দিনাজপুরে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি) সদস্য পরিচয়ে প্রতারণার অভিযোগে মো. মিরাজুল ইসলাম (২৯) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে এসআরবি-১৩। মঙ্গলবার (১০ নভেম্বর) ভোর সাড়ে ৩টার দিকে ঠাকুরগাঁওয়ের রুহিয়া থানার চতুরাখোর গ্রামে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার মিরাজুল ইসলাম দিনাজপুর কোতোয়ালি থানার দক্ষিণ ফরিদপুর (হাজেরাপুকুর) এলাকার মৃত মিজানুর রহমানের ছেলে।
মঙ্গলবার সন্ধ্যায় এসআরবি-১৩-এর অতিরিক্ত পুলিশ সুপার ও সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) বিপ্লব কুমার গোস্বামী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১৯ অক্টোবর রাত ১০টা ৫০ মিনিটের দিকে এক ব্যক্তি দিনাজপুরের ক্রিসেন্ট কিন্ডার গার্টেন গার্লস হাই স্কুলের পাশে ব্যবসায়ী এ কে এম মোজাহারুল ইসলামের দোকানে গিয়ে নিজেকে এসআরবির দিনাজপুর ক্যাম্পের গোয়েন্দা সদস্য পরিচয় দেন। এ সময় তিনি ক্যাম্পের ক্যানটিনের জন্য ছয়টি গ্যাস সিলিন্ডার ও একটি গ্যাসের চুলা প্রয়োজন বলে জানান।
পরদিন ওই ব্যক্তি আবার দোকানে গিয়ে ছয়টি এলপিজি গ্যাস সিলিন্ডার ও একটি গ্যাসের চুলা নির্দিষ্ট ঠিকানায় পৌঁছে দিতে বলেন। মালামাল পৌঁছে দিলে টাকা পরিশোধের আশ্বাস দেন তিনি। পরে দোকানের ভ্যানচালক তাঁর দেওয়া ঠিকানায় মালামাল পৌঁছে দিলে ওই ব্যক্তি ব্যবহৃত মুঠোফোনটি বন্ধ করে দেন।
এ ঘটনায় ভুক্তভোগী গত ৩০ অক্টোবর দিনাজপুর কোতোয়ালি থানায় প্রতারণার মামলা করেন। মামলার নম্বর ৮৫।
মামলার তদন্তের ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার ভোরে সিপিসি-১, এসআরবি-১৩ দিনাজপুর ক্যাম্পের একটি দল ঠাকুরগাঁওয়ের রুহিয়া থানার চতুরাখোর গ্রামে অভিযান চালিয়ে মিরাজুল ইসলামকে গ্রেপ্তার করে।
এসআরবি-১৩-এর সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে মিরাজুল ইসলাম বিভিন্ন সময়ে দিনাজপুর, রংপুরসহ বিভিন্ন এলাকায় এসআরবি, পুলিশ ও সেনাবাহিনীর সদস্য পরিচয়ে প্রতারণামূলক কর্মকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছেন।
গ্রেপ্তার আসামি ও জব্দ করা আলামত সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে এসআরবি-১৩। হত্যা, অপহরণ, ধর্ষণ, প্রতারণা ও চাঁদাবাজিসহ বিভিন্ন অপরাধ নির্মূলে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।