জলবায়ু পরিবর্তনের অভিঘাতে বিশ্বজুড়ে বাড়ছে বন্যা, ঘূর্ণিঝড়, খরা ও অন্যান্য প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকি। এসব দুর্যোগ পুরোপুরি ঠেকানো সম্ভব না হলেও আধুনিক প্রযুক্তির সাহায্যে আগাম বিপৎসংকেত পাওয়া এবং ক্ষয়ক্ষতি কমানোর নতুন সুযোগ তৈরি হয়েছে। কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), স্যাটেলাইট তথ্য, স্মার্ট সেন্সর ও উন্নত পূর্বাভাস ব্যবস্থার মাধ্যমে এখন দুর্যোগের আগেই ঝুঁকিপূর্ণ এলাকা চিহ্নিত করা সম্ভব হচ্ছে। পাশাপাশি বন্যার সঙ্গে খাপ খাইয়ে নিতে তৈরি হচ্ছে বিশেষ ধরনের বসতবাড়ি ও অবকাঠামো।
এআইভিত্তিক পূর্বাভাস ব্যবস্থায় বৃষ্টিপাত, নদীর পানির উচ্চতা, আবহাওয়ার গতিপ্রকৃতি এবং অতীতের দুর্যোগের তথ্য বিশ্লেষণ করা হয়। এসব উপাত্তের ভিত্তিতে কোনো এলাকায় কখন বন্যা দেখা দিতে পারে, পানির উচ্চতা কতটা বাড়তে পারে এবং কোন জনপদ সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছে, সে সম্পর্কে আগাম ধারণা পাওয়া যায়। এতে বিপর্যয় শুরু হওয়ার আগেই মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া, ফসল ও গবাদিপশু রক্ষা এবং জরুরি প্রস্তুতি নেওয়ার সুযোগ তৈরি হয়।
প্রযুক্তির এমন ব্যবহারের একটি উদাহরণ গুগলের ‘ফ্লাড হাব’। প্রতিষ্ঠানটির তথ্য অনুযায়ী, এই ব্যবস্থার আওতায় ১৫০টির বেশি দেশের প্রায় ২০০ কোটি মানুষ বন্যার পূর্বাভাস পাওয়ার সুযোগ পাচ্ছেন। কোনো কোনো ক্ষেত্রে সাত দিন আগেও সম্ভাব্য বন্যার বিষয়ে সতর্কবার্তা দেওয়া সম্ভব হচ্ছে। এসব তথ্য সময়মতো স্থানীয় প্রশাসন ও সাধারণ মানুষের কাছে পৌঁছানো গেলে প্রাণহানি এবং সম্পদের ক্ষতি অনেকটাই কমানো সম্ভব।
তুরস্কের আনতালিয়ায় অনুষ্ঠিতব্য জাতিসংঘের জলবায়ু সম্মেলন কপ-৩১-এও জলবায়ু সহনশীল অবকাঠামো, উদ্ভাবন এবং প্রযুক্তির ব্যবহার গুরুত্ব পাচ্ছে। জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় পূর্বপ্রস্তুতি ও প্রযুক্তিনির্ভর ব্যবস্থাপনার প্রয়োজনীয়তা আন্তর্জাতিক আলোচনায় ক্রমেই গুরুত্ব পাচ্ছে।
বাংলাদেশে প্রযুক্তির সম্ভাবনা
বন্যাপ্রবণ বাংলাদেশে আগাম পূর্বাভাস প্রযুক্তির কার্যকারিতা হতে পারে অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেশের উত্তরাঞ্চল, হাওর, চর ও নদীতীরবর্তী জনপদে বর্ষা মৌসুমে বন্যার ঝুঁকি থাকে। অনেক সময় নদীর পানি দ্রুত বেড়ে যাওয়ায় কৃষকেরা পাকা ধান ঘরে তুলতে পারেন না। গবাদিপশু সরিয়ে নেওয়া কিংবা প্রয়োজনীয় জিনিসপত্র নিরাপদ স্থানে নেওয়ার সুযোগও সীমিত হয়ে পড়ে।
এ অবস্থায় কয়েক দিন আগে নির্ভরযোগ্য সতর্কবার্তা পাওয়া গেলে কৃষকেরা ফসল কাটার প্রস্তুতি নিতে পারবেন। জেলেরা নিরাপদে তীরে ফিরতে পারবেন। পাশাপাশি স্থানীয় প্রশাসন আশ্রয়কেন্দ্র প্রস্তুত করা, উদ্ধারকারী দল মোতায়েন এবং ঝুঁকিপূর্ণ এলাকার মানুষকে সরিয়ে নেওয়ার ব্যবস্থা করতে পারবে।
এ জন্য নদীতে স্মার্ট সেন্সর স্থাপনের উদ্যোগ গুরুত্বপূর্ণ হতে পারে। এসব যন্ত্র নদীর পানির উচ্চতা, স্রোতের গতি ও বৃষ্টিপাতের তথ্য স্বয়ংক্রিয়ভাবে সংগ্রহ করে কেন্দ্রীয় ব্যবস্থায় পাঠাতে পারে। পানির স্তর বিপৎসীমার কাছাকাছি পৌঁছালে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সতর্ক করা সম্ভব। একই সঙ্গে মোবাইল ফোনে খুদে বার্তা কিংবা অন্যান্য ডিজিটাল মাধ্যমে স্থানীয় বাসিন্দাদের কাছে বিপৎসংকেত পৌঁছে দেওয়া যায়।
বন্যার মধ্যেও নিরাপদ থাকবে বাড়ি
দুর্যোগ মোকাবিলায় শুধু পূর্বাভাস নয়, বসতবাড়ি নির্মাণের কৌশলেও পরিবর্তন আসছে। বিশ্বের বিভিন্ন বন্যাপ্রবণ এলাকায় তৈরি হচ্ছে ভাসমান বা অ্যাম্ফিবিয়াস হাউস। এসব বাড়ি স্বাভাবিক অবস্থায় মাটির ওপর স্থির থাকে। কিন্তু বন্যার পানি বাড়তে শুরু করলে বিশেষ কাঠামোর সাহায্যে বাড়িগুলো পানির সঙ্গে ওপরে উঠে যায়। ফলে পানিতে ঘরবাড়ি তলিয়ে যাওয়ার ঝুঁকি কমে।
জলবায়ু ও পরিবেশ বিশেষজ্ঞ অধ্যাপক ড. কামরুজ্জামান মজুমদারের মতে, দুর্যোগের ঝুঁকি বিবেচনায় নিয়ে অবকাঠামো নির্মাণের বিকল্প নেই। বিভিন্ন দেশে উঁচু ভিত্তি, শক্ত ছাদ ও দেয়াল এবং ঝড় সহনশীল নির্মাণকৌশল ব্যবহার করা হচ্ছে। বন্যাপ্রবণ এলাকায় ভাসমান বাড়িও সম্ভাবনাময় একটি সমাধান হতে পারে। বাংলাদেশের হাওর, চর ও উপকূলীয় নিচু এলাকায় পরীক্ষামূলকভাবে এ ধরনের প্রযুক্তি ব্যবহারের সুযোগ রয়েছে।
তবে অন্য দেশে ব্যবহৃত প্রযুক্তি সরাসরি বাংলাদেশে প্রয়োগ করা সম্ভব নয়। স্থানীয় নদীর স্রোত, পানির গভীরতা, ঝড়ের গতিবেগ, মাটির ধরন এবং মানুষের আর্থিক সামর্থ্য বিবেচনায় নিতে হবে। ভাসমান বাড়ি নির্মাণের প্রাথমিক ব্যয়, রক্ষণাবেক্ষণ ও দীর্ঘমেয়াদি স্থায়িত্বও গুরুত্বপূর্ণ। তাই ব্যাপকভাবে চালুর আগে স্থানীয় পরিবেশে এসব প্রযুক্তির কার্যকারিতা পরীক্ষা করা প্রয়োজন।
আগাম সতর্কতায় জাতীয় উদ্যোগ
বাংলাদেশেও দুর্যোগের আগাম সতর্কতা ব্যবস্থা সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে। জাতিসংঘের দুর্যোগ ঝুঁকি হ্রাসবিষয়ক সংস্থা ইউএনডিআরআরের তথ্য অনুযায়ী, ২০২৫ থেকে ২০৩০ সাল পর্যন্ত দেশে বহু দুর্যোগের আগাম সতর্কতা ব্যবস্থা সম্প্রসারণে একটি জাতীয় রোডম্যাপ রয়েছে। এর উদ্দেশ্য হলো আবহাওয়া ও দুর্যোগসংক্রান্ত তথ্য সংগ্রহ, বিশ্লেষণ এবং ঝুঁকিতে থাকা মানুষের কাছে দ্রুত সতর্কবার্তা পৌঁছানোর সক্ষমতা বাড়ানো।
বাংলাদেশ পরিবেশ আন্দোলনের (বাপা) সাধারণ সম্পাদক আলমগীর কবিরের মতে, এ ক্ষেত্রে আবহাওয়া পর্যবেক্ষণকেন্দ্র, রাডার, সামুদ্রিক বয়া এবং ডিজিটাল ঝুঁকির মানচিত্র আরও উন্নত করা জরুরি। পাশাপাশি মোবাইল ফোনের মাধ্যমে দ্রুত সতর্কবার্তা পাঠানোর ব্যবস্থাও শক্তিশালী করতে হবে।
এ ক্ষেত্রে ‘সেল ব্রডকাস্ট’ প্রযুক্তি কার্যকর ভূমিকা রাখতে পারে। এর মাধ্যমে কোনো নির্দিষ্ট ভৌগোলিক এলাকার সব মোবাইল ফোনে একসঙ্গে জরুরি সতর্কবার্তা পাঠানো যায়। এ ব্যবস্থায় আগে থেকে ফোন নম্বর নিবন্ধনের প্রয়োজন হয় না। ফলে ঝুঁকিপূর্ণ এলাকার বিপুলসংখ্যক মানুষের কাছে অল্প সময়ে সতর্কবার্তা পৌঁছানো সম্ভব।
দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের ওয়েবভিত্তিক ‘এওয়ার’ প্ল্যাটফর্মেও বন্যা, ঘূর্ণিঝড়, বজ্রপাত, আকস্মিক বন্যা, ভূমিধস ও ভূমিকম্পের ঝুঁকি পর্যবেক্ষণের সুযোগ রয়েছে। এ ধরনের ডিজিটাল ব্যবস্থা বিভিন্ন দুর্যোগের তথ্য এক জায়গায় এনে সংশ্লিষ্ট সংস্থাগুলোর মধ্যে সমন্বয় বাড়াতে সহায়তা করতে পারে।
প্রযুক্তির পাশাপাশি প্রয়োজন বাস্তব প্রস্তুতি
দুর্যোগ মোকাবিলায় প্রযুক্তির ব্যবহার বাড়লেও বেশ কিছু সীমাবদ্ধতা রয়ে গেছে। দেশের প্রত্যন্ত অঞ্চলে বিদ্যুৎ ও ইন্টারনেটের অপ্রতুলতা, যন্ত্রপাতি রক্ষণাবেক্ষণের ব্যয়, দক্ষ জনবলের ঘাটতি এবং পূর্বাভাসের নির্ভুলতা নিশ্চিত করা বড় চ্যালেঞ্জ। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, সতর্কবার্তা তৈরি হওয়ার পর তা সময়মতো মানুষের কাছে পৌঁছানো এবং সে অনুযায়ী ব্যবস্থা নেওয়ার সুযোগ নিশ্চিত করা।
বিশেষ করে নারী, শিশু, বয়স্ক, প্রতিবন্ধী ব্যক্তি, জেলে ও প্রান্তিক জনগোষ্ঠীর প্রয়োজন বিবেচনায় রেখে সতর্কবার্তা প্রচার এবং আশ্রয়কেন্দ্রের ব্যবস্থা করতে হবে। শুধু প্রযুক্তি থাকলেই হবে না, দুর্যোগের সময় নিরাপদে সরে যাওয়ার মতো অবকাঠামো ও প্রস্তুতিও থাকতে হবে।
বিশেষজ্ঞদের মতে, বাংলাদেশের জন্য সবচেয়ে কার্যকর হবে স্থানীয় বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ প্রযুক্তি এবং প্রচলিত দুর্যোগ ব্যবস্থাপনার সমন্বয়। কোন এলাকায় কোন প্রযুক্তি বেশি উপযোগী, তা পরীক্ষামূলকভাবে যাচাই করে পর্যায়ক্রমে সম্প্রসারণ করা যেতে পারে। একই সঙ্গে আগাম সতর্কতা, আশ্রয়কেন্দ্র, যোগাযোগব্যবস্থা ও স্থানীয় মানুষের সচেতনতা বাড়ানোর উদ্যোগ নিতে হবে।
জলবায়ু পরিবর্তনের কারণে দুর্যোগের ঝুঁকি বাড়তে থাকলেও আধুনিক প্রযুক্তি ক্ষয়ক্ষতি কমানোর নতুন পথ দেখাচ্ছে। তবে এআইয়ের পূর্বাভাস কিংবা স্মার্ট সেন্সরের তথ্য তখনই কার্যকর হবে, যখন তা মানুষের কাছে সময়মতো পৌঁছাবে এবং সেই অনুযায়ী পদক্ষেপ নেওয়ার সক্ষমতা থাকবে। অর্থাৎ দুর্যোগ ঠেকানো না গেলেও প্রযুক্তি, পরিকল্পনা ও প্রস্তুতির সমন্বয়ে বিপর্যয়ের মাত্রা অনেকটাই কমিয়ে আনা সম্ভব।