মুসলিম শিক্ষার্থীদের উচ্চশিক্ষায় সুদমুক্ত ঋণ চালু করছে যুক্তরাজ্য

আন্তর্জাতিক

ধর্মীয় বিশ্বাসের কারণে প্রচলিত সুদভিত্তিক শিক্ষার্থী ঋণ নিতে অনাগ্রহী মুসলিম শিক্ষার্থীদের জন্য নতুন অর্থায়ন ব্যবস্থা চালুর উদ্যোগ নিয়েছে যুক্তরাজ্য সরকার।

2026-11-11T13:22:38+00:00
2026-11-11T13:22:38+00:00
  বুধবার, ১১ নভেম্বর ২০২৬,
২৭ কার্তিক ১৪৩৩
 
বুধবার, ১১ নভেম্বর ২০২৬
আন্তর্জাতিক
মুসলিম শিক্ষার্থীদের উচ্চশিক্ষায় সুদমুক্ত ঋণ চালু করছে যুক্তরাজ্য
বুধবার, ১১ নভেম্বর, ২০২৬, ১:২২ পিএম 
মুসলিম শিক্ষার্থীদের উচ্চশিক্ষায় সুদমুক্ত ঋণ চালু করছে যুক্তরাজ্য
ধর্মীয় বিশ্বাসের কারণে প্রচলিত সুদভিত্তিক শিক্ষার্থী ঋণ নিতে অনাগ্রহী মুসলিম শিক্ষার্থীদের জন্য নতুন অর্থায়ন ব্যবস্থা চালুর উদ্যোগ নিয়েছে যুক্তরাজ্য সরকার। ‘অল্টারনেটিভ স্টুডেন্ট ফাইন্যান্স’ বা বিকল্প শিক্ষার্থী অর্থায়ন নামের এ ব্যবস্থায় ইসলামি শরিয়াহর নীতির সঙ্গে সামঞ্জস্য রেখে ঋণ নেওয়ার সুযোগ থাকবে। ২০২৬-২৭ শিক্ষাবর্ষ থেকে এটি চালু হতে পারে।

ইতোমধ্যে যুক্তরাজ্যের বেশ কয়েকটি নামকরা বিশ্ববিদ্যালয় সম্ভাব্য শিক্ষার্থীদের কাছে এ উদ্যোগের তথ্য পৌঁছে দিতে শুরু করেছে। তবে মুসলিম শিক্ষার্থীদের উচ্চশিক্ষার সুযোগ বাড়ানোর লক্ষ্যে নেওয়া এ পরিকল্পনা নিয়ে দেশটির রাজনৈতিক অঙ্গনে বিতর্কও তৈরি হয়েছে।

ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য টেলিগ্রাফের প্রতিবেদন অনুযায়ী, নতুন অর্থায়ন ব্যবস্থাটি ইসলামি শরিয়াহর সুদবিরোধী নীতির ভিত্তিতে তৈরি করা হচ্ছে। ইসলামি বিধান অনুযায়ী সুদ দেওয়া ও নেওয়া নিষিদ্ধ। তাই প্রচলিত সুদভিত্তিক ঋণের বিকল্প হিসেবে এ ব্যবস্থা চালুর পরিকল্পনা করেছে সরকার। তবে এখনো সুনির্দিষ্ট উদ্বোধনের তারিখ ঘোষণা করেনি দেশটির শিক্ষা মন্ত্রণালয়।

সরকারের মূল লক্ষ্য, ধর্মীয় বিধিনিষেধের কারণে যেসব মুসলিম শিক্ষার্থী প্রচলিত ঋণ নিতে চান না, তাদের জন্য উচ্চশিক্ষার অর্থায়নের বিকল্প তৈরি করা।

যেভাবে কাজ করবে বিকল্প ঋণব্যবস্থা

প্রচলিত শিক্ষার্থী ঋণের মতো সরাসরি সুদ আরোপ করা হবে না নতুন ব্যবস্থায়। এর পরিবর্তে ইসলামি অর্থায়নের ‘তাকাফুল’ বা পারস্পরিক আর্থিক সহযোগিতার নীতিতে শিক্ষার্থীদের কাছ থেকে নির্দিষ্ট পরিমাণ অর্থ নেওয়া হবে। এ অর্থকে ‘অবদান’ বা কন্ট্রিবিউশন হিসেবে বিবেচনা করা হবে।

প্রস্তাবিত কাঠামো অনুযায়ী, শিক্ষার্থীদের কাছ থেকে আদায় করা অর্থ প্রচলিত ঋণ ব্যবস্থার মতোই নির্ধারিত হবে। তবে মূল পার্থক্য থাকবে অর্থ ব্যবস্থাপনায়। প্রচলিত ব্যবস্থায় ঋণের সুদ ও কিস্তির অর্থ সরকারের সাধারণ তহবিলে জমা হয়। নতুন ব্যবস্থায় শিক্ষার্থীদের দেওয়া অর্থ আলাদা তহবিলে রাখা হবে এবং ভবিষ্যতে এ কর্মসূচির আওতায় ঋণ নেওয়া শিক্ষার্থীদের অর্থায়নে ব্যবহার করা হবে।

এ কর্মসূচি শুধু মুসলিমদের জন্য সীমাবদ্ধ থাকবে না। সব ধর্মের শিক্ষার্থীরাই চাইলে এ সুবিধা নিতে পারবেন। সরকার জানিয়েছে, বিকল্প ব্যবস্থায় অংশ নেওয়ার কারণে কেউ আর্থিকভাবে বাড়তি সুবিধা পাবেন না। প্রচলিত ঋণগ্রহীতাদের মতোই তাদের সমপরিমাণ অর্থ এবং একই সময়সূচি অনুসারে পরিশোধ করতে হবে।

যুক্তরাজ্যের শিক্ষা মন্ত্রণালয়ের এক মুখপাত্র দ্য টেলিগ্রাফকে জানিয়েছেন, বিকল্প অর্থায়ন ব্যবস্থা মুসলিম শিক্ষার্থীদের বিশেষ কোনো আর্থিক সুবিধা দেবে—এমন ধারণা সঠিক নয়। সরকারের বক্তব্য, দুই ব্যবস্থার মধ্যে মূল পার্থক্য হলো অর্থায়নের কাঠামো ও অর্থ ব্যবস্থাপনার পদ্ধতি।

বিশ্ববিদ্যালয়গুলোতে প্রচার শুরু

সরকার আনুষ্ঠানিকভাবে চালুর তারিখ ঘোষণা না করলেও দেশটির বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয় ইতোমধ্যে সম্ভাব্য আবেদনকারীদের নতুন অর্থায়ন ব্যবস্থা সম্পর্কে জানাচ্ছে।

ইউনিভার্সিটি অব ব্রিস্টল এ ব্যবস্থাকে ‘সুদমুক্ত যুক্তরাজ্য সরকারি ঋণ’ হিসেবে পরিচয় করিয়ে দিয়েছে। ইউনিভার্সিটি অব লিডস জানিয়েছে, ২০২৬-২৭ শিক্ষাবর্ষে এটি চালু হওয়ার সম্ভাবনা রয়েছে।

এ ছাড়া ইউনিভার্সিটি কলেজ লন্ডন (ইউসিএল) এবং সিটি সেন্ট জর্জসের পক্ষ থেকেও আবেদনকারীদের জানানো হয়েছে, প্রস্তাবিত অর্থায়ন ব্যবস্থাটি সুদভিত্তিক হবে না। নিউক্যাসল ইউনিভার্সিটি একে ‘সুদবিহীন’ ও ‘শরিয়াহ-সম্মত অর্থায়ন’ হিসেবে উল্লেখ করেছে।

ডি মন্টফোর্ট ইউনিভার্সিটি আরও জানিয়েছে, এ কর্মসূচি শরিয়াহ-সম্মত হিসেবে সনদপ্রাপ্ত। ধর্মীয় কারণে যারা সুদযুক্ত ঋণ নিতে চান না, তাদের জন্যই এটি বিশেষভাবে গুরুত্বপূর্ণ বিকল্প হতে পারে।

কেন এমন উদ্যোগ নিয়েছে সরকার?

ইসলামি শরিয়াহ অনুযায়ী সুদ গ্রহণ ও প্রদান নিষিদ্ধ হওয়ায় যুক্তরাজ্যে বসবাসকারী অনেক মুসলিম শিক্ষার্থী প্রচলিত শিক্ষার্থী ঋণ নিয়ে ধর্মীয় দ্বিধায় ভোগেন। এ সমস্যা বিবেচনায় নিয়ে সরকার বিকল্প অর্থায়ন ব্যবস্থা তৈরির উদ্যোগ নেয়।

২০২৫ সালের জুনে যুক্তরাজ্য সরকার জানিয়েছিল, প্রস্তাবিত ব্যবস্থায় সুদের কোনো উপাদান থাকবে না। এটিকে রাষ্ট্রীয় সহায়তায় পরিচালিত প্রথম শরিয়াহ-সম্মত শিক্ষার্থী ঋণ কর্মসূচি হিসেবেও তুলে ধরা হয়।

এ উদ্যোগের পেছনে ২০২১ সালে পরিচালিত ‘মুসলিম সেন্সাস’ জরিপের তথ্যও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। প্রায় ৩৯ হাজার ব্রিটিশ মুসলিমের ওপর পরিচালিত ওই জরিপে দেখা যায়, ৮০ শতাংশ শিক্ষার্থী প্রচলিত শিক্ষার্থী ঋণ নিয়ে ধর্মীয় ও মানসিক দ্বন্দ্বে ভোগেন। অন্যদিকে, ৭১ শতাংশের মতে, বিদ্যমান ঋণব্যবস্থা মুসলিমদের প্রতি বৈষম্যমূলক।

তবে প্রচলিত শিক্ষার্থী ঋণ নেওয়া ইসলামি শরিয়াহ অনুযায়ী সবার জন্য নিষিদ্ধ—এমন বিষয়ে আলেমদের মধ্যে একমত নেই। কেমব্রিজ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের জানিয়েছে, যুক্তরাজ্যের ফতোয়া কাউন্সিল প্রচলিত শিক্ষার্থী অর্থায়ন ব্যবস্থাকে সমর্থন করেছে।

ফলে নতুন উদ্যোগটি মূলত তাদের জন্য বিকল্প হিসেবে তৈরি হচ্ছে, যারা ব্যক্তিগত ধর্মীয় বিশ্বাসের কারণে সুদভিত্তিক ঋণ গ্রহণ করতে চান না।

ব্যয় ও আর্থিক ঝুঁকি নিয়ে প্রশ্ন

নতুন ব্যবস্থায় সুদের পরিবর্তে অবদানের কাঠামো থাকলেও সরকারের আর্থিক ঝুঁকি পুরোপুরি দূর হচ্ছে না। প্রচলিত শিক্ষার্থী ঋণ ব্যবস্থায় ঋণের একটি বড় অংশ শেষ পর্যন্ত পুরোপুরি আদায় করা সম্ভব হয় না। বিকল্প ব্যবস্থাতেও একই ধরনের ঝুঁকি থাকতে পারে। ফলে অপরিশোধিত ঋণের আর্থিক চাপ শেষ পর্যন্ত করদাতাদের ওপর পড়ার আশঙ্কা রয়েছে।

সরকার ইতোমধ্যে এ প্রকল্পের উন্নয়নে ৩ লাখ ৬৫ হাজার পাউন্ডের বেশি ব্যয় করেছে। ইসলামিক ফাইন্যান্স কাউন্সিল ইউকের সহযোগিতায় কর্মসূচিটির কাঠামো তৈরি করা হয়েছে।

উদ্যোগটির সমর্থকদের বক্তব্য, ধর্মীয় বিশ্বাসের সঙ্গে আপস না করেই যদি আরও বেশি শিক্ষার্থী উচ্চশিক্ষার সুযোগ পান, তাহলে এ ব্যয় যৌক্তিক।

ধর্মভিত্তিক অর্থায়ন নিয়ে রাজনৈতিক বিতর্ক

বিকল্প শিক্ষার্থী ঋণ চালুর পরিকল্পনা নিয়ে যুক্তরাজ্যের রাজনৈতিক মহলে সমালোচনাও শুরু হয়েছে। বিরোধীদের একাংশের অভিযোগ, ধর্মীয় বিবেচনায় পৃথক অর্থায়ন ব্যবস্থা চালু করলে সমাজে বিভাজন বাড়তে পারে।

রিফর্ম পার্টির শিক্ষা বিষয়ক মুখপাত্র সুয়েলা ব্রাভারম্যান এ উদ্যোগকে ‘জঘন্য’ এবং ‘দ্বি-স্তরীয় ব্যবস্থা’ হিসেবে আখ্যা দিয়েছেন।

দ্য টেলিগ্রাফকে তিনি বলেন, এ প্রকল্পের মাধ্যমে দুটি ভিন্ন ধরনের শিক্ষা অর্থায়ন ব্যবস্থা তৈরি হবে, যা সমাজে বিভাজন বাড়াতে পারে। তার অভিযোগ, লেবার পার্টির এ উদ্যোগ ব্রিটিশ সমাজে দ্বৈত নীতির প্রতিফলন।

ব্রাভারম্যান আরও আশঙ্কা প্রকাশ করেন, শরিয়াহ-সম্মত ঋণব্যবস্থা চালুর ফলে এমন কিছু পৃথক প্রতিষ্ঠান ও কাঠামো তৈরি হতে পারে, যা ব্রিটিশ সমাজের প্রচলিত ব্যবস্থার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হবে না।

তবে সরকার বলছে, এটি কোনো ধর্মীয় গোষ্ঠীকে বাড়তি সুবিধা দেওয়ার প্রকল্প নয়। বরং প্রচলিত ঋণব্যবস্থার বাইরে একটি বিকল্প তৈরি করাই এর উদ্দেশ্য। এর মাধ্যমে ধর্মীয় কারণে ঋণ নিতে অনিচ্ছুক শিক্ষার্থীরাও উচ্চশিক্ষার সুযোগ পাবেন।


Loading...
Loading...

আন্তর্জাতিক- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: