কপ-৩১ বিশ্বনেতা সম্মেলনে যোগ দিতে ইস্তাম্বুল পৌঁছেছেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

জাতিসংঘের জলবায়ু সম্মেলন কপ-৩১-এ বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে তিন দিনের সরকারি সফরে তুরস্ক পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (১০ নভেম্বর) স্থানীয়

2026-11-10T17:14:54+00:00
2026-11-10T18:53:52+00:00
  মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬,
২৬ কার্তিক ১৪৩৩
 
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
জাতীয়
কপ-৩১ বিশ্বনেতা সম্মেলনে যোগ দিতে ইস্তাম্বুল পৌঁছেছেন প্রধানমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক
মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬, ৫:১৪ পিএম  আপডেট: ১০.১১.২০২৬ ৬:৫৩ পিএম
সংগৃহীত ছবি
জাতিসংঘের জলবায়ু সম্মেলন কপ-৩১-এ বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে তিন দিনের সরকারি সফরে তুরস্ক পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (১০ নভেম্বর) স্থানীয় সময় দুপুর ১২টা ৪০ মিনিটে তাঁকে বহনকারী টার্কিশ এয়ারলাইনসের একটি ফ্লাইট ইস্তাম্বুলে অবতরণ করে।

প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হাসান শিপলু এ তথ্য জানিয়েছেন। প্রধানমন্ত্রীর সঙ্গে তাঁর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান এবং সফরসঙ্গীরাও রয়েছেন। ইস্তাম্বুলে যাত্রাবিরতি শেষে বিকেলে আন্তালিয়ার উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে তাঁদের।

এর আগে মঙ্গলবার সকাল সাড়ে ৭টায় প্রধানমন্ত্রী ও তাঁর সফরসঙ্গীরা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তুরস্কের উদ্দেশে ঢাকা ছাড়েন।

সফরসূচি অনুযায়ী, মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টায় আন্তালিয়ার ম্যাক্স রয়্যাল হোটেলে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের সঙ্গে বৈঠকে বসবেন প্রধানমন্ত্রী। এটি হবে সফরে তাঁর প্রথম দ্বিপক্ষীয় বৈঠক। এতে দুই দেশের বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধি এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ খাতে সহযোগিতা সম্প্রসারণের বিষয় নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।

আগামী ১১ ও ১২ নভেম্বর অনুষ্ঠিত হবে কপ-৩১ সম্মেলন। ১২ নভেম্বর সম্মেলনের পূর্ণাঙ্গ অধিবেশনে বাংলাদেশের পক্ষে বক্তব্য দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সেখানে জলবায়ু ন্যায়বিচার, উন্নত দেশগুলোর ঐতিহাসিক দায়বদ্ধতা, জলবায়ু অর্থায়ন, অভিযোজন এবং জলবায়ু পরিবর্তনজনিত ক্ষয়ক্ষতি মোকাবিলায় বাংলাদেশের অবস্থান তুলে ধরবেন তিনি। পাশাপাশি জলবায়ু সহনশীল ও টেকসই উন্নয়নের বিষয়টিও গুরুত্ব পাবে তাঁর বক্তব্যে।

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, সম্মেলনের ফাঁকে আরও কয়েকটি গুরুত্বপূর্ণ দ্বিপক্ষীয় বৈঠকে অংশ নেওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ, উজবেকিস্তানের প্রেসিডেন্ট শাভকাত মিরজিয়োয়েভ এবং যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকের আয়োজন করা হচ্ছে। জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) প্রশাসকের সঙ্গেও বৈঠকের বিষয়টি বিবেচনায় রয়েছে।

গত সোমবার ঢাকায় সাংবাদিকদের এসব তথ্য জানান নবনিযুক্ত পররাষ্ট্র সচিব সালাহউদ্দিন নোমান চৌধুরী। তিনি বলেন, এসব বৈঠকে দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার, বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণ এবং জলবায়ু সহযোগিতার বিষয়গুলো প্রাধান্য পাবে। আলোচনাগুলো বাংলাদেশের অর্থনৈতিক ও ভূরাজনৈতিক স্বার্থ এগিয়ে নেওয়ার নতুন সুযোগ তৈরি করবে বলে আশা প্রকাশ করেন তিনি।

পররাষ্ট্র সচিব বলেন, বৈশ্বিক গ্রিনহাউস গ্যাস নিঃসরণে বাংলাদেশের অবদান মাত্র ০.০৫ শতাংশ। অথচ জলবায়ু পরিবর্তনের ঝুঁকিতে থাকা দেশগুলোর মধ্যে বাংলাদেশ অন্যতম। এ কারণে জলবায়ু ন্যায়বিচার প্রতিষ্ঠা, অভিযোজনের জন্য অর্থায়ন, জলবায়ু পরিবর্তনের ক্ষয়ক্ষতি মোকাবিলা এবং উন্নত দেশগুলোর প্রতিশ্রুত অর্থায়ন নিশ্চিত করা বাংলাদেশের অন্যতম অগ্রাধিকার।

জলবায়ু পরিবর্তনের ক্ষয়ক্ষতির ক্ষতিপূরণ প্রসঙ্গে তিনি জানান, আন্তর্জাতিক বিভিন্ন ফোরামে বাংলাদেশ নিজেদের ক্ষয়ক্ষতির চিত্র তুলে ধরে সচেতনতা ও সহযোগিতা বাড়ানোর চেষ্টা করছে। ক্ষয়ক্ষতির হিসাব বিভিন্ন রকম হলেও আন্তর্জাতিক পরিসরে তা উপস্থাপন দেশের স্বার্থ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সম্মেলনে নিজেদের জলবায়ু সহনশীলতা অর্জনের অভিজ্ঞতাও তুলে ধরবে বাংলাদেশ। পাশাপাশি দক্ষিণ এশিয়া ও বৃহত্তর এশীয় অঞ্চলে জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় অর্জিত অভিজ্ঞতা অন্য দেশগুলোর সঙ্গে বিনিময় করা হবে।

এবারের সম্মেলনের গ্রিন জোনে বাংলাদেশের উদ্যোগে স্থাপন করা হয়েছে একটি পাট প্যাভিলিয়ন। সেখানে পাটের বহুমুখী ব্যবহার, পরিবেশবান্ধব বৈশিষ্ট্য এবং প্লাস্টিকের বিকল্প হিসেবে পাটজাত পণ্যের সম্ভাবনা তুলে ধরা হচ্ছে। এ ছাড়া পাট ও পাটজাত পণ্যের প্রসারে বাংলাদেশ ও তুরস্কের মধ্যে যৌথ ঘোষণার বিষয়টিও বিবেচনায় রয়েছে।

সম্মেলনের ব্লু জোনে আগামী ১২ ও ১৩ নভেম্বর দুটি সাইড ইভেন্ট আয়োজন করবে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়। এর একটিতে জলবায়ু পরিবর্তনের কারণে বাংলাদেশের নারীদের বিশেষ ঝুঁকি নিয়ে আলোচনা হবে। অন্যটিতে কৃত্রিম পলিমারের বিকল্প হিসেবে পরিবেশবান্ধব ও পচনশীল পাটজাত পণ্যের প্রসারে বিদ্যমান প্রতিবন্ধকতা তুলে ধরা হবে।

পররাষ্ট্র সচিব জানান, বিভিন্ন মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট অংশীজনের সঙ্গে আলোচনা এবং আন্তমন্ত্রণালয় পরামর্শের ভিত্তিতে সম্মেলনে বাংলাদেশের অবস্থান নির্ধারণ করা হয়েছে। পরিবেশ মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট সংস্থাগুলোর সমন্বয়ে প্রস্তুতি সম্পন্ন হয়েছে। প্রধানমন্ত্রীর নেতৃত্বে এই অংশগ্রহণ আন্তর্জাতিক জলবায়ু কূটনীতিতে বাংলাদেশের অবস্থান আরও শক্তিশালী করবে বলে আশা তাঁর।

প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে ২১ সদস্যের বাংলাদেশ প্রতিনিধি দল সম্মেলনে অংশ নিচ্ছে। প্রতিনিধি দলে রয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু, পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির ও শামা ওবায়েদ ইসলাম, প্রধানমন্ত্রীর বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তনবিষয়ক বিশেষ সহকারী ড. মো. সাইমুম পারভেজ, এসডিজিবিষয়ক প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রধান সমন্বয়ক অধ্যাপক ড. এস এম আবদুল আওয়াল, প্রধানমন্ত্রীর প্রেস সচিব এএএম সালেহ শিবলী এবং উপ-প্রেস সচিব হাসান শিপলু।

উল্লেখ্য, কপ (কনফারেন্স অব দ্য পার্টিজ) জাতিসংঘের বার্ষিক জলবায়ু সম্মেলন। জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় বৈশ্বিক উদ্যোগ ও সম্মিলিত করণীয় নির্ধারণে এতে অংশ নেয় বিভিন্ন দেশের প্রতিনিধিরা। এবারের সম্মেলনে তুরস্ক সভাপতিত্ব করছে এবং আনুষ্ঠানিক আলোচনার সভাপতির দায়িত্ব পালন করছে অস্ট্রেলিয়া।

সফর শেষে আগামী শুক্রবার প্রধানমন্ত্রীর দেশে ফেরার কথা রয়েছে।




Loading...
Loading...

জাতীয়- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: