তুরস্কের পশ্চিমাঞ্চলীয় ইজমির শহরের কাছে একটি ইস্পাত কারখানায় ভয়াবহ বিস্ফোরণে অন্তত ১৭ শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১২ জন। বিস্ফোরণের পর কারখানাটিতে আগুন ছড়িয়ে পড়ে এবং আকাশে ধোঁয়ার বিশাল কুণ্ডলী দেখা যায়।
বিবিসির প্রতিবেদন অনুযায়ী, হতাহত ব্যক্তিরা সবাই ইজমিরের আলিয়াগা এলাকায় অবস্থিত হাবাস ডেমির সেলিক কারখানার শ্রমিক। প্রতিষ্ঠানটি তুরস্কের অন্যতম প্রধান ইস্পাত উৎপাদনকারী।
স্থানীয় গভর্নরের ভাষ্য অনুযায়ী, সোমবার দুপুরের দিকে কারখানাটিতে বিস্ফোরণ ঘটে। সেখানে একটি ক্রেনের সাহায্যে নতুন বয়লার সরানোর কাজ চলছিল। এ সময় ক্রেনটি ভেঙে পড়ে এবং এর সঙ্গে থাকা বিভিন্ন সরঞ্জাম নিচে থাকা একটি চুল্লির মধ্যে পড়ে যায়।
তবে কারখানাটি পরিচালনাকারী প্রতিষ্ঠান এক বিবৃতিতে জানিয়েছে, বৈদ্যুতিক আর্ক ফার্নেসের নির্ধারিত রক্ষণাবেক্ষণকাজ চলার সময় দুর্ঘটনাটি ঘটে। বিস্ফোরণের প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিস্ফোরণে আশপাশের পুরো এলাকা কেঁপে ওঠে। প্রথমে অনেকের ধারণা হয়েছিল, ভূমিকম্প হয়েছে। ঘটনাস্থলের ভিডিওতে কারখানার ভেতরে আগুন জ্বলতে এবং আকাশে ঘন ধোঁয়া ছড়িয়ে পড়তে দেখা গেছে।
ইজমিরের গভর্নর সুলেইমান এলবান গণমাধ্যমকে জানান, ধ্বংসস্তূপের নিচে আরও কয়েকজন আটকে থাকতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে। উদ্ধারকাজ অব্যাহত রয়েছে।
প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান প্রথমে এ ঘটনায় ১৬ জন নিহত হওয়ার তথ্য জানিয়েছিলেন। পরে দেশটির স্বাস্থ্যমন্ত্রী কামাল মেমিশোগলু জানান, গুরুতর আহতদের একজন চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এতে নিহতের সংখ্যা বেড়ে ১৭ হয়েছে।
সোমবার মন্ত্রিসভার বৈঠক শেষে এরদোয়ান হতাহতের বিষয়টি নিশ্চিত করে জানান, দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত চলছে এবং উদ্ধারকাজ অব্যাহত রয়েছে।
বিবিসির তুর্কি বিভাগের বরাতে স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে, এ ঘটনায় অন্তত পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে।
এদিকে, স্বাধীন সংস্থা তুর্কিশ হেলথ অ্যান্ড সেফটি লেবার ওয়াচ জানিয়েছে, কর্মক্ষেত্রে দুর্ঘটনা তুরস্কের দীর্ঘদিনের বড় সমস্যা। ইজমিরের আলিয়াগা এলাকাটি দেশটির গুরুত্বপূর্ণ বন্দরগুলোর একটি এবং জাহাজ ভাঙার অন্যতম প্রধান কেন্দ্র হিসেবেও পরিচিত।
তথ্যসূত্র: বিবিসি