পটুয়াখালীর মহিপুরে দুটি অবৈধ আর্টিসানাল ট্রলিং বোট এবং ভোলার বোরহানউদ্দিনে তিনটি অবৈধ ড্রেজার ও একটি বাল্কহেড জব্দ করেছে কোস্ট গার্ড। পৃথক এসব অভিযানে তিন জেলেসহ ছয়জনকে আটক করা হয়েছে।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) সন্ধ্যায় কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।
তিনি বলেন, গত ৪ নভেম্বর রাত ১০টার দিকে পটুয়াখালীর মহিপুর থানার আলীপুর মাছঘাট সংলগ্ন এলাকায় কোস্ট গার্ড আউটপোস্ট নিজামপুর ও মৎস্য অধিদপ্তরের সমন্বয়ে যৌথ অভিযান পরিচালনা করা হয়। এ সময় ওই এলাকা থেকে দুটি অবৈধ আর্টিসানাল ট্রলিং বোট জব্দ করা হয়।
জব্দ করা বোট দুটিতে তল্লাশি চালিয়ে ১৯টি বেহুন্দি জাল, চারটি উইংস, চারটি ট্রলডোরসহ বিভিন্ন ট্রলিং সরঞ্জাম উদ্ধার করা হয়। এ ঘটনায় তিন জেলেকে আটক করা হয়েছে।
অন্যদিকে, ৫ নভেম্বর সকাল ৮টার দিকে ভোলার বোরহানউদ্দিন থানার হাঁসেরচর এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করে কোস্ট গার্ড বেইস ভোলা। এ সময় অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে তিনটি ড্রেজার ও একটি বাল্কহেড জব্দ করা হয়। পাশাপাশি তিনজন বালু উত্তোলনকারীকে আটক করা হয়।
কোস্ট গার্ড জানায়, জব্দ করা ট্রলিং বোট, সরঞ্জাম, ড্রেজার ও বাল্কহেড এবং আটক ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন আরও বলেন, সামুদ্রিক মৎস্যসম্পদ সংরক্ষণ এবং নদীতীরবর্তী জনগণের ফসলি জমি ও বসতভিটা রক্ষায় কোস্ট গার্ডের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।