সৌদি আরবের জেদ্দায় সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ সাত বাংলাদেশি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১৫ জন। নিহত ও আহত ব্যক্তিরা সবাই বাংলাদেশি বলে প্রাথমিকভাবে জানা গেছে।
শনিবার (৭ নভেম্বর) ভোররাতে মদিনা থেকে জেদ্দা যাওয়ার পথে মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। বাংলাদেশিদের বহনকারী একটি বাসকে পেছন থেকে ট্রাক ধাক্কা দিলে এ হতাহতের ঘটনা ঘটে বলে প্রাথমিক তথ্যে জানা গেছে।
জেদ্দায় অবস্থিত বাংলাদেশ কনস্যুলেট জেনারেলের কর্মকর্তারা জানান, নিহত ব্যক্তিরা একটি গাড়িতে করে মদিনা থেকে জেদ্দার দিকে যাচ্ছিলেন। পথে দুর্ঘটনার শিকার হন তাঁরা।
নিহত সাতজন সৌদি আরবের আল আবীর কোল্ড স্টোর ট্রেডিং কোম্পানির সঙ্গে সংশ্লিষ্ট ছিলেন। তাঁদের সবার বাড়ি কক্সবাজারের চকরিয়া উপজেলায়। নিহত ব্যক্তিরা একাধিক পরিবারের সদস্য। তাঁদের মধ্যে নারী ও শিশুও রয়েছে।
কনস্যুলেট সূত্রে জানা গেছে, দুর্ঘটনায় হতাহত ব্যক্তিদের বিষয়ে বিস্তারিত তথ্য জানতে স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। এ বিষয়ে সৌদি কর্তৃপক্ষের কাছে আনুষ্ঠানিকভাবে তথ্য চাওয়া হয়েছে।
নিহত সাতজনের মরদেহ স্থানীয় একটি হাসপাতালের মর্গে রাখা হয়েছে। আহত ১৫ জনকে একই হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে।