পর্যটনের অপার সম্ভাবনা থাকা সত্ত্বেও দেশের অনেক পর্যটনকেন্দ্রই নানা সমস্যায় পিছিয়ে পড়ছে। এর মধ্যে কক্সবাজারের টেকনাফের কয়েকটি প্রাকৃতিক সৌন্দর্যমণ্ডিত পর্যটন স্পট এখন পর্যটকশূন্য হয়ে পড়ছে। ডাকাতি ও অপহরণের আতঙ্কে এসব স্থানে যেতে আগ্রহ হারাচ্ছেন পর্যটকেরা। এতে কমছে পর্যটন খাতের আয়, বন্ধ হচ্ছে দোকানপাট, বাড়ছে বেকারত্ব। ক্ষতির মুখে পড়ছেন পর্যটনসংশ্লিষ্ট ব্যবসায়ীরাও।
টেকনাফের শামলাপুর গর্জন বাগান, হোয়াইক্যংয়ের কুদুম গুহা, শীলখালী সমুদ্রসৈকত, হ্নীলার পানখালী ঢালার পাহাড়ি ঝরনা ও স্বপ্নপুরী এলাকা, কচ্ছপিয়া ও রঙ্গীখালী পাহাড় এবং মারিশবুনিয়ার মইন্যা পাহাড়—এসব স্থানে পর্যটকের উপস্থিতি এখন অনেকটাই কম। স্থানীয়দের ভাষ্য, নিরাপত্তাহীনতার কারণে পর্যটকেরা এসব স্থানে যেতে ঝুঁকি নিতে চান না।
সরেজমিনে টেকনাফের শামলাপুর গর্জন বাগানে গিয়ে দেখা যায়, প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর স্থানটি। সুউচ্চ পাহাড়, আঁকাবাঁকা পাহাড়ি পথ আর আকাশছোঁয়া গর্জনগাছের বিশাল বাগান সহজেই পর্যটকদের আকৃষ্ট করতে পারে। কিন্তু প্রায় তিন ঘণ্টা ঘোরাঘুরি করেও সেখানে কোনো পর্যটকের দেখা মেলেনি।
স্থানীয়দের দাবি, এলাকাটি অপহরণপ্রবণ হিসেবে পরিচিত। আশপাশের পাহাড়ে অপহরণকারীদের অবস্থানের আশঙ্কায় পর্যটকেরা সেখানে যেতে চান না। ওই এলাকার বাসিন্দা খাইরুল ইসলাম বলেন, “আতঙ্কের কারণে এখানে খুব একটা পর্যটক আসেন না। আগে কিছু দোকানপাট ছিল। পর্যটক না আসায় সেগুলো বন্ধ হয়ে গেছে। পর্যটন স্পট হলেও আশপাশে কোনো হোটেল বা রিসোর্ট নেই। পর্যটকদের জন্য ভালো মানের রেস্তোরাঁও নেই। ফলে দিন দিন এখানে পর্যটকের সংখ্যা কমছে।”
কক্সবাজারের টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের তৈঙ্গা পাহাড় ও টেকনাফ বন্যপ্রাণী অভয়ারণ্য এলাকায় রয়েছে একটি প্রাকৃতিক গুহা, যা কুদুম গুহা নামে পরিচিত। পাহাড়, ঘন বন, বাদুড় ও অন্ধকার সুড়ঙ্গের কারণে জায়গাটি অ্যাডভেঞ্চারপ্রেমীদের কাছে আকর্ষণীয়। বিভিন্ন তথ্যসূত্রের বরাতে জানা গেছে, গুহাটির দৈর্ঘ্য প্রায় ৫০০ ফুট এবং প্রবেশমুখের উচ্চতা প্রায় ১২ ফুট।
সরেজমিনে দেখা যায়, তৈঙ্গা পাহাড়ের কাছাকাছি যেতেই স্থানীয় বাসিন্দারা একা সেখানে যেতে নিষেধ করেন। দলবদ্ধভাবে গেলেও সতর্ক থাকার পরামর্শ দেন তাঁরা। অনেক কষ্টে গুহার কাছে পৌঁছেও কোনো পর্যটকের দেখা মেলেনি।
স্থানীয় সংবাদকর্মী শফিকুল ইসলাম জিসান ভোরের ডাককে বলেন, “এই গুহা পর্যটকদের জন্য নিরাপদ নয়। এখানে আগেও অপহরণের ঘটনা ঘটেছে। আশপাশের এলাকাতেও ডাকাতি ও অপহরণের ঘটনা ঘটেছে। এ কারণে পর্যটকেরা এখানে আসেন না।”
পর্যটন ব্যবসায়ী মোহাম্মদ হায়দার ভোরের ডাককে বলেন, “টেকনাফের পর্যটন স্পটগুলো প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর। কিন্তু নিরাপত্তার অভাবে পর্যটকেরা আসছেন না। এতে হোটেল, রেস্তোরাঁ, পরিবহনসহ পর্যটনসংশ্লিষ্ট ব্যবসায়ীরা ক্ষতির মুখে পড়ছেন। পর্যটন খাতকে বাঁচাতে হলে আগে নিরাপত্তা নিশ্চিত করতে হবে। পাশাপাশি প্রয়োজনীয় অবকাঠামো গড়ে তুলতে হবে।”
শীলখালী সমুদ্রসৈকত কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের উপকূলীয় এলাকায় অবস্থিত। এটি টেকনাফের তুলনামূলক নিরিবিলি ও কম পরিচিত সৈকতগুলোর একটি। সৈকতটির বিশেষ আকর্ষণ বড় বড় পাথরের স্তূপ, সমুদ্রের ঢেউ, উপকূলীয় ঝাউবন এবং পাহাড়-সমুদ্রের প্রাকৃতিক পরিবেশ। টেকনাফ শহরের সমুদ্রসৈকত থেকে প্রায় সাড়ে তিন কিলোমিটার উত্তরে শীলখালীতে এসব পাথরের দেখা মেলে।
মেরিন ড্রাইভসংলগ্ন দৃষ্টিনন্দন শীলখালী সমুদ্রসৈকতে সরেজমিনে দেখা যায়, স্থানীয় কয়েকজন বাসিন্দা বড়শি দিয়ে মাছ শিকার করছেন। সৈকতে কোনো পর্যটক নেই। দু-একজন মোটরসাইকেলে মেরিন ড্রাইভ দিয়ে যাওয়ার পথে থেমে দূর থেকে ছবি তুলছেন। তবে কেউ সৈকতে নামছেন না।
সেখানে আসা পর্যটক শুভর বাড়ি ঢাকায়। ছয় বন্ধু মিলে মোটরসাইকেলে কক্সবাজার থেকে মেরিন ড্রাইভ ঘুরে দেখছেন তাঁরা। শুভ ভোরের ডাককে বলেন, “এটি সবচেয়ে সুন্দর সৈকতগুলোর একটি। কিন্তু এখানে অনেক আতঙ্ক রয়েছে। গণমাধ্যমের মাধ্যমে শুনেছি, এখানে অপহরণের ঘটনা ঘটে। তাই আমরা কেউ সৈকতে নামতে চাই না।” তিনি আরও বলেন, “মানুষ কক্সবাজারে এসে পাথরের সঙ্গে ছবি তুলতে চায়, পাহাড় দেখতে চায়। কিন্তু এখানে একটি দোকান বা রেস্তোরাঁও নেই। তাহলে মানুষ কোথায় বসবে, কীভাবে এখানে সময় কাটাবে?”
শামলাপুরের স্থানীয় বাসিন্দা জাহাঙ্গীর আলম ভোরের ডাককে বলেন, “ডাকাতি ও অপহরণের আতঙ্কে এখন পর্যটকেরা আসতে চান না। আগে পর্যটকদের ঘিরে অনেকের জীবিকা চলত। এখন পর্যটক কমে যাওয়ায় দোকানপাট বন্ধ হচ্ছে, অনেক মানুষ বেকার হয়ে পড়েছেন।”
এ ছাড়া হ্নীলার পানখালী ঢালার পাহাড়ি ঝরনা ও স্বপ্নপুরী এলাকা, কচ্ছপিয়া ও রঙ্গীখালী পাহাড় এবং মারিশবুনিয়ার মইন্যা পাহাড়সহ অন্যান্য পর্যটন স্পট ঘুরেও প্রায় একই চিত্র দেখা গেছে।
এ বিষয়ে টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম অনিক চৌধুরী ভোরের ডাককে বলেন, “পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে উপজেলা প্রশাসন কাজ করছে। যেসব এলাকায় ডাকাতি ও অপহরণের ঝুঁকি রয়েছে, সেসব বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি এসব পর্যটন স্পটকে নিরাপদ ও পর্যটকবান্ধব করতে উদ্যোগ নেওয়া হবে।”