
নিম্নতম মজুরি বৃদ্ধির দাবিতে শ্রমিক অসন্তোষকে কেন্দ্র করে আবারও উত্তপ্ত হয়ে উঠেছে ঢাকার আশুলিয়া শিল্পাঞ্চল। কয়েক দিনের বিরতির পর মঙ্গলবার সকালে জামগড়া এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন পোশাকশ্রমিকরা। এ সময় পুলিশের সঙ্গে সংঘর্ষ ও ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ টিয়ারশেল, সাউন্ড গ্রেনেড ও রাবার বুলেট নিক্ষেপ করে। এতে অন্তত দুই শ্রমিক আহত হয়েছেন।
মঙ্গলবার (১০ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে আশুলিয়ার বাইপাইল-আবদুল্লাহপুর সড়কের জামগড়া এলাকায় এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, কয়েক দিনের বিরতির পর মঙ্গলবার সকালে নির্ধারিত সময়েই শিল্পাঞ্চলের অধিকাংশ কারখানায় কাজে যোগ দেন শ্রমিকরা। তবে কারখানায় উপস্থিত হলেও কয়েকটি প্রতিষ্ঠানের শ্রমিকরা মজুরি বৃদ্ধির দাবিতে কাজ বন্ধ রেখে কর্মবিরতি পালন করেন। একপর্যায়ে জামগড়া এলাকায় সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন তারা। এতে ওই সড়কে যান চলাচল ব্যাহত হয়।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে শ্রমিকদের সড়ক থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করে পুলিশ। এ সময় বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের বাগ্বিতণ্ডা হয়। একপর্যায়ে শ্রমিকদের দিক থেকে ইটপাটকেল নিক্ষেপ শুরু হলে পরিস্থিতি সংঘর্ষে রূপ নেয়। পরে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে দেয়।
সংঘর্ষে আহত দুই শ্রমিক হলেন আলমগীর হোসেন ও রাফিয়া বেগম। তারা দুজনই স্টারলিং স্টাইল কারখানার শ্রমিক বলে জানা গেছে।
আশুলিয়া নারী ও শিশু হাসপাতালের ব্যবস্থাপক (অপারেশন) হারুন অর রশিদ জানান, সংঘর্ষের পর রাবার বুলেটের আঘাতে আহত দুই পোশাকশ্রমিক চিকিৎসা নিতে হাসপাতালে আসেন। তাদের মধ্যে রাফিয়া বেগমের মাথায় আঘাত থাকায় উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অন্যদিকে আলমগীর হোসেন প্রাথমিক চিকিৎসা নিয়ে হাসপাতাল ছেড়েছেন।
এ বিষয়ে শিল্প পুলিশ-১-এর পুলিশ সুপার মো. মোমিনুল ইসলাম ভূইয়া বলেন, ‘সকালে শিল্পাঞ্চলের পরিস্থিতি স্বাভাবিক ছিল। হঠাৎ জামগড়া এলাকায় কিছুটা উত্তেজনা তৈরি হয়। পরে পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসে।’