সনদ বিলিয়ে বেকার তৈরি করেছে মানহীন বিশ্ববিদ্যালয়: রাষ্ট্রপতি

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

যথাযথ যাচাই-বাছাই ছাড়াই বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার অনুমতি দেওয়ায় দেশে উচ্চ ডিগ্রিধারী বেকারের সংখ্যা বেড়েছে বলে মন্তব্য করেছেন রাষ্ট্রপতি ও ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি,

2026-11-10T14:57:14+00:00
2026-11-10T14:57:14+00:00
  মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬,
২৬ কার্তিক ১৪৩৩
 
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
জাতীয়
সনদ বিলিয়ে বেকার তৈরি করেছে মানহীন বিশ্ববিদ্যালয়: রাষ্ট্রপতি
নিজস্ব প্রতিবেদক
মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬, ২:৫৭ পিএম 
সনদ বিলিয়ে বেকার তৈরি করেছে মানহীন বিশ্ববিদ্যালয়: রাষ্ট্রপতি
যথাযথ যাচাই-বাছাই ছাড়াই বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার অনুমতি দেওয়ায় দেশে উচ্চ ডিগ্রিধারী বেকারের সংখ্যা বেড়েছে বলে মন্তব্য করেছেন রাষ্ট্রপতি ও ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশের (আইইউবি) আচার্য মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তাঁর মতে, মানহীন বিশ্ববিদ্যালয়গুলো সনদ বিতরণের মাধ্যমে সম্ভাবনাময় তরুণদের হতাশার দিকে ঠেলে দিয়েছে। অনেক প্রতিষ্ঠান উচ্চশিক্ষার পরিবর্তে ব্যবসা ও অতিমুনাফার কেন্দ্রে পরিণত হয়েছে।

মঙ্গলবার (১০ নভেম্বর) ঢাকার পূর্বাচলে আইইউবির ২৭তম সমাবর্তন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন রাষ্ট্রপতি।

মির্জা ফখরুল বলেন, বিশ্ববিদ্যালয়ের সংখ্যা বাড়লেই উচ্চশিক্ষার অগ্রগতি নিশ্চিত হয় না। শিক্ষার গুণগত মান, সময়োপযোগী পাঠ্যক্রম, দক্ষ শিক্ষক, শিক্ষার্থীদের ব্যবহারিক জ্ঞান ও কর্মদক্ষতা অর্জনের সুযোগ এবং মানসম্মত কর্মসংস্থানই একটি বিশ্ববিদ্যালয়ের সাফল্যের প্রকৃত মাপকাঠি। দেশের শিক্ষাব্যবস্থাকে বর্তমান দুরবস্থা থেকে বের করে আনতে হবে।

তিনি বলেন, দীর্ঘদিন ধরে দেশের শিক্ষাব্যবস্থা বিভিন্ন ধারায় বিভক্ত। ফলে শিক্ষার সুযোগ, মান ও দক্ষতা অর্জনের ক্ষেত্রে তৈরি হয়েছে ব্যাপক বৈষম্য। এ বৈষম্য দূর করতে বিভিন্ন শিক্ষাধারার মধ্যে সমন্বয় ঘটিয়ে একটি সমন্বিত জাতীয় শিক্ষাব্যবস্থা গড়ে তোলা জরুরি। আন্তর্জাতিক প্রতিযোগিতায় টিকে থাকতে শিক্ষার মান বিশ্বপর্যায়ে উন্নীত করতে হবে। তবে এ ক্ষেত্রে দেশের ইতিহাস, ভাষা, সাহিত্য, সংস্কৃতি ও ঐতিহ্যকে উপেক্ষা করা যাবে না।

উচ্চশিক্ষাকে কর্মবাজারের চাহিদার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করার ওপর জোর দিয়ে রাষ্ট্রপতি বলেন, বিশ্ববিদ্যালয়গুলোকে সময়োপযোগী, কর্মমুখী ও দক্ষতাভিত্তিক পাঠ্যক্রম চালু করতে হবে। বাড়াতে হবে ব্যবহারিক ও কারিগরি শিক্ষা, বাস্তব অভিজ্ঞতা এবং প্রযুক্তিগত দক্ষতা অর্জনের সুযোগ। তরুণদের কেবল চাকরিপ্রার্থী হিসেবে নয়, দক্ষ কর্মী, উদ্যোক্তা ও কর্মসংস্থান সৃষ্টিকারী হিসেবে গড়ে তুলতে হবে।

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও আধুনিক ডিজিটাল প্রযুক্তির প্রভাবে কর্মজগতে দ্রুত পরিবর্তন আসছে উল্লেখ করে তিনি বলেন, বর্তমানে যে জ্ঞান ও দক্ষতা কাজে লাগছে, কয়েক বছর পর তা যথেষ্ট নাও হতে পারে। তাই শুধু ডিগ্রি অর্জন করলেই চলবে না; প্রতিনিয়ত নতুন কিছু শেখা, স্বাধীনভাবে চিন্তা করা, সমস্যা সমাধান এবং পরিবর্তিত পরিস্থিতির সঙ্গে খাপ খাইয়ে নেওয়ার সক্ষমতা অর্জন করতে হবে।

প্রযুক্তির ওপর অতিরিক্ত নির্ভরশীলতা যেন মানুষের চিন্তাশক্তি, সৃজনশীলতা ও বিচারবোধকে দুর্বল না করে, সে বিষয়েও সতর্ক করেন রাষ্ট্রপতি। তাঁর মতে, প্রযুক্তি যত উন্নতই হোক, মানুষের বিবেক, সততা, সহমর্মিতা ও নৈতিকতার বিকল্প হতে পারে না।

সমাবর্তনে অংশ নেওয়া শিক্ষার্থীদের উদ্দেশে মির্জা ফখরুল বলেন, সমাবর্তন কেবল সনদ পাওয়ার আনুষ্ঠানিকতা নয়; এটি দীর্ঘদিনের পরিশ্রম, অধ্যবসায় ও নিষ্ঠার স্বীকৃতি। একই সঙ্গে অর্জিত জ্ঞান ব্যক্তি, সমাজ ও দেশের কল্যাণে কাজে লাগানোর অঙ্গীকারও। প্রাতিষ্ঠানিক শিক্ষা শেষ হলেও প্রকৃত মানুষ হয়ে ওঠার শিক্ষা কখনো শেষ হয় না।

তিনি আরও বলেন, উচ্চশিক্ষার সুযোগ পাওয়া শিক্ষার্থীরা সমাজের একটি সুবিধাপ্রাপ্ত অংশ। তাঁদের শিক্ষার পেছনে পরিবার ও রাষ্ট্রের উল্লেখযোগ্য বিনিয়োগ রয়েছে। তাই তাঁদের কাছ থেকে দেশ ও পরিবারের প্রত্যাশাও বেশি। একজন স্নাতকের সাফল্য শুধু ব্যক্তিগত অর্জনে সীমাবদ্ধ নয়; বরং অন্যের জীবনে কতটা ইতিবাচক পরিবর্তন আনতে পারছেন, সেটিই সাফল্যের বড় মাপকাঠি। শিক্ষার্থীদের সব সময় সত্য ও ন্যায়ের পক্ষে থাকা এবং সততা ও নৈতিকতা বজায় রাখার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে সমাবর্তন বক্তা হিসেবে বক্তব্য দেন ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক ড. আইনুন নিশাত। এ সময় বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান, আইইউবির বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ও সদস্য, বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টের সদস্য, উপাচার্য, শিক্ষক, গবেষক, শিক্ষার্থী ও অভিভাবকেরা উপস্থিত ছিলেন। এবারের সমাবর্তনে মোট ২ হাজার ৬৭ জন শিক্ষার্থী ডিগ্রি গ্রহণ করছেন।


Loading...
Loading...

জাতীয়- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: