চট্টগ্রামের হাটহাজারীতে কৃষিজমিতে কারখানার বর্জ্য ফেলার অভিযোগে একটি জুতার কারখানাকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (১০ নভেম্বর) দুপুরে হাটহাজারী পৌরসভার ১১ মাইল এলাকার পশ্চিম পাশে এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ আবদুল্লাহ আল মুমিন।
জানা যায়, দীর্ঘদিন ধরে পৌরসভার আবাসিক এলাকায় কৃষিজমির পাশে কারখানাটি পরিচালিত হয়ে আসছে। কারখানার বর্জ্য ফেলার কারণে কৃষিজমির ক্ষতি হচ্ছে বলে অভিযোগ ওঠে। এ ছাড়া প্রয়োজনীয় অনুমোদন ছাড়াই কারখানাটি পরিচালিত হচ্ছে বলে অভিযোগ রয়েছে। এ নিয়ে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়।
ইউএনও মুহাম্মদ আবদুল্লাহ আল মুমিন বলেন, জুতার কারখানার বর্জ্য ফেলে কৃষিজমি নষ্ট করার অভিযোগের ভিত্তিতে অভিযান চালানো হয়। এ সময় অভিযোগের সত্যতা পাওয়া যায়। কারখানাটির ফায়ার সেফটি ব্যবস্থাপনা ও পরিবেশ অধিদপ্তরসহ সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠানের ছাড়পত্রও পাওয়া যায়নি।
তিনি আরও বলেন, এসব অপরাধের দায়ে পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫-এর সংশ্লিষ্ট ধারায় কারখানা কর্তৃপক্ষকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। পরিবেশ ও জনস্বার্থে উপজেলা প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।