চাঁপাইনবাবগঞ্জে যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে গতকাল শনিবার সকাল সাড়ে ১০টায় কালেক্টরেট চত্বরে চাঁপাইনবাবগঞ্জ মঞ্চে আলোচনা সভা, পুরস্কার বিতরণী ও দেশাত্মবোধক গানের আসরের আয়োজন করা হয়।
জেলা প্রশাসন আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক আবু ছালেহ মো. মুসা জঙ্গী। এতে মুখ্য আলোচক হিসেবে বক্তব্য দেন চাঁপাইনবাবগঞ্জ সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ অধ্যাপক ড. বিপ্লব কুমার মজুমদার।
অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য দেন পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস, জেলা সিভিল সার্জন ডা. এ কে এম শাহাব উদ্দীন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. আতিকুল ইসলাম, জেলা বিএনপির আহ্বায়ক গোলাম জাকারিয়া ও সদস্যসচিব রফিকুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা মো. খাইরুল ইসলাম এবং জেলা জামায়াতের সেক্রেটারি আবু বকর প্রমুখ।
বক্তারা বলেন, ৭ নভেম্বর বাংলাদেশের জাতীয় ইতিহাসের একটি তাৎপর্যপূর্ণ দিন। ১৯৭৫ সালের এই দিনে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও জাতীয় স্বার্থ রক্ষার প্রত্যয়ে দেশপ্রেমিক সৈনিক ও সাধারণ মানুষ ঐক্যবদ্ধভাবে রাজপথে নেমে এসেছিলেন। তাঁদের সম্মিলিত প্রতিরোধের মধ্য দিয়ে ষড়যন্ত্র ও সংকট মোকাবিলার এক ঐতিহাসিক অধ্যায়ের সূচনা হয়েছিল।
নতুন প্রজন্মের কাছে সঠিক ইতিহাস ও দিবসটির তাৎপর্য তুলে ধরার ওপর গুরুত্বারোপ করেন বক্তারা। একই সঙ্গে নিরাপদ, শান্তিপূর্ণ ও সমৃদ্ধ বাংলাদেশ গঠনে পারস্পরিক সহযোগিতা ও সম্প্রীতি বজায় রাখার আহ্বান জানান তাঁরা।
আলোচনা সভা শেষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। পরে পরিবেশিত হয় দেশাত্মবোধক গান।