বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি) আয়োজিত ৮ম বিকেএসপি কাপ আমন্ত্রণমূলক টেবিল টেনিস প্রতিযোগিতা-২০২৬ শুরু হয়েছে। উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে বিকেএসপির মাল্টি স্পোর্টস কমপ্লেক্সে প্রতিযোগিতার উদ্বোধন করা হয়।
বিকেএসপির মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ সাইফ উল্লাহ প্রতিযোগিতার উদ্বোধন করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিকেএসপির পরিচালক (প্রশিক্ষণ) কর্নেল মো. গোলাম মাবুদ হাসান এবং বাংলাদেশ টেবিল টেনিস ফেডারেশনের সাধারণ সম্পাদক মো. সাইদুল হক সাদী।
এবারের প্রতিযোগিতায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে মোট ১৮টি দল অংশ নিচ্ছে। টুর্নামেন্টে ৩৭ জন ছাত্রী ও ৭২ জন ছাত্রসহ মোট ১০৯ জন খেলোয়াড় অংশ নেবেন। তাঁদের মধ্যে বিকেএসপির ৩৭ জন খেলোয়াড় রয়েছেন—১৭ জন ছাত্রী ও ২০ জন ছাত্র।
প্রতিযোগিতাটি বিভিন্ন বয়সভিত্তিক ইভেন্টে অনুষ্ঠিত হবে। তরুণ খেলোয়াড়দের দক্ষতা বৃদ্ধি এবং দেশের টেবিল টেনিসের মানোন্নয়নে এ ধরনের প্রতিযোগিতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।