সিরাজগঞ্জে অবরোধ কর্মসূচিকে কেন্দ্র করে যমুনা সেতুর পশ্চিমপাড়ে রেললাইনে টায়ার জ্বালিয়ে আগুন দেওয়ার ঘটনায় নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের তিন নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদিকে একই দিন সিরাজগঞ্জ সরকারি কলেজের প্রধান ফটকে ১০ নভেম্বরের অবরোধ কর্মসূচির ব্যানার টাঙানোকে কেন্দ্র করে বিক্ষোভ ও অধ্যক্ষকে অবরুদ্ধ করার ঘটনা ঘটেছে।
সোমবার (৯ নভেম্বর) রাতে সদর উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ছাত্রলীগের তিন নেতাকে গ্রেপ্তার করা হয়। মঙ্গলবার (১০ নভেম্বর) তাঁদের আদালতে পাঠানো হয়েছে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন সিরাজগঞ্জ পৌরসভার ১৫ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. সাদ্দাম হোসেন (২২), সয়দাবাদ ইউনিয়ন ছাত্রলীগের সদস্য মো. আশিক হোসেন (৩৯) এবং একই ইউনিয়নের সদস্য মো. ইমরুল কায়েস (১৯)।
সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসান গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেপ্তার তিনজনের মধ্যে সয়দাবাদ এলাকার দুজন রেললাইনে আগুন দেওয়ার ঘটনায় জড়িত থাকতে পারেন বলে প্রাথমিকভাবে সন্দেহ করা হচ্ছে। এ ছাড়া ওই এলাকায় মিছিলের সঙ্গেও তাঁদের সম্পৃক্ততার তথ্য পেয়েছে পুলিশ।
এদিকে সোমবার দুপুরে সিরাজগঞ্জ সরকারি কলেজের প্রধান ফটকে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের পক্ষ থেকে ১০ নভেম্বরের অবরোধ কর্মসূচির ব্যানার টাঙানো হয়। স্থানীয় সূত্র জানায়, এ সময় ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে ব্যানার টাঙানো ব্যক্তিরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন।
এর প্রতিবাদে কলেজের ছাত্রদল, ছাত্রশিবির ও সাধারণ শিক্ষার্থীরা বিক্ষোভ শুরু করেন। একপর্যায়ে তাঁরা অধ্যক্ষের কক্ষে অবস্থান নিয়ে তাঁকে অবরুদ্ধ করেন এবং পদত্যাগের দাবিতে স্লোগান দেন।