মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নতুন করে পাসপোর্ট দেওয়ার কোনো আইনগত সুযোগ নেই বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। একই সঙ্গে দেশে ফিরলে তাঁর বিরুদ্ধে দেওয়া মৃত্যুদণ্ডের রায় কার্যকর করা ছাড়া আর কোনো বিকল্প নেই বলেও মন্তব্য করেছেন তিনি।
মঙ্গলবার (১০ নভেম্বর) দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল প্রাঙ্গণে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন চিফ প্রসিকিউটর।
আমিনুল ইসলাম বলেন, বাংলাদেশ পাসপোর্ট অর্ডার, ১৯৭৩ অনুযায়ী, দণ্ডিত ও বিচারিক কার্যক্রম এড়িয়ে পলাতক থাকা ব্যক্তিকে পাসপোর্ট দেওয়ার সুযোগ নেই। এ কারণে শেখ হাসিনার নামে নতুন করে পাসপোর্ট ইস্যু করতে পারবে না বাংলাদেশ সরকার।
তিনি ব্যাখ্যা করেন, পাসপোর্ট অর্ডারের ৬ অনুচ্ছেদে বলা হয়েছে, পাসপোর্টের আবেদন করার আগের পাঁচ বছরের মধ্যে কোনো ব্যক্তি অন্তত দুই বছরের কারাদণ্ডে দণ্ডিত হলে তাঁকে পাসপোর্ট দেওয়া যাবে না। এ ছাড়া ৭ অনুচ্ছেদে নৈতিক স্খলনজনিত অপরাধে দণ্ডিত ব্যক্তির পাসপোর্ট জব্দ বা বাতিলের বিধান রয়েছে।
চিফ প্রসিকিউটরের ভাষ্য, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মানবতাবিরোধী অপরাধে শেখ হাসিনার মৃত্যুদণ্ড হয়েছে। এ ধরনের অপরাধ নৈতিক স্খলনজনিত অপরাধের আওতায় পড়ে। সে কারণে তাঁর পাসপোর্ট বাতিল করা হয়েছে। পাসপোর্ট অর্ডারের সংশ্লিষ্ট ধারাগুলো বিবেচনায় নিলে তাঁকে নতুন করে পাসপোর্ট দেওয়ার এখতিয়ার কর্তৃপক্ষের নেই।
সংবিধানের ৩৬ অনুচ্ছেদে নাগরিকের বাংলাদেশে প্রবেশ ও দেশত্যাগের অধিকার থাকলেও দণ্ডিত বা পলাতক ব্যক্তির ক্ষেত্রে তা প্রযোজ্য নয় বলে দাবি করেন আমিনুল ইসলাম। তিনি বলেন, শেখ হাসিনা নিজের বিরুদ্ধে চলমান বিচারিক কার্যক্রমে অংশ না নিয়ে তা এড়িয়ে গেছেন। তাঁকে দেশে ফিরিয়ে আনতে গ্রেফতারি পরোয়ানা জারিসহ প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেওয়া হয়েছে। এ বিষয়ে পত্রিকায় বিজ্ঞপ্তিও প্রকাশ করা হয়েছে।
পাসপোর্ট অর্ডারের ৬ অনুচ্ছেদের ই উপধারা উল্লেখ করে চিফ প্রসিকিউটর বলেন, কোনো ব্যক্তি নিজের বিরুদ্ধে চলমান বিচারিক কার্যক্রম এড়িয়ে গেলে বা পলাতক থাকলে তাঁকে পাসপোর্ট দেওয়ার সুযোগ নেই। ফলে শেখ হাসিনার ক্ষেত্রেও নতুন পাসপোর্ট ইস্যু করা আইনসম্মত হবে না।
শেখ হাসিনার পক্ষে লন্ডনভিত্তিক একটি আইনজীবী চেম্বারের ভারতীয় দূতাবাসে পাসপোর্টের আবেদন করার বিষয়ে প্রশ্ন তোলেন আমিনুল ইসলাম। তাঁর দাবি, পাসপোর্টের আবেদন সংশ্লিষ্ট ব্যক্তিকেই করতে হয়। কিন্তু শেখ হাসিনা নিজে বা তাঁর দলের পক্ষ থেকে আবেদন করা হয়নি; আবেদন করেছে লন্ডনভিত্তিক একটি আইনজীবী চেম্বার। ভারতে অবস্থানরত একজন ব্যক্তির পক্ষে ওই চেম্বার কীভাবে আবেদন করেছে এবং তাঁদের মধ্যে কী ধরনের আইনি চুক্তি রয়েছে, তা নিয়েও প্রশ্ন তোলেন তিনি।
চিফ প্রসিকিউটর আরও বলেন, স্বাধীনতার পর বাংলাদেশের প্রথম সরকার প্রণীত পাসপোর্ট অর্ডার, ১৯৭৩-এর বিধান অনুযায়ী শেখ হাসিনাকে পাসপোর্ট দেওয়ার সুযোগ নেই। কোনো দণ্ডিত ব্যক্তিকে রাষ্ট্র বা সরকারের পক্ষ থেকে পাসপোর্ট কিংবা ট্রাভেল পাস দেওয়া হলে তা বিচারিক প্রক্রিয়ার সঙ্গে একধরনের পরিহাস হবে।
এদিকে শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় কার্যকরের বিষয়ে আমিনুল ইসলাম বলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন, ১৯৭৩-এর ২১ ধারার ৩ উপধারা অনুযায়ী, রায় প্রকাশের ৩০ দিন পার হয়ে গেলে আপিলের সুযোগ থাকে না। তাঁর দাবি, শেখ হাসিনা নির্ধারিত সময়ের মধ্যে আপিল করেননি। ফলে আইনের আওতায় তাঁর আর আপিল করার সুযোগ নেই।
তিনি আরও বলেন, আপিল বিভাগে আপিল গ্রহণ না হলে সংবিধানের ১০৪ অনুচ্ছেদের অধীনেও কোনো আবেদন করার সুযোগ থাকবে না। এসব আইনি বিধান বিবেচনায় শেখ হাসিনার বিরুদ্ধে দেওয়া রায় কার্যকর করা ছাড়া আর কোনো বিকল্প নেই বলে মনে করেন চিফ প্রসিকিউটর।