেওয়ার বিষয়টি অন্যতম।

প্রস্তাবে আরও অভিযোগ করা হয়েছে, একক সিদ্ধান্তে জয়েন্ট চিফস অব স্টাফের চেয়ারম্যানসহ প্রতিরক্ষা বাহিনীর শীর্ষ কর্মকর্তাদের বরখাস্ত করেছেন হেগসেথ। এ ছাড়া অ্যারিজোনার ডেমোক্র্যাট সিনেটর মার্ক কেলিকে বিপাকে ফেলতে তাঁর বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা করার অভিযোগও অভিশংসন প্রস্তাবে অন্তর্ভুক্ত রয়েছে।

কংগ্রেসের নিয়ম অনুযায়ী, প্রস্তাবটি নিয়ে আগামী দুই দিন প্রতিনিধি পরিষদে আলোচনা ও ভোটাভুটি হওয়ার কথা। তবে ভোটের আগেই প্রক্রিয়াটি আটকে দেওয়ার চেষ্টা হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন ম্যাসি। তাঁর অভিযোগ, রিপাবলিকান নেতৃত্ব পদ্ধতিগত কোনো প্রস্তাবের মাধ্যমে মূল অভিশংসন ইস্যুতে ভোট এড়িয়ে যেতে পারে।

এক সংবাদ সম্মেলনে ম্যাসি বলেন, অভিশংসনের আটটি ধারার প্রতিটিতে ভোট হওয়া এবং বিষয়গুলো নিয়ে বিস্তারিত বিতর্ক করা প্রয়োজন।

বর্তমানে প্রতিনিধি পরিষদের নিয়ন্ত্রণ রয়েছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের রিপাবলিকান দলের হাতে। ফলে সেখানে প্রস্তাবটির ভবিষ্যৎ নিয়ে রাজনৈতিক সমীকরণ গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। অন্যদিকে, অভিশংসন প্রস্তাব প্রতিনিধি পরিষদে পাস হলেও সিনেটে হেগসেথকে দোষী সাব্যস্ত করতে দুই-তৃতীয়াংশ সদস্যের সমর্থন প্রয়োজন হবে। ১০০ সদস্যের সিনেটে রিপাবলিকানদের আসন ৫৩টি।

এদিকে অভিশংসন প্রস্তাব উত্থাপনের দিনই হেগসেথের প্রতি সমর্থন জানিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প। রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি দাবি করেন, ইরান ও ভেনেজুয়েলায় মার্কিন সামরিক অভিযানে হেগসেথ সফল হয়েছেন। তাই তাঁকে অভিশংসনের উদ্যোগের কারণ বুঝতে পারছেন না বলেও মন্তব্য করেন ট্রাম্প।

হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময়ও প্রতিরক্ষামন্ত্রীর পাশে থাকার ঘোষণা দেন তিনি। একই সঙ্গে অভিশংসন প্রস্তাবের উদ্যোক্তা ম্যাসির সমালোচনা করেন।

ট্রাম্পের ভাষ্য, ভিয়েতনাম, আফগানিস্তান ও ইরাকে দীর্ঘদিনের সামরিক অভিযানের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের ক্ষেত্রেও একই ধরনের জবাবদিহির প্রশ্ন তোলা উচিত।

প্রস্তাবটির সমালোচনা করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এবং প্রতিনিধি পরিষদের স্পিকার মাইক জনসন। তাঁরা এটিকে অন্যায্য বলে মন্তব্য করেছেন। বিপরীতে, প্রতিনিধি পরিষদের ডেমোক্র্যাট নেতা হাকিম জেফ্রিস, সিনেটের সংখ্যালঘু নেতা চাক শুমারসহ ডেমোক্র্যাট শিবিরের নেতারা ম্যাসির উদ্যোগের প্রতি সমর্থন জানিয়েছেন।

নিজের বিরুদ্ধে অভিশংসন উদ্যোগকে গুরুত্ব দিচ্ছেন না বলে জানিয়েছেন হেগসেথ। সোমবার এক বার্তায় তিনি ট্রাম্পের অতীত অভিশংসন প্রক্রিয়ার প্রসঙ্গ টেনে বলেন, প্রেসিডেন্ট ট্রাম্প দুবার অভিশংসনের মুখে পড়েও শেষ পর্যন্ত দায়িত্বে ছিলেন। তাঁর ক্ষেত্রেও এই উদ্যোগ সফল হবে না।

যুক্তরাষ্ট্রের ইতিহাসে এর আগে মাত্র একবার কোনো প্রতিরক্ষামন্ত্রী অভিশংসনের মুখে পড়েছিলেন। ১৮৭৬ সালে বিপুল পরিমাণ ঘুষ গ্রহণের অভিযোগে তৎকালীন প্রতিরক্ষামন্ত্রী উইলিয়াম বেলকন্যাপকে অভিশংসন করে কংগ্রেস। পরে পদত্যাগ করেন তিনি।

ম্যাসির প্রস্তাব গৃহীত হলে দেড় শতাব্দী পর আবারও যুক্তরাষ্ট্রের কোনো প্রতিরক্ষামন্ত্রীর বিরুদ্ধে অভিশংসন প্রক্রিয়া এগিয়ে নেওয়ার ঘটনা ঘটবে।

সূত্র: রয়টার্স


Loading...
Loading...

আন্তর্জাতিক- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: