শিল্পনগরী গাজীপুরকে নিরাপদ, অপরাধমুক্ত ও যানজটসহনীয় মহানগর হিসেবে গড়ে তুলতে সমন্বিত পরিকল্পনার কথা জানিয়েছেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) নবনিযুক্ত কমিশনার মোহাম্মদ আশিক সাইদ। মাদক, ছিনতাই, কিশোর গ্যাং ও অনলাইন জুয়ার বিরুদ্ধে জিএমপি ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করবে বলে জানিয়েছেন তিনি।
মঙ্গলবার (১০ নভেম্বর) দায়িত্ব গ্রহণের তৃতীয় দিনে জিএমপি কমিশনারের কার্যালয়ে স্থানীয় গণমাধ্যমকর্মীদের সঙ্গে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
সভায় সাংবাদিকদের সমাজের দর্পণ হিসেবে অভিহিত করে কমিশনার অবাধ তথ্য আদান-প্রদান ও পারস্পরিক সহযোগিতার ওপর গুরুত্বারোপ করেন।
মাদকের বিরুদ্ধে আপসহীন অবস্থান
মাদককে যুবসমাজ ধ্বংসের অন্যতম প্রধান কারণ উল্লেখ করে জিএমপি কমিশনার বলেন, ‘মাদকের সঙ্গে জড়িত ব্যক্তি যে দলেরই হোক বা যত প্রভাবশালীই হোক না কেন, কাউকে ছাড় দেওয়া হবে না।’
মাদক চক্রের শিকড় উপড়ে ফেলতে গণমাধ্যমকর্মীদের সুনির্দিষ্ট ও গোপন তথ্য দিয়ে পুলিশকে সহযোগিতা করার আহ্বান জানান তিনি।