গ্রাম পুলিশকে প্রাতিষ্ঠানিক পুলিশের স্বীকৃতি দেওয়ার আশ্বাস দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, গ্রাম পুলিশ সদস্যদের অবদান ও দায়িত্বের যথাযথ মূল্যায়ন করবে সরকার। তাঁদের জীবনমান উন্নয়নেও নেওয়া হবে প্রয়োজনীয় পদক্ষেপ।
শনিবার (৭ নভেম্বর) রাজধানীর জাতীয় প্যারেড গ্রাউন্ডে আয়োজিত গ্রাম পুলিশ মহাসমাবেশে বক্তব্য দিতে গিয়ে এসব কথা বলেন তিনি।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান শ্রমজীবী ও সাধারণ মানুষের জীবনমান উন্নয়নকে সর্বোচ্চ গুরুত্ব দেন। গ্রাম পুলিশ সদস্যদের উদ্দেশে তিনি বলেন, ‘আপনারা গ্রাম পুলিশ, কিন্তু প্রাতিষ্ঠানিক পুলিশের স্বীকৃতি পেয়ে যাবেন ইনশাআল্লাহ।’
গ্রাম পুলিশের দীর্ঘ ঐতিহাসিক ভূমিকার কথা উল্লেখ করে সালাহউদ্দিন আহমদ বলেন, প্রাচীন বাংলার ইতিহাস ও ঐতিহ্যের সঙ্গে এ বাহিনী জড়িয়ে আছে। হাজার বছর আগে তাদের যাত্রা শুরু হয়। মোগল আমলে তারা একটি পরিচিতি পান। পরে রাষ্ট্রপতি জিয়াউর রহমান তাদের ‘গ্রাম পুলিশ’ নামে অভিহিত করেন এবং আইনি স্বীকৃতি দেন। সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াও তাঁদের জীবনমান উন্নয়নে বোনাসসহ বিভিন্ন উদ্যোগ নিয়েছিলেন।
৭ নভেম্বরের তাৎপর্য তুলে ধরে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ১৯৭৫ সালের এই দিনে সিপাহি ও জনতার মধ্যে ঐক্য প্রতিষ্ঠিত হয়েছিল। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নেতৃত্বে দেশের অবরুদ্ধ স্বাধীনতা রক্ষা করা হয়েছিল। দীর্ঘ সময় ধরে দিনটি পালন করা হয়নি বলেও মন্তব্য করেন তিনি।
দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে দৃঢ় অবস্থানের কথা জানিয়ে সালাহউদ্দিন আহমদ বলেন, ‘এই দেশের মানুষ কোনোদিন কোনো তাঁবেদারি শাসন মেনে নেবে না। কোনোদিন অবরুদ্ধ স্বাধীনতা থাকতে দেবে না। আমরা কোনোদিন পরাধীন হবো না।’
গ্রাম পুলিশ সদস্যদের দায়িত্ব পালনে আরও সক্রিয় হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, গ্রামের মানুষের সঙ্গে প্রশাসনের যোগাযোগের গুরুত্বপূর্ণ মাধ্যম হিসেবে কাজ করেন তাঁরা। গ্রামীণ এলাকায় শান্তিশৃঙ্খলা বজায় রাখা, পাহারা দেওয়া এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করায় তাঁদের ভূমিকা গুরুত্বপূর্ণ।
মন্ত্রী বলেন, গ্রামকে মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজিমুক্ত করতে হবে। বিগত ১৭ বছরে তৈরি হওয়া অন্যায় ও অনিয়মের অবসান ঘটানোর কথাও উল্লেখ করেন তিনি। এ কাজে গ্রাম পুলিশ সদস্যদের প্রাথমিক দায়িত্ব পালনের আহ্বান জানান।
গ্রাম পুলিশের বিভিন্ন দাবির বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সরকার এসব দাবি পূরণের বিষয়ে আশাবাদী। দেশের অর্থনীতি আরও সমৃদ্ধ ও শক্তিশালী হলে তাঁদের বেতন-ভাতা বাড়ানোসহ জীবনমান উন্নয়নে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে। এ ক্ষেত্রে গ্রাম পুলিশ সদস্যদের সরকারের কাজে সহযোগিতা অব্যাহত রাখার আহ্বান জানান তিনি।