জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলা, উপকূলীয় নারীদের কৃষি সক্ষমতা বৃদ্ধি এবং স্থানীয় পর্যায়ে টেকসই জীবিকার সুযোগ তৈরির লক্ষ্যে খুলনার কয়রা উপজেলায় শুরু হয়েছে ‘লোকাল অ্যাডাপ্টেশন অ্যান্ড উইমেনস ক্লাইমেট এমপাওয়ারমেন্ট প্রোগ্রাম’। অস্ট্রেলিয়ান এইডের সহায়তায় প্রকল্পটি বাস্তবায়ন করছে আমাল ফাউন্ডেশন।
মঙ্গলবার (১০ নভেম্বর) বিকেলে কয়রার সুন্দরবন মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের হলরুমে আয়োজিত অনুষ্ঠানের মাধ্যমে প্রকল্পটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। এতে সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, স্থানীয় প্রতিনিধি, গণমাধ্যমকর্মী এবং উপকারভোগী নারী কৃষকেরা অংশ নেন।
প্রকল্পের ফিল্ড কো-অর্ডিনেটর আজিজুল হকের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কয়রা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আব্দুল্লাহ আল বাকী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা তিলক কুমার ঘোষ, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রেশমা খাতুন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আব্দুল্লাহ আল জাবির এবং সুন্দরবন মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক রণজিৎ বাইন।
এ ছাড়া আমাল ফাউন্ডেশনের সহকারী পরিচালক সাহারা জাবীন, মার্কেটিং ও যোগাযোগ কর্মকর্তা কিশোর কুমার মানস এবং সিনিয়র ক্রিয়েটিভ কর্মকর্তা আল রায়হান ফেরদৌস ও আরাফাত রহমান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, উপকূলীয় অঞ্চলে জলবায়ুর ধারাবাহিক পরিবর্তন, মাটিতে লবণাক্ততা বৃদ্ধি এবং অনিয়মিত বৃষ্টিপাতের কারণে স্থানীয় কৃষি ও মানুষের জীবিকা নানা চ্যালেঞ্জের মুখে পড়ছে। আন্তর্জাতিক উন্নয়ন মানদণ্ড ও স্থানীয় অভিযোজন কৌশলকে গুরুত্ব দিয়ে প্রণীত এ প্রকল্পের মূল লক্ষ্য জলবায়ু-সহনশীল কৃষিপদ্ধতির প্রসার এবং কৃষি ও পারিবারিক সিদ্ধান্ত গ্রহণে নারীদের নেতৃত্ব ও অংশগ্রহণ বাড়ানো।
প্রকল্পের কর্মপরিকল্পনা অনুযায়ী, লবণাক্ততা ও পরিবর্তনশীল আবহাওয়ার সঙ্গে খাপ খাইয়ে নিতে কিনোয়া, সূর্যমুখী ও চিয়া বীজের মতো পুষ্টিকর ও সম্ভাবনাময় ফসলের প্রদর্শনী চাষ করা হবে। এর মাধ্যমে নারী কৃষকদের হাতে-কলমে প্রশিক্ষণ দেওয়া হবে। পাশাপাশি স্থানীয় কৃষকদের জন্য বীজ সংরক্ষণ ও সহজলভ্যতা নিশ্চিত করতে কমিউনিটি পর্যায়ে ‘কমিউনিটি সিড ব্যাংক’ গড়ে তোলা হবে।
এ ছাড়া উপকূলীয় নারী ও কিশোরীদের প্রজনন স্বাস্থ্য, মাসিক স্বাস্থ্যবিধি, নারীর অধিকার এবং লিঙ্গভিত্তিক সহিংসতা প্রতিরোধে সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হবে। উৎপাদিত কৃষিপণ্যের বাজার সংযোগ ও বিপণন সুবিধা তৈরির মাধ্যমে প্রান্তিক নারীদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে তোলার ওপরও গুরুত্ব দেওয়া হবে।
উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় প্রশাসন ও আমাল ফাউন্ডেশনের প্রতিনিধিরা আশা প্রকাশ করেন, সরকারি দপ্তর, উন্নয়ন সহযোগী এবং স্থানীয় জনগোষ্ঠীর সম্মিলিত অংশীদারত্বে প্রকল্পটি কার্যকর ও টেকসই হবে। তাঁদের মতে, এ উদ্যোগ কয়রার নারী কৃষকদের জন্য জলবায়ু-সহনশীল কৃষি ও টেকসই জীবিকার নতুন সুযোগ তৈরি করবে এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় উপকূলীয় জনগোষ্ঠীর দীর্ঘমেয়াদি সক্ষমতা বাড়াবে।